‘জীবনটা এখন ভালোই কাটছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-অধ্যায় শেষ হতে হতেও হলো না। আবারও বাংলাদেশের ফুটবলে ফিরে এসেছেন বুকোলা ওলালেকান। গতবারের দল শেখ রাসেলের হয়ে এই মৌসুমে আজই প্রথম মাঠে নামছেন। নাইজেরিয়ান স্ট্রাইকার টুকটাক বাংলাও পারেন। কাল কথা বলার ফাঁকে সেই চর্চাও করলেন এবার লিগের প্রথম পর্বে আপনাকে আনেনি শেখ রাসেল। কিন্তু দ্বিতীয় পর্বে এনেছে। আমরা তো ভাবছিলাম বাংলাদেশে বোধ হয় আর খেলা হচ্ছে না আপনার...বুকোলা ওলালেকান: (হাসি) আসলে কে যে কখন কোথায় খেলবে, কোথা থেকে কার ডাক পড়বে, কে জানে! শেখ রাসলে না ডাকলে হয়তো আমার আসা হতো না। ডাক পেয়ে এলাম। পেশাদার ফুটবলটাই এমন। গতবার শেখ রাসেলের হয়ে লিগ খেলে দেশে ফিরে গিয়েছিলেন। মাঝে গত ৬-৭ মাস কী করেছেন? বুকোলা: মাঝের সময়টা নাইজেরিয়াতেই ছিলাম। সেখানে প্রিমিয়ারে খেলা আমার দল শ্যুটিং স্টারে যোগ দিই। তবে গতবার লিগ শেষ হওয়ার পর এবার এখনো লিগ শুরু হয়নি। তাই লিগে খেলা হয়নি। তবে অন্য ম্যাচ খেলেছি। শেখ রাসেল অনেক প্রত্যাশা নিয়ে আপনাকে এনেছে। পারবেন দলকে লিগ চ্যাম্পিয়ন করতে?বুকোলা: দলকে চ্যাম্পিয়ন করতে ভূমিকা রাখতে চাই। নিজে কত গোল করলাম তা বোধ হয় খুব বড় বিষয় নয়। দলের জয়টাই আসল। শেখ রাসেলকে চ্যাম্পিয়ন করতে পারলেই ভালো লাগবে। গুরুতর অসুস্থ হয়ে এক মৌসুম আগে দেশে ফিরে গিয়েছিলেন। মাঝে সময়টাও খারাপ গেছে। আপনার জীবন এখন কেমন চলছে?বুকোলা: জীবনটা এখন বেশ ভালোই কাটছে। সব ঠিকঠাক। স্ত্রী-সন্তান সবাই ভালো আছে। মাঝে আমার মা মারা গেছেন। আমি নিজেও অসুস্থ হয়ে দেশে যাই। পেটের সমস্যা হয়েছিল। তখন মুক্তিযোদ্ধায় খেলি। সেই সময়টা পেছনে ফেলে আমি ঢাকায় ফিরে এসেছিলাম। এখন শারীরিক-মানসিক সব দিক দিয়েই আমি চনমনে।  ঢাকায় প্রথম এসে মোহামেডানের হয়ে ১৮ গোল করে লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। আগের সেই বুকোলাকে কি আর দেখা যাবে না?বুকোলা: আমি সব সময়ই সেরাটা মাঠে দিই। গতবার লিগে গোটা সাতেক গোল করেছি, করিয়েছি ১৫টির মতো। মোহামেডানের হয়ে ১৮ গোল করার পর পরের লিগে ১৪টি গোল করি। মুক্তিযোদ্ধায় গোল ছিল সম্ভবত আটটি। যা-ই হোক, (ভাঙা ভাঙা বাংলায় বললেন) আমি এখন আরও ভালো করতে চাই।  দেখছি ভালোই বাংলা বলছেন। বাংলা শিখছেন বুঝি?বুকোলা: (আবারও বাংলায় বললেন) বাংলা আমি কিছু কিছু বলতে পাড়ি। টোমার নাম কী? টুমি কেমন আছো? আমি ভালো আছি। টুমি কী করো...(হাসি)?  বাংলাদেশে কয়েক বছর ধরেই আসা-যাওয়া করছেন। কখনো ঢাকার বাইরে-টাইরে ঘুরতে গেছেন?বুকোলা: প্র্যাকটিস আর ম্যাচের বাইরে কোথাও তেমন যাই না। কক্সবাজারে যাওয়া হয়েছিল খেলার জন্য। আমি একটু অন্তর্মুখী ধরনের। ঈশ্বরে অগাধ বিশ্বাস। মাঠ-খেলা নিয়েই আমার জীবন কাটছে। ঢাকা তো আপনার দ্বিতীয় বাড়ি হয়ে যাচ্ছে। স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে এলেই পারেন...বুকোলা: এটা চাইলেই হয় না। তবে সামনে সুযোগ পেলে স্ত্রী আর একমাত্র মেয়েকে একবার আনব। আমার স্ত্রীর তো ঢাকাই শাড়ি খুব পছন্দ। তার জন্য এর আগে শাড়ি নিয়ে গিয়েছিলাম। কী বলব, বাংলাদেশের প্রেমে আমি নিজেই পড়েছি। এখানকার চিকেন বিরিয়ানি দেশে গিয়ে খুব মিস করেছি। আর মিস করেছি এখানকার বন্ধুদের।