‘জিয়ারত’ ভিসায় ইরাক যাওয়া বন্ধ হবে: মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অবৈধভাবে ইরাক যাওয়া বন্ধ করা হবে। তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে এখন বেশির ভাগ লোকই “জিয়ারত” ভিসায় (ভিজিট ভিসা) বা অবৈধ উপায়ে ইরাকে যাচ্ছে। সরকার অবৈধভাবে জিয়ারত বন্ধ করার উদ্যোগ নিয়েছে। আমরাও তাদেরকে সব ধরনের সহায়তা দেওয়ার কথা বলেছি।’আজ সোমবার সচিবালয়ে মন্ত্রী তাঁর নিজ কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘ইরাক সরকার বাংলাদেশ থেকে সরকারিভাবে লোক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। সরকারও সেভাবেই লোক পাঠিয়ে একটি নিয়ম দাঁড় করাতে চায়। মালয়েশিয়ায় যারা অবৈধভাবে ব্যবসা করেছে ইরাকেও তারা একই সুযোগ পাক তা আমরা চাই না।’মন্ত্রী আরও বলেন, ‘ইরাক সরকার আমাদের সঙ্গে সমঝোতা স্মারক সই করবে। স্মারক সই হলে বাংলাদেশ থেকে লোক পাঠানো শুরু হবে। প্রবাসীকল্যাণমন্ত্রীর নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের একটি দল গত ১৯ আগস্ট ইরাক সফরে যায়। গত শুক্রবারে তারা দেশে ফেরেন।’সংবাদ সম্মেলনে প্রবাসীকল্যাণসচিব জাফর আহমেদ খান ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক খুরশিদ আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।