‘জলসা’য় বচ্চন-পরিবারের নতুন সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শত রাখঢাকের মধ্যেও গুঞ্জন শোনা গেছে, সদ্য মা হওয়া বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনের মেয়ে ঠিক তাঁর মতোই হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় এ খবরের সত্যতা সম্পর্কে নিশ্চিত করেছেন ‘বেটি বি’র দাদা ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। তিনি সাংবাদিকদের বলেছেন, মেয়েটি মায়ের মতোই হয়েছে। শিগগিরই তার নাম রাখা হবে। নাম শুরু হবে ‘এ’ দিয়ে। বলিউডের বিখ্যাত বচ্চন পরিবারে নতুন সদস্য আগমনের পর সাংবাদিকদের সঙ্গে তাঁদের এটাই প্রথম আলাপ।গত ১৪ নভেম্বর মুম্বাইয়ের সেভেন হিলস হাসপাতালে ভর্তি হন ঐশ্বরিয়া। এর দুই দিন পর বচ্চন পরিবারের নবম সদস্য আসে তাঁর কোলে। অমিতাভ সাংবাদিকদের জানান, অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিকভাবে সন্তান প্রসব করেছেন ঐশ্বরিয়া। এই ঘণ্টা তিনেকের কঠিন ধকল সয়ে নিতে প্রস্তুত ছিলেন তিনি। মঙ্গলবার মা ও মেয়েকে বাড়ি নিয়ে আসা হয়। উভয়েই ভালো আছে। ‘জলসা’র সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের অমিতাভ বলেন, ‘আমরা হাসপাতাল থেকে বেরিয়ে আমাদের প্রথম বাড়ি প্রতীক্ষায় যাই। সেখান থেকে প্রয়াত বাবা-মায়ের আশীর্বাদ নিয়ে দ্বিতীয় বাড়ি জলসায় ফিরি। লক্ষ্মী এসেছে আমাদের বাড়িতে। এ জন্য আমরা খুশি।’নাতনি কার মতো হয়েছে—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে অমিতাভ বলেন, ‘আমি তো মনে করি ওর নাক, মুখ, চোখ সব মায়ের মতোই হয়েছে। তবে পরিবারের কয়েকজন মনে করছে, বাবা অভিষেকের সঙ্গেও কিছু মিল রয়েছে ওর।’এ সময় অমিতাভের সঙ্গে অভিষেকও ছিলেন। তিনি বলেন, ‘বাবু খুব সুন্দর আর সুবোধ। ও বেশি কাঁদে না। আমাদের তেমন বিরক্ত করে না।’ বাবুর নাম রাখা নিয়ে জাঁকালো অনুষ্ঠান করার কোনো পরিকল্পনা নেই বচ্চন-পরিবারের। অভিষেক ও ঐশ্বরিয়া দুজনই চান, মেয়ের নামের ইংরেজি আদ্যক্ষর হবে ‘এ’। নাম রাখা হলে টুইটারের মাধ্যমে সবাইকে জানানো হবে। বেটি বির জন্য জলসায় একটি বিশেষ ঘর সাজানো হয়েছে। ঘরটির নাম দেওয়া হয়েছে ‘পিংক রুম’। ঘরটি নানা রকম খেলনা ও সুরেলা যন্ত্রে ভরপুর। ঘরের বিশেষ দিকটি হচ্ছে, এর সবকিছুই গোলাপি রঙের। পিটিআই, টিএনএন, এনডিটিভি।