‘জার্নি ইন ফায়ার’
মাটিতে পোড়ানো পুতুল, মায়ের কোলে হাসছে সন্তান। পুতুলের গায়ে নিপুণ কারুকাজ। দেখতে নিছক একটি ফুলদানি মনে হলেও এটিতে ব্যবহূত রং ও কারুকাজের সমন্বয়ে তা অন্য রকম এক শিল্পরূপ পেয়েছে। ছোট্ট একটি দরজার ওপাশে দুটি মুখ। পাশাপাশি আরও কয়েকটি মুখ। সরাগুলোতে রয়েছে লোকজ মোটিফ আর নেপথ্যে রয়েছে পত্রিকার লেখা। এসব শিল্পকর্মই সিরামিক দিয়ে তৈরি। মেঘলা দিনের শেষে গতকাল শুক্রবার সন্ধ্যায় গ্যালারি কায়ায় শুরু হয়েছে শিল্পী দেবাশীষ পালের একক শিল্পকর্ম প্রদর্শনী ‘জার্নি ইন ফায়ার’। প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী সমরজিৎ রায়চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পসমালোচক মইনুদ্দীন খালেদ, শিল্পী দেবাশীষ পাল, গ্যালারি কায়ার পরিচালক গৌতম চক্রবর্তীসহ আরও অনেকে। প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মগুলোর ব্যবহারিক দিক থাকলেও এগুলোর রয়েছে নান্দনিক উপস্থাপন। মানুষের নিত্য ব্যবহার্য পণ্য যেমন এখানে রয়েছে, তেমনি উপস্থাপন করা হয়েছে বিভিন্ন শিল্পকর্মকেও।গ্যালারি কায়ার এ শিল্পকর্ম প্রদর্শনী ১৫ মে পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত চলবে।