ক্যারিয়ারের শুরু থেকেই সখ্য চোটের সঙ্গে, মাঝে আবার যোগ দিয়েছিলেন আইসিএলে। ১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তাই খেলতে পেরেছেন মাত্র ২৬টি টেস্ট ও ৯২টি ওয়ানডে। নিউজিল্যান্ডের পেসার ড্যারিল টাফি জানাচ্ছেন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়ে তাঁর ভাবনা আপনি আর টিম সাউদি নেটে অনেকক্ষণ টানা বোলিং করলেন...ড্যারিল টাফি: আমরা তো আর এক্সপ্রেস বোলার না, দীর্ঘসময় বোলিং করতে সমস্যা নেই...হা...হা...। আসলে আমাদের দুজনের বোলিংয়েই ছন্দটা খুব গুরুত্বপূর্ণ। যত বেশি বোলিং করব, ততই ছন্দে থাকব। এই গরমে টানা এতক্ষণ বোলিং করা তো সহজ নয়...টাফি: খুব বেশি গরম আর কোথায়? হ্যাঁ, নিউজিল্যান্ডের চেয়ে অনেক বেশি তো অবশ্যই। তবে অসহনীয় পর্যায়ে নয়। কিছুদিন আগেই আমরা শ্রীলঙ্কায় খেলে এলাম, ওখানেও আবহাওয়া প্রায় একই রকম। আমার মনে হয় না, এই গরম আমাদের খুব একটা সমস্যায় ফেলবে। নেটে অনেক স্লোয়ার বল করলেন, এটা কি পরিকল্পনার অংশ?টাফি: উইকেট যা দেখলাম, মনে হয় না পেসারদের জন্য কিছু আছে। এমন উইকেটে গতিতে বৈচিত্র্য আনাটা খুব জরুরি। তা ছাড়া স্লোয়ার বল এখন যেকোনো উইকেটেই খুব কার্যকরী। দেখবেন, এখন টেস্টেও প্রচুর স্লোয়ার বল করা হচ্ছে। স্লোয়ার বলটা পুরোপুরিই অনুশীলনের ব্যাপার, যত অনুশীলন করবেন, ততই দক্ষ হওয়া যায়।* ১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার, অথচ বাংলাদেশে এলেন এই প্রথম...টাফি: নানা কারণেই আসা হয়নি। গতবার তো আসার কথা ছিল, কিন্তু ইনজুরিতে পড়ে গেলাম। বাংলাদেশে না খেললেও বাংলাদেশের বিপক্ষে তো খেলেছেন এ বছরের শুরুতে, কেমন মনে হলো বাংলাদেশ দলকে?টাফি: হ্যাঁ, টেস্ট-ওয়ানডে দুটিই খেলেছি। টেস্টে কয়েকটা উইকেট পেয়েছিলাম (৩টি), ওয়ানডেতে অবশ্য খুব একটা ভালো করতে পারিনি। বাংলাদেশ কিন্তু খারাপ খেলেনি, নিউজিল্যান্ডের কন্ডিশন সহজ নয়, অনেক ভালো দলকেও ভুগতে হয়। এই সিরিজে বাংলাদেশ কেমন করবে বলে মনে হয়?টাফি: নিজেদের মাঠ, দর্শক, পরিবেশ—বাংলাদেশের ভালো করারই কথা। নিজেদের কন্ডিশনে কোনো দলকেই হালকা করে নেওয়ার সুযোগ নেই। বাংলাদেশের কাছ থেকে আমরা শক্ত প্রতিদ্বন্দ্বিতাই আশা করছি। জানি, জিততে হলে ঘাম ঝরিয়েই জিততে হবে। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত সফর...কাল আপনাদের অধিনায়ক বললেন বিশ্বকাপের প্রস্তুতিটা তো আপনাদের জন্য একেবারে আদর্শ হতে যাচ্ছে?টাফি: হ্যাঁ, ড্যান যেমন বলেছে, এদিক থেকে আমরা সত্যিই ভাগ্যবান। আমাদের দলটা অনেক তরুণ, অনেকেরই এই উপমহাদেশের উইকেট, পরিবেশের সঙ্গে পরিচয় ছিল না। তাদের জন্য এটা অমূল্য অভিজ্ঞতা হতে যাচ্ছে। বিশ্বকাপে যারা থাকবে, তাদের অনেক কাজে লাগবে। অনেক তরুণ উঠে আসা মানে তো আপনাদের জন্য হুমকি...টাফি: মোটেও হুমকি নয়, বরং ইতিবাচক। তরুণদের উঠে আসা নিউজিল্যান্ড ক্রিকেটের জন্যই সুখবর। আমরা পুরোনোরাও এতে নিজেদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উৎসাহ পাই।