জাপান ঘুরে এল বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ফুটবল দল। এই সফর বাংলাদেশের আগামীর ফুটবলারদের জন্য ছিল অনেক কিছু শেখার। ১৫ দিনের সফরে মাঠের বাইরের অনেক কার্যক্রমে অংশ নিয়েছে বাংলাদেশ। সেসবই জানাচ্ছেন বাংলাদেশ দলের কোচ, জাতীয় দলের সাবেক মিডফিল্ডার নুরুল হক (মানিক) জাপান সফরটা কেমন হলো?নুরুল হক: এককথায় এ সফরের বর্ণনা দেওয়া কঠিন। তার পরও বলি অসাধারণ। আমাদের ছেলেরা জাপানে অনেক কিছু শিখল। ওখানে না গেলে তারা বুঝতে পারত না, মানুষ কত অমায়িক হয়। মানুষ কতটা পরিশ্রম করতে পারে। জাপান কেন এই সফর আয়োজন করল?নুরুল হক: জাপানে যে সুনামি হয়েছিল, সেসব দেখানোর জন্যই মূলত এই সফর। জাপান থেকে অনেক দেশই এখন জাপানি জিনিস নেয় না তেজস্ক্রিয়ার ভয়ে। জাপান এটা দেখাতে চেয়েছে যে তাদের সবকিছুই ঠিক আছে। যে ফুটবল ফেস্টিভ্যালটা করল, সেটা কেমন হয়েছে?নুরুল হক: ওরা আসলে সাফের আটটি দেশকেই নিজেদের খরচে ওখানে নিয়ে যায়। এই দেশগুলোর মধ্যে একটা ফুটবল ফেস্টিভ্যাল হয়েছে টোকিওতে। সঙ্গে ছিল জাপানের দুটি দল। মানে ১০টি দল দুই ভাগে ভাগ হয়ে খেলেছে। টুর্নামেন্ট এখানে একটা উপলক্ষ মাত্র, আসল কারণ নিজেদের সভ্যতা-সংস্কৃতি দেখাতেই সফরটার আয়োজন। বাংলাদেশ কেমন করল ফেস্টিভ্যালে?নুরুল হক: আমরা জাপান ‘এ’ দলের কাছে ২-০ গোলে হেরেছি। আফগানিস্তান ও ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছি, ভুটানের বিপক্ষে আমাদের জয় ৫-০ গোলে। সবই ৬০ মিনিটের ম্যাচ। এটা ফেস্টিভ্যাল হওয়ায় কোনো চ্যাম্পিয়ন ছিল না। মাঠের বাইরে বাংলাদেশ দল কোথায় কোথায় গেছে?নুরুল হক: প্রথমেই বলি, জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের দপ্তরে নেওয়া হয় আমাদের। সেখানে ছেলেরা অনেক সময় কাটিয়েছে। এ সুযোগে জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে আমরা কিছু প্রস্তাব দিলে তিনি সঙ্গে সঙ্গে রাজি হন। কী প্রস্তাব দিয়েছেন?নুরুল হক: প্রস্তাব ছিল, বাংলাদেশ থেকে কিশোর ফুটবলারদের জাপান যেন বৃত্তি দেয়। সেখানে যেন ছেলেরা অনুশীলন করতে পারে। এটা শুনে জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান রাজি হয়ে আমাদের আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিতে বলেছেন। বাফুফে সেটা দেবে। আর জাপান জাতীয় দলের সঙ্গে বাংলাদেশের প্রীতি ম্যাচ খেলাতেও রাজি হয়েছেন তিনি। এখন এটার ফলোআপ করতে হবে আমাদের ফেডারেশনকে। জাপান দেশটাকে এমনিতে কেমন দেখলেন?নুরুল হক: অসাধারণ একটা দেশ। টোকিও তো ফ্লাইওভারের শহর। এত সভ্য আর অমায়িক ওরা, ওদের দেখে আমাদের ছেলেরা জীবনকে নতুন করে দেখল যেন। ছেলেদের জাপানি স্কুলে নেওয়া হয়েছে। সেখানে জাপানি ভাষা কীভাবে শেখানো হয়, কীভাবে ছবি আঁকা হয় ইত্যাদি ওরা হাতেকলমে দেখিয়েছে। আমরা ১৫ দিন ছিলাম (৫ অক্টোবর-২১ অক্টোবর), তার মধ্যে খেলা ছিল তিন দিন। বাকি দিনগুলো ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে। দেখলাম, সুনামি-ভূমিকম্পের বড় কোনো চিহ্নই নেই। সব কাটিয়ে উঠেছে ওরা। জাপান তো ভূমিকম্পের দেশ। ভূমিকম্প কেমন টের পেলেন?নুরুল হক: প্রতিদিনই দু-তিনবার করে ভূমিকম্প হয়। অনেক সময়ই বিল্ডিং কেঁপে ওঠে। তবে বেশির ভাগই ভূমিকম্পই রিখটার স্কেলে চার-পাঁচে থাকে। ছয়-সাতে উঠলে বিপজ্জনক। শুনলাম, বাংলাদেশের ছেলেরা নাকি জাপান ছেড়ে আসতেই চায়নি?নুরুল হক: ওরা জাপানের এমন প্রেমে পড়েছে, ফিরতেই চায়নি ঢাকায়। আরও লম্বা সময় নিয়ে যেতে চায় জাপানে। এখন আমাদের ফেডারেশন উদ্যোগ নিলে হয়তো ভবিষ্যতে আরও যেতে পারবে। সুখবর হলো, এ ধরনের ফেস্টিভ্যাল প্রতিবছর নিয়মিতই নাকি করবে জাপান।