‘জাতীয় দলে খেলাটাই চ্যালেঞ্জ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো খেলছেন। তবু তাঁর নিজেরও আশা ছিল না অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেই ডাক পেয়ে যাবেন জাতীয় দলে। তবে ডাকটা যখন পেয়েই গেছেন, সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে চান জাতীয় দলে আসা নতুন মিডল-অর্ডার ব্যাটসম্যান শুভাগত হোম প্রথম যখন শুনলেন জাতীয় দলে ডাক পেয়েছেন, কেমন লেগেছিল?শুভাগত হোম: প্রথম তো বিশ্বাসই হচ্ছিল না! আশা করিনি এই সিরিজেই ডাক পাব। হঠাৎ করেই আমার এক মামা জানালেন আমি অস্ট্রেলিয়া সিরিজের জাতীয় দলে ডাক পেয়েছি। খবরটা শুনে খুবই খুশি হয়েছি। এই কদিন তো জাতীয় দলের সঙ্গে অনুশীলনও করলেন। অভিজ্ঞতা কেমন?শুভাগত: এখানে সবকিছুই নতুন...ভালো লাগছে। আগে এক পরিবেশে ছিলাম, এখন আরেক পরিবেশে। একদমই ভিন্ন। নতুন কোচ, নতুন সতীর্থ। প্রথম দিন দলের সবাই আমাকে অভিনন্দন জানাল। আন্তর্জাতিক ক্যারিয়ারের অভিষেক সিরিজটাই অস্ট্রেলিয়ার বিপক্ষে। হয়তো অভিষেক ম্যাচও খেলে ফেলবেন...একটু কি কঠিন হবে চ্যালেঞ্জটা?শুভাগত: সে রকম কিছু না। তবে হ্যাঁ, জাতীয় দলে খেলাটাই চ্যালেঞ্জ। এই পর্যন্ত যখন আসতে পারছি বাকিটাও আশা করি পারব। যদি খেলার সুযোগ পাই, ভালো কিছু করার চেষ্টা করব। যেন দলে জায়গা করে নিতে পারি। এর আগে ঘরোয়া ক্রিকেটে বা ‘এ’ দল, একাডেমি দলের হয়ে ভালো খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটেও সে রকম পারফরম্যান্স করার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী?শুভাগত: এই কয় বছর ওসব পর্যায়ে যেভাবে খেলে এসেছি সেভাবেই খেলার চেষ্টা করব...যাতে রান করতে পারি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে আরও বেশি আত্মবিশ্বাস, আরও বেশি মনোযোগ দিয়ে খেলতে হবে। ক্রিকেটে আসলেন কীভাবে? পরিবারের কেউ কি ক্রিকেট খেলতেন?শুভাগত: না, পরিবারের কেউ ক্রিকেটে নেই। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি আমার আগ্রহ। ক্লাস থ্রি-ফোরে পড়ার সময় টেপ টেনিস, টেনিস বলে প্রচুর ক্রিকেট খেলতাম। খেলা দেখতাম। এরপর একসময় ময়মনসিংহের নাম করা ক্লাব কাউন্টিতে খেলার সুযোগ পাই। ওই ক্লাবের অনেকেই জাতীয় দলে খেলেছেন। ময়মনসিংহের সাইফুল ভাই, সুমিত ভাই একসময় জাতীয় দলে খেলেছেন। তাদের দেখেই উৎসাহ পাই। ঢাকার ক্রিকেটে কবে আসলেন?শুভাগত: ঢাকায় খেলছি ২০০৫ সাল থেকে। সিসিএসের হয়ে দ্বিতীয় বিভাগ ক্রিকেট দিয়ে শুরু। সর্বশেষ প্রিমিয়ার লিগেও সিসিএসে খেলেছি (১৬ ম্যাচে ৪৭৬ রান, গড় ৩১.৭৩)। গত বছর থেকে ঢাকা দলের হয়ে জাতীয় লিগেও খেলছি। নিউজিল্যান্ডের বিপক্ষে গত হোম সিরিজে স্ট্যান্ডবাই ছিলেন। জাতীয় দলে খেলার স্বপ্নটা নিশ্চয়ই বেড়ে গিয়েছিল তখন...শুভাগত: জাতীয় দলে খেলার স্বপ্ন তো সব সময়ই থাকে। নিউজিল্যান্ড সিরিজে স্ট্যান্ডবাই থাকার আগে আমি একাডেমির হয়ে প্রথম খেলি শ্রীলঙ্কা একাডেমির বিপক্ষে। এরপর একাডেমি দলের হয়ে দক্ষিণ আফ্রিকা যাই, দক্ষিণ আফ্রিকা এখানে আসলে সেই সিরিজটাও খেলি। ‘এ’ দলের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে একটা প্র্যাকটিস ম্যাচও খেলেছি। ক্রিকেট খেলার বাইরে আর কী করেন?শুভাগত: আমি ময়মনসিংহ পলিটেকনিক থেকে ২০০৫ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছি। তবে ওই পেশায় কিছু করছি না। এখন খেলাধুলাই সব। আন্তর্জাতিক ক্রিকেটে বা দেশের ক্রিকেটেও কার খেলা ভালো লাগে?শুভাগত: আন্তর্জাতিক ক্রিকেটে রাহুল দ্রাবিড়, মোহাম্মদ ইউসুফ, শচীন টেন্ডুলকার। বাংলাদেশে অলক কাপালি।