বাংলাদেশে এসেছেন দুই মাস হলো। নতুন কর্মস্থলে কেমন লাগছে? বাংলাদেশের ফুটবলই বা কেমন দেখছেন? এসব নিয়েই কাল কথা বললেন জাতীয় ফুটবল দলের ক্রোয়েশিয়ান কোচ রবার্ট রুবচিচ বাংলাদেশে সময়টা কেমন উপভোগ করছেন?রবার্ট রুবচিচ: ওহ্, দারুণ। আমার খুবই ভালো লাগছে। আমি সত্যিই সবকিছু উপভোগ করছি। কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে?রুবচিচ: আমার জন্য এখানকার সবকিছুই ইন্টারেস্টিং। অনেক মানুষ, রাস্তায় অনেক গাড়ি...। ট্রাফিকটা একটু বেশি হলেও মানিয়ে নিচ্ছি। নতুন পরিবেশে জীবনটাকে নতুন করে দেখছি আমি। রাস্তায় বেরোলে আপনাকে চিনতে পারে লোকজন?রুবচিচ: হ্যাঁ, অনেকেই কাছে এসে ‘হাই’, ‘হ্যালো’ বলে। কেমন আছি জানতে চায়। আমি খুব উপভোগ করি। আপনার স্ত্রী হেলেনা তো ঘুরে গেছেন ঢাকায়। তাঁর কেমন লেগেছে?রুবচিচ: একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন ঢাকা ওর কাছে কেমন লেগেছে। সপ্তাহ খানেক বেড়ানোর পর যাওয়ার সময় হেলেনা বিমানবন্দরে কেঁদেই ফেলেছে। ওর নাকি এখানে এসে খুব ভালো লেগেছে। আবার আসতে চায়। শুনেছি, আপনার স্ত্রী পড়াশোনা করেন?রুবচিচ: হ্যাঁ, সার্বিয়াতেই বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ও জার্মান ভাষার ওপর পড়ছে। ক্রোয়েশিয়া আর বাংলাদেশে কী পার্থক্য দেখছেন?রুবচিচ: জনসংখ্যা। ক্রোয়েশিয়ায় মাত্র ৫০ লাখ মানুষ। এখানে শুনেছি ১৬ কোটিরও বেশি। ঢাকাতেই এক কোটির বেশি। তবে একটা বিষয় আমার চোখে পড়েছে, এখানকার মানুষ বেশ অতিথিপরায়ণ। খাওয়াদাওয়া কোনো সমস্যা?রুবচিচ: প্রথম কয়েক দিন কিছুটা সমস্যা হয়েছে। এখন সব ঠিক। আমার খাওয়া সিম্পল। রাইস, চিকেন...মূলত এগুলোই বেশি খাওয়া হয়। অবসরে কী করেন?রুবচিচ: সারাক্ষণই ফুটবল নিয়ে ভাবি। টিভিতে ইংলিশ, স্প্যানিশসহ ইউরোপিয়ান লিগগুলো দেখি। আমার অবসর এভাবেই কাটে। তবে মাঝেমধ্যে গান শুনি। বাংলা গানও শুনি! বাংলা গান শোনেন! কিছু বুঝতে পারেন?রুবচিচ: গাড়িতে থাকলে ড্রাইভার বাংলা গান ছেড়ে দেয়। সে আমাকে বুঝিয়ে দেয় গানের কথাগুলো। কিছু কিছু বুঝতে পারি। বাংলা কোনো শব্দ বলতে পারেন?রুবচিচ: দু-একটা পারি। ‘কেমন আছ’, ‘ভালো আছি’...এর বেশি নয় (হাসি)। ফেডারেশনের সঙ্গে এখন পর্যন্ত কাজ করতে কোনো সমস্যা হয়েছে?রুবচিচ: এখন পর্যন্ত হয়নি। সব রকম সহযোগিতাই পাচ্ছি। বাংলাদেশে ফুটবল এবং ফুটবলারদের কেমন দেখছেন?রুবচিচ: সবকিছু ভালোই মনে হয়। এখানে সবচেয়ে ভালো লেগেছে, ভালো ফুটবলের প্রতি মানুষের আগ্রহ। ফেডারেশন কাপই এর প্রমাণ। ফুটবলারদের নিয়েও আমি খুশি। সব মিলিয়ে অল্প কয়েক দিনের অভিজ্ঞতাটা ভালোই। খারাপ কিছু চোখে পড়েনি?রুবচিচ: পড়েছে। ফেডারেশন কাপে দলগুলো খেলতে নেমেছে পূর্ণ প্রস্তুতি ছাড়াই। কন্ডিশনিং ক্যাম্প সেভাবে করতে পারেনি। একটা টুর্নামেন্টে খেলার আগে অবশ্য এই জিনিসটা করা উচিত। এশিয়ান গেমস আপনার প্রথম টুর্নামেন্ট (অনূর্ধ্ব-২৩)। পরশু (কাল) রওনা হচ্ছেন গুয়াংজু। একটু কি চাপ অনুভব করছেন?রুবচিচ: চাপ বলব না। তবে প্রথম টুর্নামেন্ট...বুঝতেই পারছেন, আমার জন্য একটা চ্যালেঞ্জ। ছেলেরা আমাকে হতাশ করবে না—এই আস্থা রাখছি ওদের ওপর। এশিয়ান গেমসে উজবেকিস্তান, আরব আমিরাতের মতো দলের সঙ্গে খেলবে বাংলাদেশ। হংকংও সহজ প্রতিপক্ষ নয়। আপনার লক্ষ্য কী?রুবচিচ: আগাম বলা কঠিন। তবে আমার লক্ষ্য দ্বিতীয় রাউন্ডে যাওয়া।