আয়ারল্যান্ডের হয়ে খেলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ তাই তেমন পান না। তার পরও আক্রমণাত্মক ব্যাটিং, কার্যকর বোলিং আর ফিল্ডিং দিয়ে আলাদা করে চিনিয়েছেন নিজেকে। সিলেট রয়্যালসের হয়ে বিপিএল খেলতে আসা আইরিশ ক্রিকেটার পল স্টার্লিংয়ের সঙ্গে কথা হলো টিম হোটেলে এই প্রথম এমন টি-টোয়েন্টি লিগে খেলছেন। অভিজ্ঞতা কেমন?পল স্টার্লিং: দল ভালো করছে। নিজের পারফরম্যান্সও খুব খারাপ নয়। সব মিলিয়ে এখন পর্যন্ত অভিজ্ঞতা দারুণ। টি-টোয়েন্টি এমনিতেই আমার সবচেয়ে পছন্দের সংস্করণ। ব্যাটিংয়ের ধরনটা টি-টোয়েন্টির সঙ্গেই সবচেয়ে বেশি মানিয়ে যায়। নিলামে দল পাওয়ার খবর জেনে কেমন লেগেছিল?স্টার্লিং: এই প্রথম কোনো নিলামে নিজের নাম তুলেছিলাম। কিছুটা টেনশন ও উত্তেজনা নিয়ে অপেক্ষা করছিলাম। দল পেয়েছি জানার পর খুব ভালো লাগছিল। এখন এখানে এসে খেলছি, পারফর্ম করছি, নতুন অনেকের সঙ্গে মিশছি, অনেক কিছু শিখছি। সব মিলিয়ে খুব ভালো লাগছে। বহুজাতিক ড্রেসিংরুমে থাকার অভিজ্ঞতাটা কেমন?স্টার্লিং: এ অভিজ্ঞতাও আমার প্রথম। শুরুতে সবাই খানিকটা আড়ষ্ট থাকলেও এখন সহজ হতে শুরু করেছে। নতুন নতুন বন্ধু হচ্ছে। আমাদের টিম স্পিরিট দারুণ। আশা করি, এভাবেই চলতে থাকবে। ২০ বছর বয়সেই তিনটি ওয়ানডে সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান আপনি! এই বিশ্ব রেকর্ডের কথা কি জানেন?স্টার্লিং: তাই নাকি? জানতাম না তো, আমি নিজেই অবাক! জানানোর জন্য ধন্যবাদ। ক্যারিয়ারের শুরুটা ভালোই হয়েছে। আশা করি, এটা ধরে রাখতে পারব। আইরিশ ক্রিকেটাররা ভালো করলেই তো ইংল্যান্ডের ডাক এসে যায়। আয়ারল্যান্ড ক্রিকেটের জন্য এটা নিশ্চয়ই বড় এক সমস্যা?স্ট্যার্লিং: সব দেশই চায় নিজেদের সেরা ক্রিকেটারকে ধরে রাখতে। কিন্তু...এউইন মরগান, এড জয়েসরা যখন গেল, আটকানো খুব মুশকিল ছিল। ইংল্যান্ডের হয়ে সুযোগ পেলে বিপক্ষে খুব বেশি যুক্তি থাকে না। তবে আয়ারল্যান্ডের ক্রিকেট গত কয়েক বছরে বেশ এগিয়েছে। আইসিসি থেকে অনেক টাকাও পাওয়া যাচ্ছে এখন। আশা করি, এখন পরিস্থিতি কিছুটা বদলাবে। মিডলসেক্সের হয়ে খেলছেন। ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলার স্বপ্ন দেখেন নাকি অপেক্ষা করতে চান আয়ারল্যান্ডের টেস্ট স্ট্যাটাস পর্যন্ত?স্টার্লিং: টেস্ট খেলার স্বপ্ন তো দেখিই। তবে এ মুহূর্তে অত দূর ভাবছি না। আগে মিডলসেক্সের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে (প্রথম শ্রেণীর ক্রিকেট) খেলতে চাই। ক্রিকেট আয়ারল্যান্ড অবশ্য টেস্ট স্ট্যাটাস অর্জনে ২০২০ সালকে টার্গেট করেছে। এখনো আমার বয়স কম (২২ বছর), সামনে সব দুয়ারই খোলা। টি-টোয়েন্টি লিগগুলো যেভাবে বিকশিত হচ্ছে, এসব এখন ক্রিকেটে বড় আকর্ষণ। এমনও হতে পারে, টি-টোয়েন্টির প্রতিই বেশি জোর দেব। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোয় খেলব এবং বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হব! আপনাদের সাবেক অধিনায়ক ট্রেন্ট জনস্টনের মতে আয়ারল্যান্ড এখনো টেস্টের জন্য প্রস্তুত নয়। আপনার কী ধারণা?স্টার্লিং: প্রথম কথা, টেস্ট ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা করার মতো ক্রিকেটার আমাদের আছে। বিশেষ করে আমরা জিম্বাবুয়ে, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেললে দারুণ লড়াই হবে। এমনকি ওদের হারিয়েও দিতে পারি। অনেক মানসম্পন্ন ক্রিকেটার আছে আমাদের, আছে গভীরতাও। আর অবকাঠামো ও অন্যান্য দিক দেখার ব্যাপারটা তো বোর্ডের। আপনি দুই স্তরের টেস্ট ক্রিকেটের প্রস্তাব সমর্থন করেন?স্টার্লিং: অবশ্যই! যে চারটি টেস্ট খেলুড়ে দেশের কথা বললাম, ওদের সঙ্গে নিয়মিত খেললে আমাদের মান আরও ভালো হবে। বড় দলগুলোর সঙ্গে খেলে উপলব্ধি করেছি, আগের চেয়ে আমাদের মান ভালো হয়েছে। কিন্তু মাঝেমধ্যে হঠাৎ দু-একটি ম্যাচ খেললে মানটা ধরে রাখা কঠিন।