‘জিজ্ঞাসাবাদে মনে নেই, ভুলে গেছেন দাবি করলেন আজহার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে গতকাল রোববার জিজ্ঞাসাবাদ করেছে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। রাজধানীর ধানমন্ডিতে সেফ হোমে (জিজ্ঞাসাবাদের জন্য সরকার নির্ধারিত বাড়ি) তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।সকালে আজহারুল ইসলামকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ধানমন্ডির সেফ হোমে নিয়ে যাওয়া হয়। সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ চলে। দুপুরে এক ঘণ্টার বিরতি ছিল।জিজ্ঞাসাবাদের পর তদন্ত সংস্থার সহসমন্বয়ক সানাউল হক সাংবাদিকদের বলেন, তদন্ত কর্মকর্তা এস এম ইদ্রিস আলীর নেতৃত্বে আজহারুলকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে বেশির ভাগ প্রশ্নের জবাবে তিনি মনে নেই, ভুলে গেছেন প্রভৃতি দাবি করেন। এমনকি তিনি নিজের পিতা ও মাতার নামও বলতে ভুল করেছেন। কিছু না বলার জন্য বা অস্বীকার করার জন্য তিনি এমন করে থাকতে পারেন।সানাউল হক বলেন, ‘আমরা তদন্তকালে রংপুর কারমাইকেল কলেজের কয়েকজন শিক্ষককে হত্যার ঘটনায় আজহারের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছি। তাঁর বিরুদ্ধে রংপুরের এক হাজার ২০০ লোক হত্যাকাণ্ডে পাকিস্তানি সেনাদের সহায়তার প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া রংপুর টাউন হলের নির্যাতন কেন্দ্রে নারীদের নিয়ে নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে।’ তিনি বলেন, ‘তদন্তে আমরা যেসব তথ্য-প্রমাণ পেয়েছি, তার সঙ্গে সেফ হোমে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যগুলো মিলিয়ে দেখে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করব।’তদন্ত সংস্থা জানায়, দুই মাসের মধ্যে এ টি এম আজহারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে।জিজ্ঞাসাবাদ শেষে আসামিপক্ষের আইনজীবী সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, আজহারকে জিজ্ঞাসাবাদের নামে মানসিক নির্যাতনের জন্য আনা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি যেসব তথ্য দিয়েছেন তাতে রাষ্ট্রপক্ষ লাভবান হবে না।গত বছরের ২২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ টি এম আজহারকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আদেশে বলেছিলেন, ১০ দিনের মধ্যে আজহারুলকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। ওই দিন তাঁর বিরুদ্ধে তদন্ত বা অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য ১৩ মার্চ দিন ধার্য করা হয়।