‘জাস্ট ইন’ হেনিন
প্রায় দেড় বছর পর টেনিসে প্রত্যাবর্তন। তবু কোর্টে যেন সেই আগেরই জাস্টিন হেনিন। লিখেছেন রাজীব হাসানএক নজরেডাক নাম: জুজুজন্ম তারিখ: ১ জুন ১৯৮২জন্মস্থান: লিয়েগে, বেলজিয়ামউচ্চতা: পাঁচ ফুট ছয় ইঞ্চিওজন: ৫৭ কেজিপেশাদার ক্যারিয়ার শুরু: ১ জানুয়ারি ১৯৯৯অবসর: ১৪ মে ২০০৮প্রত্যাবর্তন: জানুয়ারি ২০১০ধরণ: ডানহাতি, ওয়ান-হ্যান্ডেড ব্যাকহ্যান্ডগ্র্যান্ড স্লাম জয়: সাতটিঅস্ট্রেলিয়ান ওপেন (২০০৪)ফ্রেঞ্চ ওপেন (২০০৩, ২০০৫, ২০০৬, ২০০৭)ইউএস ওপেন (২০০৩, ২০০৭)জাস্টিন হেনিন মানে ঘোমটা-আড়াল লাজুকতা। হেনিন মানে মিতবাক। হেনিন মানে বিনম্র হিংস্রতা। হেনিন মানে অদম্য লড়াকু এক যোদ্ধাও কি নয়? সেই যোদ্ধারই গল্প শুনব আমরা।এই বছরটা হেনিনের প্রত্যাবর্তনের বছর। প্রত্যাবর্তন! হেনিন শুনলে নির্ঘাত্ হাসতেন। ‘প্রত্যাবর্তন’ বলুন, ইংরেজিতে ‘কাম-ব্যাক’ কিংবা ফরাসিতে ‘রিত্যুর’—শব্দটা ক্যারিয়ারের শুরু থেকেই শুনে আসছেন তিনি। ক্যারিয়ারের প্রায় গোড়া থেকেই যে তাঁর ছায়াসঙ্গী ছিল ইনজুরি নামের চিরশত্রু। চোট নিয়ে বাইরে গেছেন। ফিরেছেন। আবার বাইরে গেছেন। এবং আবার প্রত্যাবর্তন!ক্যারিয়ারের জীবন-প্রদীপটাই তাঁর নিভতে বসেছিল দমকা বাতাসে। ইনজুরি নয়, ২০০৪ সালে হঠাত্ একদিন বার্তা সংস্থাগুলো অপ্রত্যাশিত এক খবর বয়ে আনল। জাস্টিন হেনা-হার্ডিন কী এক খটমট নামের ভয়াবহ ভাইরাসে আক্রান্ত। যে ভাইরাস শুষে নিচ্ছে তাঁর সব প্রাণশক্তি। দিনের ১৮ ঘণ্টাই ঘুমিয়ে কাটিয়েছেন। কোর্টে দাপিয়ে বেড়ানো তো দূরের কথা, হেনিন ঠিকমতো টুথব্রাশটাও ধরতে পারছেন না। চিকিত্সকের আশঙ্কা, হয়তো পারবেন না কোনো দিনই!অথচ তাঁর আগের বছরটা কী দুর্দান্তই না কেটেছিল তাঁর! ২০০৩ সালেই প্রথম পেয়েছিলেন আজন্ম আরাধ্য গ্র্যান্ড স্লাম শিরোপার স্বাদ। ফ্রেঞ্চ ওপেনে। যে ফ্রেঞ্চ ওপেনের সঙ্গে নিয়তির এক অলীক সুতোয় বাঁধা তাঁর ভাগ্য। যেদিন তাঁর জন্ম, সেই ১৯৮২ সালের ১ জুন এই ফ্রেঞ্চ ওপেনে মার্টিনা নাভ্রাতিলোভা রোঁলা গাঁরোয় প্রথম শিরোপা থেকে দুই পা দূরে।পরে যে নাভ্রাতিলোভাকে নিজের আদর্শ মেনেছেন হেনিন। এই ফ্রেঞ্চ ওপেনের প্রথম দেখা আন্তর্জাতিক টেনিস। সেই ছোট্টটি ছিলেন যখন, মা ফ্রাঁসোয়া রজিয়েরের হাত ধরে সীমান্ত পেরিয়ে প্রতিবছরই ফ্রেঞ্চ ওপেন দেখতে যেতেন। ওইখানে ওই গ্যালারিতে বসে দেখেছেন মনিকা সেলেস-স্টেফি গ্রাফের সেই আলোচিত ফ্রেঞ্চ ওপেন ফাইনাল। তাঁর মা নিজে ছিলেন ফরাসি। ফরাসি কেতায় বড় করেছেন মেয়েকে। টেনিস আর পিয়ানো—এই দুই ছিল হেনিনের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রথম ধারাপাত।২০০৩ সালে শুধু প্রথম গ্র্যান্ড স্লামই জেতেননি, স্বদেশি কিম ক্লাইস্টার্সকে হটিয়েই অক্টোবরে প্রথমবারের মতো উঠে আসেন র্যাঙ্কিংয়ের শীর্ষে। ২০০৩ সালটাই যেন ছিল এই দুজনের লড়াইয়ের বছর। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন ক্লাইস্টার্সই। ওই ক্লাইস্টার্সকে হারিয়েই ২০০৩ সালে হেনিন জেতেন ইউএস ওপেন। পরের বছর মৌসুমের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও মুখোমুখি দুজন। এবারও শিরোপা বঞ্চিতের নাম ক্লাইস্টার্স!এর পরই দাঁত বসাল সেই ভাইরাস। কিন্তু এই খানেই গল্পটা শেষ হয়ে গেলে সেটি আর এক লড়াকু বীরাঙ্গনার গল্প কেন? কেন সেটিতে থাকবে অদম্য আত্মপ্রত্যয়ী বীররস? হেনিনের আবার প্রত্যাবর্তন। সব ক্লান্তি ধুয়ে-মুছে ২০০৪ এথেন্স অলিম্পিকে জিতলেন সোনা। ২০০৫-এ আবার জিতলেন ফ্রেঞ্চ ওপেন। মাটির কোর্টের রানি মেনে নেওয়া হলো তাঁকে। আর সেই বছরই রোঁলা গাঁরোর লাল দুর্গে রাজত্বের পত্তন করলেন রাফায়েল নাদাল। এর পর? আবার ইনজুরি! ২০০৫ সালের বাকিটাই তাঁকে যুঝতে হলো এই ইনজুরির সঙ্গে।হেনিন জানালেন, তিনি হার মানবেন না। প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে এসেছেন পাঞ্জা লড়ে। ইনজুরি তো কোন ছার! ‘এমনও অনেক দিন গেছে, যেদিন আমি বিছানাই ছাড়তে পারিনি। এমনও অনেক দিন গেছে, যেদিন শুধু ধৈর্য ধরা ছাড়া আমার আর করার কিছুই ছিল না। এই ভাইরাসের সঙ্গে লড়াই করা ছিল আমার জীবনের কঠিনতম অধ্যায়। আমি টেনিস খেলতে পারছিলাম না, যেটিকে আমি সবচেয়ে ভালোবাসি। কিন্তু এই ভাইরাস আমাকে শিখিয়ে গেছে, শেষ না হওয়া পর্যন্ত হার মানতে নেই’—সে সময় এক সাক্ষাত্কারে বলেছিলেন হেনিন। আর তাই ২০০৬ সালে কোর্টে ফিরেই যেন সদম্ভে ঘোষণা করলেন—বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়ার জন্য জন্ম হয়নি তাঁর।ফ্রেঞ্চ ওপেনের চার শিরোপার তৃতীয়টি এসেছে সেবারই। উঠেছিলেন উইম্বলডনের ফাইনালে। অধরা শিরোপাটি জেতা হয়নি। কিন্তু ওই বছর নভেম্বরে ফিরে পান র্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাটিও।কিন্তু নিয়তি যে বেঁধে দিয়েছে, হেনিনের জীবন নিস্তরঙ্গ হবে না কখনোই। তাতে থাকবে উথাল-পাথাল, উত্থান-পতন। যে লড়াকু হেনিনের ছবি আমরা এঁকে এসেছি এতক্ষণ, সেই হেনিনকে ২০০৭ সালে দেখাল রণক্লান্ত। ন্যুব্জ। যেন বয়েস তাঁর বেড়ে গেছে বহুগুণ। একের পর এক টুর্নামেন্ট থেকে ফিরিয়ে নিলেন নাম। তবে কি আবারও চোট পেয়েছেন? নতুন কোনো আঘাত?পেয়েছেন। কিন্তু এবারের আঘাতটি আর শরীরে নয় যে দাওয়াই খেলেই সেরে উঠবে। এবার তিনি চোট পেয়েছেন হূদয়ে। যে প্রেমিককে বিয়ে করার কারণে পরিবারের সঙ্গেই সম্পর্কচ্ছেদ করতে হয়েছিল তাঁকে, সেই পিয়েরে হার্ডিনের সঙ্গে ২০০৭ সালে ইতি টেনে দেন পাঁচ বছরের দাম্পত্য সম্পর্কের। লড়াকু হেনিন এবার আর পারেননি। নিজের মনের সঙ্গে লড়তে লড়তে অবশেষে ২০০৮ সালের মে মাসে ঘোষণা দিয়ে দেন অবসরের। জন ম্যাকেনরোর পর ‘ওয়ান-হ্যান্ডেড ব্যাকহ্যান্ড’-এর এমন নিপুণ কারিগরের খেলা আর দেখা যাবে না—এই শোকে পুরো টেনিস বিশ্বকে কাতর করে দিয়ে, ১১৭ সপ্তাহ র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা হেনিন জানিয়ে দেন, ‘আমি আমার পথের শেষ প্রান্তে পৌঁছে গেছি।’কী আছে শেষে, পথের? শেষ কোথায়? উত্তর বুঝি হেনিনেরও জানা নেই। আর তাই ২০১০-এর ৯ জানুয়ারি, ব্রিসবেন ইন্টারন্যাশনালের ফাইনালে তিনি যখন লড়ছেন সেই ক্লাইস্টার্সেরই সঙ্গে, সেই সময় রচিত হচ্ছে হেনিনের আরেক প্রস্থ প্রত্যাবর্তন-গাঁথা!