‘জাতীয়’ নামে চলছে বেসরকারি যুব প্রশিক্ষণ ব্যবসা
রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ের কাছেই শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে একটি ভবনে ঝোলানো রয়েছে বেশ বড় একটি সাইনবোর্ড। তাতে লেখা, ‘জাতীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ একাডেমী (নিডা)’।যুব উন্নয়ন অধিদপ্তরের অধীন কোনো প্রতিষ্ঠান ভেবে সেখানে গিয়ে জানা গেল, এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান। এর কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে প্রতিষ্ঠানটির এক কর্মী এই প্রতিবেদককে বলেন, তাঁরা নির্দিষ্ট ফির বিনিময়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকেন। ওই কর্মী স্বীকার করেন, তাঁদের এই প্রতিষ্ঠানের সঙ্গে যুব উন্নয়ন অধিদপ্তরের কোনো সম্পর্ক নেই।সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার কারণে চাকরিতে ক্ষতি হতে পারে—এই আশঙ্কায় পত্রিকায় তাঁর নাম উল্লেখ না করার অনুরোধ করেন ওই কর্মী।প্রতিষ্ঠানের নামের শুরুতে ‘জাতীয়’ শব্দ ব্যবহার করায় সরকারি প্রতিষ্ঠান ভেবে অনেক মানুষ বিভ্রান্ত হচ্ছে। এই অভিযোগের ব্যাপারে জানতে চাইলে প্রতিষ্ঠানটির পরিচালক মো. আছাদুজ্জামান প্রথম আলোকে বলেন, তাঁরা কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়েই এই প্রতিষ্ঠান চালাচ্ছেন। তাঁর দাবি, তাঁদের প্রশিক্ষণ কোর্সগুলোও কারিগরি বোর্ডের অনুমোদিত।একই রকম আরেক প্রতিষ্ঠানের সাইনবোর্ড ঝোলানো রয়েছে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের কাছেই জামাল ম্যানশনে। সাইনবোর্ডে লেখা, ‘জাতীয় যুব প্রশিক্ষণ একাডেমী (নিটা)’। একই এলাকায় সুমন প্লাজায় আছে আরেকটি প্রতিষ্ঠান ‘জাতীয় যুব প্রশিক্ষণ একাডেমী (নিডা)’। ধানমন্ডি ও শ্যামলী বাসস্ট্যান্ডের কাছেও নিডার শাখা রয়েছে।প্রতিষ্ঠান দুটির কর্মীরাও দাবি করেন, কারিগরি শিক্ষা বোর্ড থেকে তাঁরা অনুমোদন নিয়ে ব্যবসা করছেন।ফার্মগেট, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী এলাকায়ও এমন প্রতিষ্ঠান দেখা গেছে।শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন এলাকায় এ রকম সাইনবোর্ড ঝুলিয়ে অসংখ্যা প্রতিষ্ঠান প্রশিক্ষণ দেওয়ার নামে ব্যবসা করছে।কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘আমাদের বোর্ডের নাম ব্যবহার করে অনেকে মানুষের সঙ্গে প্রতারণা করছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা প্রশাসনের সহায়তায় ব্যবস্থা নিতে পারি।’ তিনি বলেন, কারিগরি বোর্ড এখন আর এ ধরনের নামের কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে অনুমোদন দিচ্ছে না।কারিগরি শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট শাখা থেকে জানানো হয়, বোর্ড কারিগরি বিভিন্ন সংক্ষিপ্ত প্রশিক্ষণ কোর্স পরিচালনার জন্য সারা দেশে এ পর্যন্ত প্রায় ৮০০ প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে।বোর্ডের কর্মকর্তারা স্বীকার করেছেন, এর বাইরে এমন আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু সেগুলোর কোনো হিসাব নেই।কারিগরি বোর্ড জানায়, বোর্ডের অনুমোদিত প্রতিষ্ঠানকে সাধারণত দুটি বিষয়ে প্রশিক্ষণের অনুমোদন দেওয়া হয়। তবে ভালো প্রতিষ্ঠান হলে আরও বেশি বিষয়ে প্রশিক্ষণের অনুমোদন দেওয়া হয়।কিন্তু রাজধানীতে এ ধরনের কয়েকটি প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, গাড়ি চালনা, শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র, ফ্রিজ ও মোবাইল ফোনসেট মেরামত, সেলাই এবং কম্পিউটারসংক্রান্ত বিভিন্ন কোর্সসহ ১০টি থেকে ২২টি পর্যন্ত বিষয়ে প্রশিক্ষণ কোর্সের কথা এসব প্রতিষ্ঠানের প্রচারপত্র ও সাইনবোর্ডে লেখা রয়েছে। এ জন্য নিম্নে ৫০০ টাকা থেকে ওপরে ১১ হাজার টাকা পর্যন্ত ফি নেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানের নামের শুরুতে ‘জাতীয়’ এবং শেষে ‘প্রশিক্ষণ একাডেমী’ বা ‘প্রশিক্ষণ কেন্দ্র’ শব্দ থাকায় সরকারি প্রতিষ্ঠান মনে করে এখানে ভর্তি হয়েছেন বলে অনেক প্রশিক্ষণার্থী বলেছেন।যুব মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি পর্যায়ে পরিচালিত যুব প্রশিক্ষণ কার্যক্রমের ক্ষেত্রে জাতীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র বা একাডেমি শব্দ ব্যবহার করা যাবে না।অভিযোগ আছে, অনেকে কারিগরি বোর্ডের অনুমোদন না নিয়েও বোর্ডের নাম ব্যবহার এবং নানা প্রশিক্ষণ কোর্সের নামে রমরমা ব্যবসা করছে। কিন্তু অনেক ক্ষেত্রে প্রশিক্ষণার্থীরা প্রতারিত হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও এমন অনেক অভিযোগ পেয়েছে। মন্ত্রণালয়ের সচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে এ কথা বলেছেন। তিনি বলেন, তাই ‘জাতীয়’ শব্দ ব্যবহার করে এ ধরনের নামযুক্ত প্রতিষ্ঠানের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাঁরা শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আরও কয়েকজন কর্মকর্তা বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জাতীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ একাডেমি, জাতীয় যুব প্রশিক্ষণ একাডেমি, জাতীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র ও জাতীয় যুব প্রশিক্ষণ কেন্দ্র নাম দিয়ে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান সংবাদপত্রে বিজ্ঞাপন ও দেয়ালে পোস্টার সাঁটাচ্ছে। তারা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ সিলেবাস দেখিয়ে প্রশিক্ষণার্থী ভর্তি করালেও মানসম্মত প্রশিক্ষণ দিচ্ছে না। এসব নজরদারিরও কোনো ব্যবস্থা নেই। কর্মকর্তারা জানান, এ কারণে ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে এক আন্তমন্ত্রণালয় সভায় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারিগরি শিক্ষা বোর্ডকে বলা হয়। কারিগরি শিক্ষা বোর্ড যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, তাই এ ব্যাপারে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়কেও একাধিকবার চিঠি দেওয়া হয়।জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, এ বিষয়ে জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।