‘জিম্মি করে বিবৃতিতে স্বাক্ষর নেন বিডিআর জওয়ানেরা’
‘বিদ্রোহের সময় বিডিআরের জওয়ানেরা আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতিতে স্বাক্ষর নেন। পরে সেই বিবৃতি গণমাধ্যমে প্রচার করেন।’ পিলখানা হত্যা মামলার সাক্ষী লেফটেন্যান্ট কর্নেল আবদুল মুকিম সাক্ষ্যে বিডিআরে বিদ্রোহের সময় সৈনিকদের পক্ষ থেকে গণমাধ্যমে প্রচারিত একটি বিবৃতিতে তাঁর স্বাক্ষর প্রসঙ্গে এ কথা বলেন।ওই বিবৃতিতে বলা হয়েছিল, বিডিআরের কয়েকজন কর্মকর্তা বিদ্রোহে সমর্থন দিয়েছেন। মামলার পঞ্চম সাক্ষী লে. কর্নেল মুকিম আজ বুধবার তাঁর সাক্ষ্যে বিদ্রোহের সময়ের ঘটনার বর্ণনা দেন। পরে তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী মহানগর দায়রা জজ আদালতে (আজ করা নামকরণ) এ মামলার বিচার চলছে। এত দিন ছিল অস্থায়ী বিশেষ আদালত। আদালতের কার্যক্রম ১৪ নভেম্বর পর্যন্ত মুলতবি করা হয়।লে. কর্নেল মুকিম সাক্ষ্যে বলেন, ২০০৯ সালে বিডিআরের দরবারে তিনি কর্মকর্তাদের সারির মাঝামাঝি বসে ছিলেন। একপর্যায়ে মাঈন মঞ্চে উঠে মহাপরিচালকের দিকে অস্ত্র তাক করেন। জওয়ানেরা দাঁড়িয়ে হইচই শুরু করেন। তখন তিনি গোলাগুলির আওয়াজ পান। দরবার হলের উত্তর পাশের জানালার কাচ ভেঙে কিছু জওয়ান বেরিয়ে যান। ভাঙা জানালা দিয়ে তিনিও বের হন। তিনি আরও বলেন, তিনি প্রথমে প্রশিক্ষণ শেডের দিকে যান এবং পরে মালামাল রাখার গুদামে ঢুকে পড়েন। বিকেলের দিকে একদল সৈনিক তাঁকে সেখান থেকে তুলে সৈনিক লাইনে নিয়ে যান। তাঁদের একজন তাঁকে হত্যার চেষ্টা করেন। চোখ বেঁধে নির্যাতনের পর জওয়ানেরা তাঁকে কোয়ার্টার গার্ডে আটকে রাখেন। সেখানে তাঁরা তাঁদের মতো একটি বিবৃতি লিখে তাতে তাঁর স্বাক্ষর নেন। অস্ত্রের মুখে তিনি স্বাক্ষর দিতে বাধ্য হন। পরের দিন কোয়ার্টার গার্ডের তালা ভেঙে তাঁদের উদ্ধার করা হয়।জবানবন্দির পর আবদুল মুকিমকে জেরা করেন আসামিদের আইনজীবীরা। সৈনিকেরা দরবার হল থেকে বের হওয়ার আগে বা পরে আপনিও তাঁদের সঙ্গে বের হন। এটা কি সত্যি, জেরায় এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১০ মিনিট পর বের হয়েছিলাম।’ বিডিআর সদস্যদের সঙ্গে আপনার আগে থেকে পরিচয় ছিল, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না।’বেঁচে যাওয়া কর্মকর্তাদের সঙ্গে জওয়ানদের যোগাযোগ ছিল। তাঁরা বিদ্রোহে মদদ দিয়েছেন—এমন প্রশ্নে মুকিম বলেন, এটা সত্যি নয়। দরবার হলে এত দরজা থাকতে কেন জানালা দিয়ে বের হলেন, আইনজীবীর এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেক সৈনিক জানালা দিয়ে বের হয়েছিলেন। সে কারণে আমি দেখতে বের হয়েছিলাম। ডাল-ভাত কর্মসূচি নিয়ে বিস্তারিত বলতে বললে তিনি বলেন, ‘এটা প্রশ্ন হলো না।’ডাল-ভাতের লাভের টাকা কি বিডিআরের সব সৈনিক পেয়েছিলেন, জেরায় এ প্রশ্নের জবাবে পঞ্চম সাক্ষী বলেন, লাভের টাকা থেকে তাঁদের ভাতা হিসেবে দেওয়া হয়েছিল। তিনি সেনা কর্মকর্তা হিসেবে ওই কর্মসূচি থেকে কত টাকা পেয়েছিলেন, এর জবাবে তিনি বলেন, যত দিন দায়িত্ব পালন করেছেন, তত দিনের টাকা পেয়েছেন।দরবারে কর্মকর্তাদের কাছে কি অস্ত্র থাকে। এ প্রশ্নের জবাবে মুকিম বলেন, ‘না, থাকে না।’ সেনাবাহিনী থেকে যে কর্মকর্তারা বিডিআরে আসেন, তাঁরা বিডিআরের কর্মকর্তা, নাকি সেনা কর্মকর্তা হিসেবে পরিচিত, এর জবাবে তিনি বলেন, তাঁরা বিডিআরের কর্মকর্তা হিসেবে পরিচিত।বিদ্রোহের সময় মুকিম জওয়ানদের পক্ষে অবস্থান নিয়েছিলেন, আইনজীবীর এ কথার জবাবে মুকিম বলেন, ‘না, এটা সত্যি নয়।’