‘জিনের বাদশা’র ফাঁদে পড়ে...
গ্রাম থেকে গরু কিনে বিভিন্ন হাটে নিয়ে বিক্রি করতেন মোনেচ হাওলাদার। আর এতে যা লাভ হতো, তা দিয়েই চলত তাঁর সংসার। তিন মাস ধরে মোনেচ হাওলাদার বেকার। অনেক কষ্টে দিন কাটছে তাঁর পরিবারের। প্রতারকের ফাঁদে পরে পুঁজিপাট্টা সব হারিয়েছেন তিনি। কোটিপতি বানিয়ে দেওয়ার লোভ দেখিয়ে তাঁর কাছ থেকে এক লাখ পাঁচ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন ‘জিনের বাদশা’ পরিচয় দানকারী এক ব্যক্তি ও তাঁর সাঙ্গ-পাঙ্গরা। বিনিময়ে তাঁর হাতে তুলে দিয়েছেন ধাতুর তৈরি একটি পুতুল।জিনের বাদশার প্রতারণার শিকার পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের পূর্বগোলখালী গ্রামের মো. মোনেচ হাওলাদার (৪০) প্রথম আলোকে জানান, গত ৪ সেপ্টেম্বর রাতে স্ত্রী হনুফা বেগম, তিনি ও তাঁদের দুই মেয়েসহ ঘরে ঘুমিয়ে ছিলেন।রাত আনুমানিক দেড়টার দিকে তাঁর মুঠোফোনে ফোন করে এক ব্যক্তি নিজেকে জিনের বাদশা বলে পরিচয় দেন। মুঠোফোনে ওই ব্যক্তি মোনেচকে বলেন, ‘বাবা মোনেচ, আমি জিনের বাদশা। শবে বরাতের রাতে তোর ভাগ্যের পরিবর্তন হয়েছে। তুই চারটি ফল ও স্বর্ণের একটি পুতুল পাবি। ওই পুতুলটির মূল্য এক কোটি টাকা। এখনই তুই তোর বাড়ির সামনের বটগাছের কাছে যা। গাছের ডালের ওপরে ওই জিনিসগুলো পেয়ে যাবি।’গভীর রাতে এ রকম কথা শুনে মোনেচ প্রথমে ভড়কে যান। পরে স্ত্রী হনুফা বেগমকে সঙ্গে নিয়ে বটগাছের কাছে গিয়ে ডালের ওপর একটি কাগজের বাক্সে রাখা চারটি আপেল পান। তাঁরা আপেল চারটি নিয়ে ঘরে ফেরার সঙ্গে সঙ্গেই আবার বেজে ওঠে মুঠোফোন। অপর প্রান্ত থেকে তাঁকে ওই ব্যক্তি বলেন, ‘বাবা মোনেচ, চারটি আপেল ও একটি স্বর্ণের পুতুল পেয়েছিস?’ মোনেচ শুধু আপেল পাওয়ার কথা জানান। তখন ওই ব্যক্তি বলেন, ‘তোরা অপবিত্র অবস্থায় ওখানে গিয়েছিস। তাই স্বর্ণের পুতুলটি পাসনি। যাক, আপেল চারটি তোরা খাবি। এখনই খাবি। আর আগামীকাল রাতে পবিত্র অবস্থায় গিয়ে স্বর্ণের পুতুলটা নিয়ে নিবি।’পরের দিন গভীর রাতে আবারও মোনেচকে ফোন করে ওই ব্যক্তি বলেন, ‘তুই এক কোটি টাকা দামের একটি স্বর্ণের পুতুল পাবি। আর এ জন্য তোকে ছদগা দিতে হবে, ছদগায় জারিয়া। তুই ৮০ হাজার টাকা বটগাছের ডালের ওপর রেখে পুতুলটা নিয়ে যা। দেরি করিস না। এখনই যা। পুতুলটা এনে ওটার দিকে তোরা কেউ তাকাবি না। ঘরের খাটালে (মেঝে) সোয়া হাত মাটির নিচে চাপা দিয়ে রাখবি। সাত দিন পর তুলবি। এর আগে ওটার দিকে তাকালে ক্ষতি হবে। স্বর্ণের পুতুল তামা হয়ে যাবে।’নির্দেশনা অনুসারে কাজ করেন মোনেচ দম্পতি। বটগাছের কাছে গিয়ে দেখেন, ডালের ওপর একটি ধাতুর তৈরি পুতুল। তাঁরা ৮০ হাজার টাকা সেখানে রেখে পুতুলটি ঘরে নিয়ে যান। পুতুলটি ভালো করে না দেখেই ঘরের মেঝের মাটি খুড়ে সেখানে পুঁতে রাখেন।শেষরাতে আবার ফোন আসে মোনেচের কাছে। তখন তাঁকে বলা হয় বগুড়ার ভাই পাগলার মাজার জিয়ারত করে ভক্তদের জন্য তবারক কিনতে এবং সেখানে এক পাগলের হাতে ২৫ হাজার টাকা দিতে।নির্দেশনা অনুসারে পরদিন সকালে রওনা হয়ে রাত সাড়ে ১২টার দিকে মোনেচ পৌঁছান বগুড়ার ভাই পগলার মাজারে। এক পাগল তাঁর কাছে হাত পাতেন। মোনেচ তাঁর হাতে তুলে দেন ২৫ হাজার টাকা।বাড়ি ফিরে সাত দিন পার হলে মোনেচ ঘরের মেঝের মাটি খুড়ে পুতুলটি তুলে দেখেন, সেটি স্বর্ণের নয়, সিসা দিয়ে তৈরি ওপরে পিতলের প্রলেপ দেওয়া একটি পুতুল। মাথায় আকাশ ভেঙে পড়ে মোনেচ দম্পতির। ফোন করেন জিনের বাদশার কাছে। যে ভাবেই হোক, ফেরত চান তাঁদের এক লাখ পাঁচ হাজার টাকা।এ নিয়ে মুঠোফোনে মোনেচের সঙ্গে ‘জিনের বাদশা’র দেন-দরবার চলতেই থাকে। একপর্যায়ে জিনের বাদশা পরিচয় দানকারী ব্যক্তি মোনেচকে জানান, তিনি তাঁদের টাকা নেননি। গোলখালী গ্রামের জনৈক হানিফ হাওলাদার প্রতারণা করে তাঁদের টাকা নিয়েছেন। মোনেচকে তিনি হানিফ হাওলাদারের মুঠোফোনের নম্বরও দেন। মোনেচ বলেন, ‘জিনের বাদশার খপ্পরে পইর্যা পুঁজিপাট্টা সব হারাইছি। আমার ব্যবসার নব পুঁজি শ্যাষ করছি। অ্যাহন আমার না খাইয়া থাহার পালা অইছে।’এ ব্যাপারে জিনের বাদশা পরিচয় দানকারী ব্যক্তির ০১৭৩৪১০৬৯৮৬ নম্বরের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘শোনেন ভাই, আমরা হইলাম পুরানা ফকির। আমরা গরিবের টাকা খাই না। গোলখালী গ্রামের হানিফ হাওলাদার নয়া ফকিরের ভাব লইছে। ও (হানিফ) পুতুল দিয়া মোনেচের টাকা মারছে। ও (হানিফ) আমার কাছ থেকে পাঁচ হাজার টাকায় পুতুলডা কিনে নিছে। কথা ছিল, ব্যবসার অর্ধেক আমারে দিব। বিশ্বাস করেন, ও আমারে এক পয়সাও দেয় নাই। আপনারা ওরে ধরেন। মোনেচের টাকাডা আদায় কইরা দেন।’‘আপনি কী জিনের বাদশা, আপনার নাম কী?’ এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি কে, তা দিয়া আপনার দরকার নাই, ভাই। পারলে মোনেচের টাকাডা আদায় কইরা দেন। ও গরিব মানুষ।’ওই ব্যক্তির দেওয়া (হানিফ হাওলাদারের) মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে গোলখালী গ্রামের মো. হানিফ হাওলাদার নিজের নাম ও পরিচয় দিয়ে বলেন, ‘আমার লগে কোনো জিনের বাদশার যোগাযোগ নাই। মোনেচ আমার আত্মীয়। তাঁর টাকা নেওয়ার ঘটনায় আমার জড়িত থাকার প্রশ্নই ওঠে না। কেউ হয়তো শত্রুতা করে এ ঘটনায় আমাকে জড়ানোর চেষ্টা করছে।’