‘জমি মাদ্রাসা-গোরস্তানকে দেব তবু মুক্তিযোদ্ধাকে দেব না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর শহরের ৩ নম্বর ওয়ার্ডের তাঁতীপাড়া মহিলা দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ মুক্তিযোদ্ধা শওকত হোসেনকে (৫৮) সাত দিনের মধ্যে তাঁর বাড়ি ছেড়ে দেওয়ার সময় বেঁধে দিয়েছে। অথচ তিনি ৩৫ বছর ধরে ভূমিহীন হিসেবে খাসজমিতে ছাপরা তুলে পরিবার নিয়ে বসবাস করছেন। শওকত হোসেন জানান, মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেলাল উদ্দিন মহিলা মাদ্রাসার সভাপতি হওয়ায় প্রশাসন এ জমি মাদ্রাসাকে দিতে চায়। এর সুবিচার চেয়ে ১২ মার্চ তিনি তাঁর স্ত্রী ও তিন কন্যা নিয়ে এডিসির কাছে যান। এ সময় এডিসি তাঁদের বলেন, ‘মুক্তিযোদ্ধা-ফুক্তিযোদ্ধা বুঝি না। যুদ্ধ করে দেশ স্বাধীন করলেই সরকারি জমি দখল করা যায় না। সরকারি জায়গা মাদ্রাসা, গোরস্তান বা শ্মশানকে দেব। তবু মুক্তিযোদ্ধাকে দেব না।’ এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক হেলাল উদ্দিন বলেন, ‘শওকত প্রকৃত মুক্তিযোদ্ধা কি না, তা জানি না। তবে তাঁর কাছে অসম্মানজনক কোনো মন্তব্য করা হয়নি।’জেলা মুক্তিযোদ্ধা অফিস সূত্রে জানা যায়, তাঁতীপাড়ায় শওকতের পাকা দালান ছিল। একাত্তরে যুদ্ধে গেলে এক ব্যক্তি জাল দলিল করে তাঁর বাড়িটি দখল করে নেন। পরে মেহেরপুর শহরের ৩ নম্বর ওয়ার্ড তাঁতীপাড়ার সরকারি এ ডোবা জায়গায় ছাপরা করে আশ্রয় নেন শওকত। ১৯৯৫ সালে তাঁর বাড়ির পাশেই গড়ে ওঠে এ মাদ্রাসা। ২০০২ সালে মাদ্রাসাটি এমপিওভুক্ত হয়। মুক্তিযুদ্ধে শওকত সেনাবাহিনীর সঙ্গে ময়মনসিংহ ও জামালপুরে গিয়ে পাকিস্তানি বাহিনীর সঙ্গে একাধিকবার সম্মুখযুদ্ধে অংশ নেন। তখন পাকিস্তানি বাহিনীর ওপর গ্রেনেড ও বোমা ছুড়তে গিয়ে বোমার বিকট শব্দে তিনি শ্রবণশক্তি হারিয়ে ফেলেন। তিনি মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে প্রতি মাসে দুই হাজার টাকা সরকারি ভাতা পান। মাদ্রাসার সুপার রুহুল আমিন ১২ মার্চ মুক্তিযোদ্ধা শওকত হোসেনকে সাত দিনের মধ্যে বাড়ি ছাড়ার সময় দিয়েছেন। এ ব্যাপারে রুহুল আমিন বলেন, ‘শহরের চাঁদপুর ৫০ নম্বর মৌজার আরএস খতিয়ান নম্বর-১, দাগ নম্বর-৫৩২১ জমিতে মুক্তিযোদ্ধা শওকতের জায়গাটুকু আমাদের। এত দিন আমরা কিছু বলিনি। এখন জমি দরকার। এ জন্য তাঁকে সাত দিন সময় বেঁধে দেওয়া হয়েছে।’১৪ মার্চ সরেজমিনে দেখা যায়, মাদ্রাসার পেছনে একটি ডোবার পাশে শওকতের বাস। ওপরে টিনের ছাউনি ছাড়া চারপাশে কিছুই নেই। আসবাবপত্র বলতেও কিছু নেই। একটি এনজিও থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়ে বাড়ি সংস্কারের কাজে হাত দেন। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ বাড়ি সংস্কার করতে না দেওয়ায় এখন তিনি সপরিবারে খোলা আকাশের নিচে বাস করছেন। শওকতের স্ত্রী আনোয়ারা খাতুন বলেন, ‘অত্যাচারের বিচার চেয়ে বহুবার এডিসি স্যারের কাছে গেছি। প্রতিবারই মাদ্রাসার পক্ষ নিয়ে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন।’ মেয়ে মুক্তা খাতুন (২৬), রিক্তা খাতুন (২৩) ও সাবরিনা আক্তার জানান, তাঁদের আহাজারি দেখে এডিসি প্রতিবারই হেসেছেন। প্রতিবেশী শহীদুল ইসলাম ও আসমা খাতুন জানান, মাদ্রাসার ভেতরে নির্মিত মসজিদের জায়গাটি মাদ্রাসার। এখন মসজিদ উচ্ছেদ করা সম্ভব না বলে মাদ্রাসা মুক্তিযোদ্ধার এ জমিটি নিজেদের দাবি করে তাঁদের উচ্ছেদ করতে চাইছে। মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম বলেন, ‘শওকত শ্রবণপ্রতিবন্ধী মুক্তিযোদ্ধা। তিনি সরকারি ভাতা পান। ৩৫ বছর ধরে তিনি তাঁতীপাড়া মহিলা দাখিল মাদ্রাসার পাশের নিচু জমি ভরাট করে বসবাস করছেন। মাদ্রাসা কর্তৃপক্ষ মসজিদের জায়গা দখলে না নিয়ে মুক্তিযোদ্ধার বাড়ি উচ্ছেদ করে জমি দখল করতে চায়। সরকারি জমি যদি দিতে হয়, মুক্তিযোদ্ধাকেই দিতে হবে।’মাদ্রাসার সভাপতি মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হেলাল উদ্দিন বলেন, ‘জমি মাদ্রাসার নয়, সরকারি। কোনো বন্দোবস্ত ছাড়াই মুক্তিযোদ্ধা শওকত ৩৫ বছর জমিতে বাস করছেন। এখন সভাপতি হিসেবে আমি সরকারি এ জমি মাদ্রাসাকে দিতে চাই। এ নিয়ে শওকত ও তাঁর পরিবার একাধিকবার আমার কার্যালয়ে এলেও তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করিনি। শওকত সরকারি জমিতে পাকা দালান করছেন—মাদ্রাসা কর্তৃপক্ষের এমন অভিযোগ পেয়ে আমি পুলিশ দিয়ে বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দিয়েছি। আমি মুক্তিযোদ্ধা সম্পর্কে কোনো অসম্মানজনক উক্তি করিনি।’