‘জাহান মনি’র জিম্মি নাবিকেরা সুসংবাদ দিয়েছেন
‘আমরা ইনশাল্লাহ ১০-১৫ দিনের মধ্যে ফিরে আসছি, শুধু দোয়া করো আল্লাহর কাছে।’ আজ বৃহস্পতিবার রাতে ফোনে স্ত্রীকে কথাগুলো বলেছেন সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ ‘এমভি জাহান মনি’র এক নাবিক। রাত সাড়ে আটটার দিকে সিলেটে অবস্থানরত স্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়।ওই নাবিকের স্ত্রী তিন মিনিট স্বামীর সঙ্গে ফোনে কথোপকথনের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি জানান, ফোনে তাঁর স্বামী আরও বলেছেন, ‘জলদস্যুরা আমাদের বলেছে, জাহাজমালিক ১০-১৫ দিনের মধ্যে টাকা দেবে বলেছেন। যেদিন টাকা দেবেন, সেদিনই আমাদের জাহাজ ছেড়ে দেওয়া হবে।’ তিনি বলেন, ‘মনে হয়, জলদস্যুদের সঙ্গে জাহাজমালিকের কিছু একটা হয়েছে। সে কেবল আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এসব বলেছে বলে মনে হয় না।’বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি জাহান মনিকে গত বছরের ৫ ডিসেম্বর আরব সাগরের ভারতীয় উপকূল থেকে সোমালিয়ার জলদস্যুরা ছিনতাই করে। ওই জাহাজে ২৫ জন বাংলাদেশি নাবিক ও একজন নাবিকের স্ত্রী রয়েছেন। এর আট দিন পর জলদস্যুরা জাহাজমালিক মো. শাহজাহান ও তাঁর প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে কথা বলে ৯০ লাখ মার্কিন ডলার (প্রায় ৬৩ কোটি টাকা) মুক্তিপণ দাবি করে। জাহাজমালিক গত দুই মাসে দফায় দফায় সরাসরি ও মধ্যস্থতাকারীর মাধ্যমে জলদস্যুদের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণের অর্থ কমানোর চেষ্টা চালান। জাহাজমালিক সূত্র জানায়, ইতিমধ্যে জাহাজমালিকের সঙ্গে জলদস্যুদের এক ধরনের সমঝোতা হয়েছে।এ প্রসঙ্গে জাহাজমালিক মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘আমরা অনেকটা কাছাকাছি এসে গেছি। নেতাসহ সব জলদস্যু এখন জাহাজে অবস্থান করছে। আজ রাত সাতটার দিকে জলদস্যুদের সঙ্গে সর্বশেষ কথা হয়েছে। তাদের অপর এক নেতা কাল শুক্রবার জাহাজে এসে সবকিছু চূড়ান্ত করবে বলেছে। আমরা এর অপেক্ষায় আছি। এরপর ১০-১৫ দিনের মধ্যে জাহাজসহ সব নাবিক ইনশাল্লাহ দেশে ফিরে আসতে পারবেন।’জানা গেছে, জাহান মনির অপর এক নাবিক গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত ১২টার দিকে ফোন করে তাঁর মাকে জানান, জলদস্যুরা ২৪ ঘণ্টার মধ্যে মুক্তিপণের টাকা না পেলে সব নাবিককে হত্যার হুমকি দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ওই নাবিকের মা এবং অন্যান্য নাবিকের আত্মীয়রা আজ সকালে চট্টগ্রামের আগ্রাবাদে এসআর শিপিংয়ের কার্যালয়ে যান। তাঁরা বেলা ১১টা পর্যন্ত সেখানে অবস্থান করেন। এসআর শিপিংয়ের মহাব্যবস্থাপক মেহেরুল করিম ও অন্যরা তাঁদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে স্বজনদের আশ্বস্ত করে বলা হয়, আগামী ১০-১২ দিনের মধ্যে নাবিকদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।সর্বশেষ গত রাতে এমভি জাহান মনিতে জিম্মি অন্য এক নাবিক তাঁর স্ত্রীকে ফোন করেন। তিনি স্ত্রীর কাছে জানতে চান, ১০-১২ দিনের মধ্যে মুক্তির যে কথা শোনা যাচ্ছে, তা ঠিক কি না। ফোন করার বিষয়টি নিশ্চিত করে ওই নাবিকের স্ত্রী প্রথম আলোকে জানান, নাবিকেরা এখনো জাহাজে খাওয়া ও থাকার কষ্টে আছেন বলে জানিয়েছেন।আমাদের ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, এমভি জাহান মনির এক নাবিক গতকাল বুধবার গভীর রাতে ফরিদগঞ্জে অবস্থানরত তাঁর স্ত্রী ও ভাইকে ফোন করেন। তাঁর স্ত্রী ও ভাই জানান, ফোনে ওই নাবিক বলেছেন, জাহাজের জ্বালানি ও খাবার শেষ হয়ে গেছে। জলদস্যুরা সামান্য চিনি দিয়ে দুটি করে রুটি নাবিকদের খেতে দিচ্ছে। মুক্তিপণের টাকা না পেলে হত্যা করার হুমকিও দিচ্ছে। এসব বিষয় ওই নাবিকের স্ত্রী ও ভাই এসআর শিপিংয়ের মহাব্যবস্থাপককে জানিয়েছেন।