‘জাদু’তে কোনালের কণ্ঠে জোয়ান বায়েজ
জোয়ান বায়েজের ‘বাংলাদেশ’ শিরোনামের গানটি নতুনভাবে গাইলেন চ্যানেল আই সেরাকণ্ঠ খ্যাত গায়িকা সোমনুর মনির কোনাল। গানটি কোনালের জাদু অ্যালবামে থাকবে। বায়েজের গানের মূল সুর থেকে শুরু করে সবকিছু ঠিক রেখে নতুনভাবে সংগীতায়োজন করেছেন পৃথ্বিরাজ। এ প্রসঙ্গে কোনাল বলেন, ‘বাংলাদেশ, বাঙালি জাতি এবং বাংলাদেশের স্বাধীনতা—এইসব বিষয়ের কথা চিন্তা করেই গানটি করেছি। গানটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সবাইকে উত্সর্গ করেছি।’প্রথম দিকে অ্যালবামটি নিজের নামেই প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন চ্যানেল আই কোনাল। কিন্তু পরে অ্যালবামের নাম পরিবর্তন করে রাখা হয় ‘জাদু’। কথা ছিল কোনালের প্রথম অ্যালবাম জাদু আসবে এবারের ভালোবাসা দিবসে। কিন্তু অ্যালবামটি বাজারে আসবে আগামী পয়লা বৈশাখে। জোয়ান বায়েজের ‘বাংলাদেশ’সহ অ্যালবামে গান থাকছে মোট আটটি। থাকছে একটি দ্বৈত গানও। এ গানে কোনালের সঙ্গে কণ্ঠ দিয়েছেন পৃথ্বিরাজ। অ্যালবামটির গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার, ফুয়াদ, ইবরার টিপু, পৃথ্বিরাজ ও হূদয় খান। গানের কথা লিখেছেন শফিক তুহিন, মিলন মাহমুদ, শাহান কবন্ধ, রিজভী ও পৃথ্বিরাজ।অ্যালবাম প্রসঙ্গে কোনাল বলেন, ‘এটা ঠিক যে প্রথম দিকে অ্যালবামটি ভালোবাসা দিবসে প্রকাশ করার ইচ্ছে ছিল। সে অনুযায়ী প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে আমি অ্যালবামটি সঠিক সময়ে বুঝিয়েও দিয়েছিলাম। এরপর বাবার অসুস্থতার কারণে দেশের বাইরে চলে যাই আমি। দেশে ফিরে এসে এখন শুনছি তারা অ্যালবামটি পয়লা বৈশাখে প্রকাশ করবে। এটা আসলে একান্ত তাদেরই ব্যাপার।’কোনাল আরও বলেন, ‘এটা আমার প্রথম একক অ্যালবাম। তাই একে ঘিরে স্বপ্নও অনেক। এই অ্যালবামে বেশ কয়েকজন সুরকার ও সংগীত পরিচালকের সঙ্গে কাজ করেছি। উদ্দেশ্য ছিল গানগুলোতে বৈচিত্র্য আনা।’কোনাল ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০০৯’ প্রতিযোগিতায় প্রথম হন। জানা গেছে, জাদু অ্যালবামের ‘ছায়ার মাঝে’ গানটি নিয়ে তৈরি একটি মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে। কোনালের জাদু অ্যালবামটি বাজারে আনবে ডেডলাইন মিউজিক।