‘জিম্বাবুয়েতে ভালো খেলতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬৯ বলে ১১৫ রান—বৃষ্টির বাধায় জিম্বাবুয়ে সফরের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটা শেষ হতে পারেনি। তার পরও একাডেমি দলের বিপক্ষে ওই ইনিংসটাই আত্মবিশ্বাসী করে তুলেছে শাহরিয়ার নাফীসকে। জাতীয় দলের বাঁহাতি ব্যাটসম্যান এই পারফরম্যান্স টেনে নিয়ে যেতে চান আসন্ন সফরেও প্রস্তুতি ম্যাচের এই সেঞ্চুরি নিশ্চয়ই আত্মবিশ্বাস বাড়াবে?শাহরিয়ার নাফীস: যেকোনো বড় রানই আত্মবিশ্বাস বাড়ায়। আগের প্রস্তুতি ম্যাচটা ভালো হয়নি, এই ম্যাচে ভালো হওয়ায় আত্মবিশ্বাস অবশ্যই কিছুটা বেড়েছে। দুই মাস ধরে আমরা অনুশীলন করছি। এ রকম ইনিংস খেলে তাই ভালো লাগছে। সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছেন ২০১০ সালের জানুয়ারি মাসে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সুযোগ পেলে লম্বা এই বিরতি কি একটু সমস্যা সৃষ্টি করবে না?নাফীস: আমরা তো দীর্ঘ পরিসরের ক্রিকেটের জন্য অনেক দিন ধরেই অনুশীলন করছি। জাতীয় লিগে খেলেছি। দুটি প্র্যাকটিস ম্যাচ খেললাম, আরও একটা খেলব। লাল বল সাদা পোশাকে আশা করি সমস্যা হবে না। তার পরও ১৪ মাস পর টেস্টে ফিরছে বাংলাদেশ। আরও কিছু প্রস্তুতি ম্যাচ হলে নিশ্চয়ই ভালো হতো?নাফীস: এখানে আমরা তিনটা প্রস্তুতি ম্যাচ খেলছি। জিম্বাবুয়ে গিয়েও একটা খেলব। আমার মনে হয়, ম্যাচ প্র্যাকটিস যথেষ্টই হচ্ছে। জিম্বাবুয়েও তো অনেক দিন পর টেস্ট খেলতে নামছে... এর বাইরে সার্বিক প্রস্তুতি কেমন হচ্ছে? কন্ডিশনিং ক্যাম্প থেকে শুরু করলে এবার তো লম্বা প্রস্তুতিই নিচ্ছেন...নাফীস: এক মাসের ফিটনেস ট্রেনিং হয়েছে, এটার খুব দরকার ছিল। প্রায় ২০ দিন হয়ে গেছে আমরা স্কিল ট্রেনিং করছি। সবচেয়ে ইতিবাচক দিক, দুটি প্রস্তুতি ম্যাচেই আমাদের ব্যাটসম্যানরা রান করেছে। বোলাররাও ভালো অবস্থায় আছে। এখন জিম্বাবুয়েতে গিয়ে এটা দেখাতে হবে, ভালো খেলতে হবে। জিম্বাবুয়ের বিপক্ষে কখনো টেস্ট না খেললেও এই দলটার বিপক্ষে আপনার ওয়ানডে পারফরম্যান্স বরাবরই ভালো। কেন?নাফীস: আসলে ওভাবে কোনো কারণ ব্যাখ্যা করতে পারব না। আমার কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষেও ভালো রেকর্ড। যদি খেয়াল করেন, তামিমের ভারতের সঙ্গে যেমন ভালো রেকর্ড, ইংল্যান্ডের বিপক্ষেও তাই। নির্দিষ্ট একজন খেলোয়াড় নির্দিষ্ট একটা দলের বিপক্ষে ভালো খেলতেই পারে। এর কোনো ব্যাখ্যা নেই। তার পরও এটা নিশ্চয়ই বাড়তি অনুপ্রেরণা হবে...নাফীস: ওদের বিপক্ষে যেহেতু আমার রেকর্ড ভালো, একটা অনুপ্রেরণা তো থাকবেই। তার পরও যেহেতু অনেক দিন পর খেলতে নামব, রেকর্ডের কথা না ভেবে নতুন করে শুরুরই চিন্তা করব। নতুন কোচ স্টুয়ার্ট ল চলে এসেছেন। ব্যাটিংয়ের বিশেষ কোনো দিক নিয়ে কি আলাদা কথা বলার পরিকল্পনা আছে তাঁর সঙ্গে?নাফীস: জেমি সিডন্সের মতো ওরও (ল) নিশ্চয়ই কিছু পরিকল্পনা থাকবে। চেষ্টা করব আমাদের নিজস্ব প্ল্যান-প্রোগ্রামের সঙ্গে ওর প্ল্যান-প্রোগ্রামের ভালো সমন্বয় তৈরি করতে। কোচ যেটা চাইবেন এবং আমরা যেটা চাই, দুটো মিলিয়ে এগোতে পারলে বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হবে। আজ (গতকাল) তো অল্প সময়ের জন্য হলেও আপনাদের সঙ্গে কথা বলেছেন কোচ। মূল বক্তব্য কী?নাফীস: বললেন, সামনে আমাদের আরও ভালো পরিচয় হবে। চেষ্টা করব ভালোভাবে কাজ করতে, বিশেষ বিশেষ সময়ে কঠোর পরিশ্রম করব। তবে সঙ্গে সঙ্গে কাজটাকে উপভোগও করব। ক্রিকেট-দর্শনে অস্ট্রেলিয়ান সংস্কৃতিকে অনুসরণের চেষ্টা করেন সব সময়। বাংলাদেশ দলেও বারবার অস্ট্রেলিয়ান কোচই আসছেন। আপনার জন্য নিজেকে প্রকাশ করার এটা ভালো সুযোগ কি না?নাফীস: গত ২০ বছরে অস্ট্রেলিয়ান ক্রিকেট সিস্টেমটা যেভাবে এগিয়েছে হয়তো সে কারণেই বিশ্বের সব দল অস্ট্রেলিয়ান কোচদের দিকে ঝুঁকছে। ক্রিকেটে অনেক আধুনিক চিন্তাভাবনা ও পদ্ধতি তারা এনেছে। ওটার সঙ্গে নিজের ফিলসফি মেলাতে পারলে আশা করি সামনের দিকেই এগোব।