সম্ভাব্য অন্যদের তুলনায় অভিজ্ঞতা কিছুটা হলেও এগিয়ে—এই বিবেচনাতেই দলে নেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু ইতিহাসে ঠাঁই পাওয়া গল টেস্টে নির্বাচকদের প্রত্যাশা পূরণ করতে পারেননি ইলিয়াস সানি। তবে ওয়ানডে দল থেকে বাদ পড়া এই বাঁহাতি স্পিনারের চোখ এখন জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডে সিরিজ না খেলেই দেশে ফিরতে হলো। হতাশ?ইলিয়াস সানি: হতাশার কিছু নেই। গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তো আমি প্রথমে ওয়ানডে দলে ছিলাম না, হঠাৎ করে দলে এসেছি। এই হিসাবে হতাশ না। তার মানে আশাও করেননি ওয়ানডে দলে থাকবেন...সানি: আশা করব না কেন? আশা তো সবাই করে। আমিও করেছি। গল টেস্টে সুযোগ পেয়েও ভালো খেলতে পারলেন না। সমস্যা কী ছিল?সানি: শ্রীলঙ্কা দল সম্পর্কে আমার যতটুকু ধারণা ছিল, গিয়ে দেখি তারা তার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। বিশেষ করে স্পিন বোলিংটা অনেক বেশি ভালো খেলে। তা ছাড়া আমিও ভালো বল করিনি। জায়গামতো বল ফেলতে পারিনি। হঠাৎ করে ডাক পাওয়াটাও কি ভালো না খেলার একটা কারণ? নিজেকে হয়তো সেভাবে প্রস্তুত করতে পারেননি...সানি: আমি তা মনে করি না। আমাদের দলের সবাই খুব বন্ধুভাবাপন্ন। কাজেই হুট করে দলে এলেও প্রস্তুতি নিতে সমস্যা হয় না। সবাই সাহায্য করে। শ্রীলঙ্কার কোন ব্যাটসম্যানের বিপক্ষে বল করতে বেশি কষ্ট হয়েছে?সানি: কুমার সাঙ্গাকারা। অনেক বেশি ভালো স্পিন খেলে সে। আমার মনে হয়, স্পিন বলের বিপক্ষে বিশ্বের সবচেয়ে ভালো ব্যাটসম্যান ও। সাঙ্গাকারার বিপক্ষে বল করাটাই বেশি কঠিন মনে হয়েছে। নিজে ভালো না খেললেও গল টেস্টের দলে থেকে তো ইতিহাসেরই অংশ হয়ে গেলেন। টেস্ট শেষে কেমন লাগছিল?সানি: আমার মনে হয়, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেই আমরা সবচেয়ে ভালো খেলেছি গল টেস্টে। সামনে থেকে মুশফিকের ডাবল সেঞ্চুরি দেখা, আশরাফুল ভাইয়ের ১৯০ বা নাসিরের সেঞ্চুরি—অসাধারণ অভিজ্ঞতা। টেস্টটা আমরা মাঠে, মাঠের বাইরে সবখানে উপভোগ করেছি। গল টেস্টের দলে থেকে নিজেকে ভাগ্যবান মনে করছি। শ্রীলঙ্কায় গিয়ে টেস্ট খেলা মানেই বাংলাদেশ দলের জন্য ভীতিকর অভিজ্ঞতা। এবার দলটা এভাবে ঘুরে দাঁড়াবে, ভাবতে পেরেছিলেন আপনারা?সানি: এ রকম চিন্তা তো অবশ্যই করিনি। তবে আশা ছিল চেষ্টা করলে হয়তো ভালো কিছু পাব। ব্যাটসম্যান, বোলার সবাই মোটামুটি ফর্মে ছিল। তা ছাড়া সাম্প্রতিক সময়ে আমরা ভালো ক্রিকেট খেলছিলাম। সেই ধারাবাহিকতা ধরে রেখেই গল টেস্টে অমন পারফরম্যান্স। কিন্তু পারফরম্যান্সের ধারাবাহিকতা তো কলম্বো টেস্টে দেখা গেল না...সানি: উত্থান-পতন তো হবেই। কলম্বো টেস্টে অপ্রত্যাশিতভাবে কিছু উইকেট পড়ে গেছে আমাদের। ফর্মে থাকা ব্যাটসম্যানরা এই টেস্টে রান পায়নি। আপনার কথা বলুন। সামনে তো প্রিমিয়ার ক্রিকেট লিগ। নতুন কোনো লক্ষ্য?সানি: আমি যেহেতু টেস্ট দলে থাকি, আপাতত জিম্বাবুয়ে সিরিজের জন্য নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করব। সুযোগ পেলে যেন সেটা কাজে লাগাতে পারি। প্রিমিয়ার লিগও আছে সামনে। জাতীয় দলে থাকলে হয়তো লিগে খেলা হবে না। তবে যদি শেষ পর্যন্ত খেলতেই হয়, লিগে ভালো খেলে আবার জাতীয় দলে আসার চেষ্টা করব।