‘জামায়াত-শিবিরের রাজনীতি বেআইনি ঘোষণা করা কর্তব্য’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি সংঘটিত বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের কারণে অবিলম্বে জামায়াত-শিবিরের রাজনীতি বেআইনি ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। আজ বুধবার সকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল গ্রামে ‘পুণ্ডরীক ধামে’ সনাতন ধর্মীয় দুই দিনব্যাপী মহা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সুরঞ্জিত সেনগুপ্ত এই মন্তব্য করেন। সনাতন ধর্মাবলম্বীদের গিরি-গোবর্ধন পূজা ও অন্নকূট মহোত্সব ২০১২ উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এই মহা সম্মেলনের আয়োজন করে।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘জামায়াত-শিবির সম্প্রতি পুলিশের গাড়িতে আগুন দেওয়া, পুলিশের ওপর হামলাসহ যেসব কর্মকাণ্ড করেছে, সেটা কোনো রাজনৈতিক দলের আদর্শ হতে পারে না। এটা গণতান্ত্রিক অধিকারের মধ্যেও পড়ে না।’আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য আরও বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের রায় ঘনিয়ে আসায় জামায়াত-শিবির একাত্তর সালের মতো হিংস্র আচরণ করতে শুরু করেছে। দেশের রাজনীতির জন্য জামায়াত-শিবির অশুভ শক্তি। তাই এখনই জামায়াত-শিবিরের রাজনীতি বেআইনি ঘোষণা করা কর্তব্য।’সাম্প্রদায়িক ধর্মান্ধ শক্তি দেশকে অস্থিতিশীল করতে সক্রিয় বলে মন্তব্য করে সুরঞ্জিত বলেন, ‘রামু-উখিয়ায় যে ধরনের ঘটনা ঘটানো হয়েছে, তাতে সারা দেশের মানুষ স্তম্ভিত হয়ে গেছে। পরিকল্পিতভাবে এসব ঘটনার কারণে দেশের সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের নিরাপদ মনে করছে না। সব সম্প্রদায়ের মানুষের মিলে অশুভ শক্তিকে প্রতিরোধ করতে হবে।’কেরানীগঞ্জে মায়ের কোল থেকে শিশু অপহরণের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, দাবি করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘রামু-উখিয়ায় হামলার ঘটনা আর মায়ের কোল থেকে শিশু অপহরণ একই সূত্রে গাঁথা।’তবে শিশু পরাগ মণ্ডলের অপহরণের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা বলেছিলেন।