‘জিমন্যাস্টিকস আমার রক্তে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পরশু শেষ হয়েছে সুলতানা কামাল চতুর্থ দক্ষিণ এশীয় আর্টিস্টিক জিমন্যাস্টিকস। ছয় দেশের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন উজবেকিস্তান। এই দলের রুসলান ইরগাসেভ জিতেছেন ১ সোনা, ২ রুপা ও ১ ব্রোঞ্জ। ২২ বছরের যুবক প্রতিযোগিতা শেষে বললেন নিজের দল ও এই উপমহাদেশের জিমন্যাস্টিকস নিয়ে প্রথমবারের মতো ঢাকায় খেলতে এসে কেমন লাগল?রুসলান ইরগাসেভ: খুবই ভালো। এখানকার আতিথেয়তায় আমরা মুগ্ধ। এই ইনডোরে খেলেও ভালো লাগল। শুনেছি, এই সরঞ্জামগুলো টুর্নামেন্ট উপলক্ষেই নাকি বসানো হয়েছে। উজবেকিস্তানের জিমন্যাস্টিকস সম্পর্কে কিছু বলুন।রুসলান: সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ থাকায় আমাদের দেশে জিমন্যাস্টিকসের চর্চাটা বহু পুরোনো। রিদমিক জিমন্যাস্টিকস, আর্টিস্টিক জিমন্যাস্টিকসে আমাদের জাতীয় দল ভালোই করছে। গত এশিয়ান গেমসেও আমরা ভালোই করেছি। জিমন্যাস্টিকসের সরঞ্জাম এবং অন্যান্য অবকাঠামোগত সুযোগ-সুবিধার দিক দিয়েও স্বয়ংসম্পূর্ণ আমরা। আপনি তো একসময় সেনাবাহিনীতে ছিলেন। কিন্তু চাকরি ছেড়ে জিমন্যাস্টিকসে এলেন কেন?রুসলান: আমি সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়েছি প্রায় তিন বছর হলো। কঠোর নিয়ম-শৃঙ্খলার মধ্যে থাকতে কখনোই ভালো লাগেনি আমার। ছোটবেলা থেকেই আমি স্বাধীন থাকতে পছন্দ করতাম। জিমন্যাস্টিকস অবশ্য ছোটবেলা থেকেই শুরু করেছি। কিন্তু একসময় হুট করেই চাকরিতে ঢুকে গেলাম। পরে ভাবলাম, চাকরিবাকরি আমাকে দিয়ে হবে না, তাই জিমন্যাস্টিকসে ফিরলাম। জিমন্যাস্টিকস আমার রক্তে। এটা না খেললে ভালো লাগে না। লেখাপড়ার পালা কি চুকিয়ে দিয়েছেন, না এখনো চালিয়ে যাচ্ছেন?রুসলান: আমি এখনো ছাত্র। তাসখন্দের শারীরিক শিক্ষা ইনস্টিটিউটে পড়ছি। শুধু আমি নই, এই দলের অন্য জিমন্যাস্ট আসাল, দিয়ানাও একই ইনস্টিটিউটে পড়াশোনা করছে। এই উপমহাদেশের জিমন্যাস্টিকস সম্পর্কে আপনার কী ধারণা?রুসলান: এর আগে বিভিন্ন গেমসে অংশ নিতে গিয়ে ভারতের কিছু জিমন্যাস্টের সঙ্গে পরিচয় হয়েছে। এবার বাংলাদেশের দু-একজনের সঙ্গেও কথা হলো। আমার মনে হয়, সঠিক পরিচর্যা করলে ভবিষ্যতে এদের নিয়ে আশা করতে পারবেন। বাংলাদেশি সাইক সিজার আপনাকে হারিয়ে প্যারালাল বারে সোনা জিতলেন? তাঁকে কেমন মনে হয়?রুসলান: সাইক খুবই ভালোমানের একজন জিমন্যাস্ট। ওর মধ্যে প্রতিভা আছে। শুধু প্রয়োজন নিয়মিত অনুশীলন এবং বেশি বেশি টুর্নামেন্টে অংশ নেওয়া। এখানে এসে জানতে পেরেছি, ও নাকি যুক্তরাষ্ট্রে বেড়ে উঠেছে, মিশিগান বিশ্ববিদ্যালয়ের জিমন্যাস্ট দলের অধিনায়কও সাইক। এটা তো খুবই ভালো কথা। বাংলাদেশের সৌভাগ্য যে, ওর মতো একজন জিমন্যাস্ট পেয়েছে। ওকে কাজে লাগানো উচিত। রোমান রিংসে সোনা জিতলেন আপনি। এটাই কি আপনার প্রিয় ইভেন্ট?রুসলান: এখানে এই একটা ইভেন্টেই সোনা জিতলাম। আমার প্রিয় ইভেন্ট অবশ্য রিংস। আশা ছিল, আরও দু-একটা ইভেন্টে সোনা জিতব, কিন্তু পারলাম না। তবে আমি প্যারালাল বার ও পমেল হর্সেও খারাপ করি না। বাংলাদেশের খাবারদাবার কেমন লাগল? ঢাকার কোথাও কি ঘুরতে গিয়েছিলেন?রুসলান: দারুণ লাগল বাংলাদেশের খাবার। তবে একটু বেশি ঝাল, এই যা। শহরে ঘোরার সময় পাইনি। তবে রাস্তায় মনে হলো তীব্র যানজট।