‘জিনের বাদশা’ থেকে সাবধান!
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ও দরবস্ত ইউনিয়নে ‘জিনের বাদশা’ নামের একটি প্রতারক চক্রের আস্তানা গড়ে উঠেছে। দুই ইউনিয়নের প্রায় পাঁচ হাজার বাসিন্দা এই চক্রের সঙ্গে জড়িত। মুঠোফোনে কণ্ঠস্বর পরিবর্তন করে ‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে গুপ্তধনের লোভ দেখিয়ে মানুষকে প্রতারিত করছে তারা। হাতিয়ে নিচ্ছে ধনসম্পদ। এদের অপকর্ম রোধে এলাকায় নানা উদ্যোগ নেওয়া হলেও এবং পুলিশ ওই চক্রের সদস্যদের গ্রেপ্তার করলেও প্রতারণা রোধ করা সম্ভব হচ্ছে না। জানা গেছে, পাঁচ বছর আগে প্রথমে তালুককানুপুর ইউনিয়নের বালুয়া গ্রামের একদল অসাধু ব্যক্তি এই প্রতারক চক্র গড়ে তোলে। পরে একই ইউনিয়নের তাজপুর, চণ্ডীপুর, উত্তরপাড়া, সামসপাড়া ও রাঘবপুর এবং পার্শ্ববর্তী দরবস্ত ইউনিয়নের খলসি, কাতিয়াদহ, বিশুবাড়ী, মারিয়া, গন্ধববাড়ী গ্রামে এই চক্রের বিস্তার ঘটে। চক্রের সদস্যের মধ্যে অর্ধশতাধিক লোক ‘জিনের বাদশা’ হিসেবে পরিচিত। এই পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা নিজ নিজ এলাকায় অবস্থান করে।দরবস্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রতারণা রোধ করব কীভাবে? দুই ইউনিয়ন মিলিয়ে প্রায় পাঁচ হাজার লোক এই চক্রের সঙ্গে জড়িত। দেশব্যাপী এদের নেটওয়ার্ক বিস্তৃত। এর পরও সভা-সমাবেশের মাধ্যমে মানুষকে এদের ব্যাপারে সচেতন করা হচ্ছে। এদের সঙ্গে যোগ না দিতে বলা হচ্ছে।’প্রতারণার কৌশল: আটক প্রতারকদের বক্তব্য থেকে জানা গেছে, প্রতারণার জন্য চক্রের সদস্যরা বেশির ভাগ ক্ষেত্রে রিকশা-ভ্যানচালক, কুলি-শ্রমিক ও দিনমজুর শ্রেণীর লোকজনকে ব্যবহার করছে। তারা দিনমজুর সেজে বিভিন্ন জেলায় অবস্থাপন্ন মানুষের বাড়িতে কাজ নেয়। সেখানে কিছুদিন কাজ করে গৃহকর্তার মুঠোফোন নম্বর ও বিস্তারিত পারিবারিক তথ্য সংগ্রহ করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কথিত জিনের বাদশা মুঠোফোনে কণ্ঠস্বর পরিবর্তন করে বলে, ‘আমি জিনের বাদশা বলছি। তোমার নামে কিছু গুপ্তধন এসেছে। এই গুপ্তধন পেতে মসজিদে টাকা দান করতে হবে, না হলে তোমার পরিবারের সদস্যদের ক্ষতি হবে।’ গুপ্তধনের সন্ধান দিতে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করা হয়। নির্ধারিত তারিখ ও সময়ে নির্দিষ্ট স্থানে গাছের নিচে ফাঁদে পড়া ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে বলা হয়। সেখানে প্রতারক চক্রের সদস্যরা জিনের বাদশার প্রতিনিধি সেজে অপেক্ষা করে। বিষয়টি অন্য কাউকে জানালে পরিণতি খারাপ হবে বলে হুমকি দেওয়া হয়।প্রতারকদের এসব কথায় বিশ্বাস করে দেশের বিভিন্ন জেলা থেকে সাধারণ নারী-পুরুষ গোবিন্দগঞ্জে গিয়ে প্রতারিত হন। টাকা দেওয়ার পর বাদশার প্রতিনিধি গুপ্তধন আনার কথা বলে কেটে পড়ে। বাদশার প্রতিনিধি হিসেবে যারা বিভিন্ন স্থানে গিয়ে প্রতারণার টাকা সংগ্রহ করে, তাদের জিনের বাদশার সাগরেদ ও খাদেম বলা হয়। প্রতারিতদের কথা: জিনের বাদশার খপ্পরে পড়ে রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপালপুর গ্রামের গৃহিণী লাইলি বেগম পাঁচ হাজার টাকা খুইয়েছেন। লাইলি বলেন, ‘একদিন গভীর রাতে হঠাৎ মোবাইল ফোন বেজে ওঠে। কল ধরার পর একটি ভিন্ন ধরনের কণ্ঠস্বর বলে, আমি জিনের বাদশা বলছি। এই মোবাইল ফোন নম্বরে ফ্লেক্সিলোডের মাধ্যমে পাঁচ হাজার টাকা পাঠাবি, না হলে তোর নাতনিসহ পরিবারের সদস্যদের বিরাট ক্ষতি হবে। আর অর্থ দিলে গুপ্তধন পাবি। ভয়ে জিনের বাদশার মোবাইল ফোনে পাঁচ হাজার টাকা পাঠাই।’ঘটনাটি গ্রামের ইউপি সদস্য রাশেদা বেগমকে জানানো হয়। রাশেদা বলেন, ‘আমি ওই মোবাইল নম্বরে কথা বলে নিশ্চিত হই কথিত জিনের বাদশার বাড়ি গাইবান্ধার বালুয়া গ্রামে। একপর্যায়ে গুপ্তধনের জন্য টাকা দিতে চাইলে আমাকে গাইবান্ধা শহরের অদূরে দারিয়াপুর বাজারে আসার জন্য তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়া হয়। পরে পুলিশের সঙ্গে যোগাযোগ করে দারিয়াপুর বাজারে যাই। সেখানে তিনজন প্রতারককে শনাক্ত করে পুলিশে সোপর্দ করি। তাঁরা হলেন বালুয়া গ্রামের আবু সাইদ (১৬), শাহ আলম (৩২) ও সদর উপজেলার গিদারি গ্রামের সাইদুর রহমান (২৬)।’গত ২০ আগস্ট গোবিন্দগঞ্জের ছোট জামালপুর গ্রামের জাহাঙ্গীর আলম (২০), জাকিরুল ইসলাম (২১) ও আজিজুল হক (২২) জিনের বাদশা সেজে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি গ্রামে যান। তাঁরা গ্রামের কৃষক সাদ্দাম হোসেনকে মুঠোফোনে বলেন, ‘আমাকে স্বর্ণ দিলে একটি আপেল দেব। এটি খেলে তোমার স্ত্রীর সন্তান হবে।’ কথামতো ওই দিন দুপুরে সোনা আনতে গেলে এলাকাবাসী তাঁদের আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মামলা হয়েছে।’গত ২৩ আগস্ট গাইবান্ধা সদর উপজেলার চৌরঙ্গীবাজার গ্রামে ফিরোজ মিয়ার (৩২) কাছে জিনের বাদশা পরিচয়ে একইভাবে মুঠোফোনে কল আসে। একপর্যায়ে কথিত বাদশা তার নাম জানতে চায়। তখন সন্দেহ হলে তিনি বলেন, ‘তুই তো জিনের বাদশা। সব জানিস। আমার নাম তো জানার কথা।’ এ নিয়ে দুজনের মধ্যে তর্কের পর বিষয়টি পুলিশকে জানাতে চাইলে কথিত বাদশা ফোন কেটে দেয়।’ ফিরোজের ধারণা, বিদেশ থেকে টাকা এনেছেন ভেবে কেউ তাঁকে ফাঁদে ফেলতে চেয়েছিল।জিনের বাদশার সঙ্গে কথোপকথন: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার উত্তর সুজালপুর গ্রামের ব্যবসায়ী শামিম আহম্মেদের (৪২) কাছে ১৮ আগস্ট গভীর রাতে মুঠোফোনে ১৫ হাজার টাকা দাবি করে কথিত জিনের বাদশা। শামিমের সঙ্গে জিনের বাদশার কথোপকথন— জিনের বাদশা: আসসালামু আলাইকুম। কেমন আছো বাবা? আমাকে চিনবে না। বাবা, পৃথিবীতে দুটি জিনিসের হিসাব হবে। একটি জিন ও অপরটি ইনসান অর্থাৎ মানব। আমি মানব নই, জিনদের বাদশা। শামিম: মোবাইল নম্বর কীভাবে পেলেন?জিনের বাদশা: তিনবার লটারি করে তোমার নম্বর পেয়েছি, বাবা। তুমি ভাগ্যবান। আমরা মানবের রূপ নিয়ে বগুড়ার ফাঁসিতলার একটি মসজিদে চিল্লায় এসেছি। তাই মসজিদের ইমাম সাহেবের মোবাইল নিয়ে তোমার সঙ্গে কথা বলছি, বাবা। শামিম: আমার কাছে ফোন করেছেন কেন? জিনের বাদশা: তোমার নামে কিছু গুপ্তধন এসেছে, বাবা। গুপ্তধন পেতে চাইলে তুমি প্রথমে মাজারে কিছু আগরবাতি দিয়ো।শামিম: কীভাবে দেব?জিনের বাদশা: আমার এই মোবাইল নম্বরে ফ্লেক্সি করে টাকা দিয়ো। আমি কিনে দেব।[কথামতো আগরবাতি কেনার জন্য ১০৫ টাকা কথিত ‘জিনের বাদশা’র মোবাইল ফোন নম্বরে ফ্লেক্সি করে পাঠান শামিম এবং বিশ্বাস অর্জন করেন। পরের দিন রাতে জিনের বাদশা পরিচয় দিয়ে আবার ফোন করা হয় শামিমের কাছে।]জিনের বাদশা: বাবা, তোমার আগরবাতি কবুল হয়েছে। এখন ৬১ কেজি আতব চাল ও তিনটি খাসি বগুড়ার ফাঁসিতলার গায়েবি মাজারে দিয়ে আসবি। কোনো মানবকে সঙ্গে আনা যাবে না। তবে তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে আসতে পারবে। শামিম: আমার খাসি আছে। আমি তিনটি খাসি দিতে পারব। চাল দিতে পারব না। জিনের বাদশা: কষ্ট করে খাসি আনবে কেন, বাবা? তার চেয়ে চাল ও খাসি বিক্রি করে টাকা নিয়ে আসবে। টাকা পেলে মানুষরূপে জিনের লোক তোমাকে একটি সোনার ব্যাগ দেবে। তুমি ব্যাগ পাওয়ার পর মসজিদে তবারক দিয়ে আয়-উন্নতি করবে। শামিম: আমার ঘরবাড়ি নেই। জিনের বাদশা: গুপ্তধন বিক্রি করলে ঘরবাড়ি হয়ে যাবে, বাবা।শামিম বলেন, ‘এই ঘটনায় সন্দেহের সৃষ্টি হলে বিষয়টি আমার বন্ধুবান্ধবকে জানাই। আমার এক বন্ধু জিনের বাদশার ওই মোবাইল নম্বরে ফোন করেন। ফোনে পুলিশের পরিচয় দিলে কথিত জিনের বাদশা মোবাইল ফোন বন্ধ করে রাখে। পরে আর আমাকে ফোন করেনি।’রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ: তালুককানুপুর ইউপির চেয়ারম্যান সোলায়মান আলী বলেন, ‘আমার ইউনিয়নে প্রায় তিন হাজার ব্যক্তি জিনের বাদশা চক্রের সক্রিয় সদস্য। একদিন যাদের সহায়-সম্বল ছিল না, প্রতারণা করে তারা এখন ধন-সম্পদের মালিক হয়েছে। প্রতারণা রোধ করা দূরের কথা, চক্রের সদস্যরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় তাদের কাছে চেয়ারম্যান-মেম্বাররা অসহায়। চক্রের সঙ্গে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা জড়িত। চক্রের পেছনে এখন দুই শক্তি—ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ও অবৈধ টাকা।’ ইউনিয়নের বালুয়া গ্রামের ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, ‘আমার গ্রামের বেশির ভাগ মানুষ প্রতারক চক্রের সঙ্গে জড়িত। জনপ্রতিনিধি হিসেবে তাদের প্রতিরোধ করা কঠিন। কারণ তাদের শক্তিই বেশি।’ উত্তরপাড়া গ্রামের এক কলেজছাত্র বলেন, ‘প্রতারক চক্রের সদস্যরা এতই শক্তিশালী যে তাদের বিরুদ্ধে কিছু বলা ঝুঁকিপূর্ণ। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না।’ দলীয় নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোজাম্মেল হক বলেন, ‘দলীয় নেতা-কর্মীদের কেউ কেউ কথিত জিনের বাদশাদের পক্ষে প্রশাসন ও পুলিশের কাছে তদবির করলেও সেটা আমার জানা নেই। তবে এ ধরনের সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাইনি।’প্রতিরোধে উদ্যোগ: এই চক্রের প্রতারণা রোধে গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি সভা ও সমাবেশের আয়োজন করছে। প্রতারকদের ধরিয়ে দেওয়ার জন্য এলাকায় পোস্টার ও প্রচারপত্র বিলি করা হয়েছে। সংগঠনের আহ্বায়ক মতিন মোল্লার দাবি, প্রতারক চক্রের কোনো সদস্য গ্রেপ্তার হলে তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য নেতা-কর্মীরা তদবির করেন। ফলে প্রতারণা করেও তারা পার পেয়ে যাচ্ছে। গাইবান্ধা শহরের বাসিন্দা আইনজীবী আনিস মোস্তফা বলেন, ‘প্রতারণার অভিযোগে এসব মামলা সাধারণত ৪২০ ধারায় রুজু হয়ে থাকে, যা খুবই দুর্বল। ফলে প্রতারক চক্র সাজা পাচ্ছে না।’প্রশাসনের ভূমিকা: গত পাঁচ বছরে গোবিন্দগঞ্জসহ বিভিন্ন থানায় অন্তত ৫০টি মামলা দায়ের ও প্রতারক চক্রের শতাধিক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার পুলিশ চলতি বছরের ৭ জুলাই প্রতারক চক্রের সদস্য উপজেলার বালুয়া বাজার থেকে মজিশুল ইসলাম, ১৫ জুলাই রহলা গ্রামের আবদুল লতিফ, সাহেব মিয়া, ১৮ জুলাই গন্ধববাড়ি ও চণ্ডীপুর গ্রাম থেকে প্রতারক চক্রের সদস্য তমিজ উদ্দিন, আবদুল হালিম, ইরশাদুল, ২৮ জুলাই গোসাইপুর গ্রামের ছায়েদ আলী ও আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে। ১৭ আগস্ট দরবস্ত ইউনিয়নের বিশুবাড়ি গ্রামের শাহিন মিয়া (৩৫) প্রতারণা করতে গিয়ে বগুড়ার শিবগঞ্জ এলাকায় ধরা পড়ে। ১২ অক্টোবর গোবিন্দগঞ্জ উপজেলার পাঁচটি গ্রাম থেকে জিনের বাদশা পরিচয়ে প্রতারণার অভিযোগে পুলিশ মহিলাসহ সাতজনকে গ্রেপ্তার করে।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্কাস আলী বলেন, বিভিন্ন জেলা থেকে এখানে এসে যাঁরা প্রতারিত হন, তাঁদের অনেকেই ভয়ে-লজ্জায় মামলা করতে আসেন না। তারপরও এ ধরনের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতারকদের গ্রেপ্তার করা হচ্ছে। ফলে জিনের বাদশা পরিচয়ে প্রতারণা আগের চেয়ে অনেকটা কমেছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জিনের বাদশা পরিচয়ে প্রতারণার অভিযোগে ৩১ জনের বিরুদ্ধে সাতটি মামলা করা হয়েছে। প্রতারকদের তৎপরতা রোধে পুলিশকে সতর্ক রাখা হয়েছে। তালুককানুপুর ও দরবস্ত ইউনিয়নে প্রতারক চক্র আছে—এমন তথ্য সমর্থন করে গোবিন্দগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল ওয়াহেদ বলেন, ‘প্রতি মাসে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় চক্রের সদস্যদের সন্ধান ও তাদের গ্রেপ্তারে পুলিশকে তাগাদা দেওয়া হচ্ছে। প্রতারণা রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য চেয়ারম্যান-মেম্বারদের বলা হচ্ছে।