‘জুয়া মোর সংসার নরবরা করি দিছে’
চার সন্তানের মা হয়েছেন জোবেদা খাতুন (৩৫)। পাঁচ মাস আগেও তাঁর সংসারে সুখ ছিল, ছিল শান্তি। স্বামী ভুট্টু মিয়া রিকশা চালাতেন। সেই কাজ ছেড়ে ভুট্টু ধীরে ধীরে জুয়ার নেশায় মত্ত হয়ে ওঠেন। সবার অগোচরে একদিন রিকশা বিক্রি করে দেন। সেই টাকা জুয়া খেলে নষ্ট করেন। এখন ভুট্টুর হাত পড়েছে সংসারের টুকিটাকি জিনিসের ওপর। এ সংসারের দুর্দশার কথা জানালেন রংপুরের তারাগঞ্জ উপজেলার মেনানগর গ্রামের জোবেদা খাতুন।তিনি আরও জানান, পরিবারের লোকজন অনেক চেষ্টা করেও তাঁকে জুয়ার নেশা ছাড়াতে পারেনি। ঘরের খাট বিক্রি করেও জুয়া খেলে নষ্ট করেছেন ভুট্টু। তিনি এখন ঠিকমতো বাসায় আসেন না, বাজার-সওদাও করেন না। অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে এখন জোবেদা খাতুনকে সংসার চালাতে হয়।একই অবস্থার শিকার পোদ্দার পাড়া গ্রামের গৃহবধূ হামিদা খাতুন (৩০)। তাঁর স্বামী ইকরচালী বাজারে পান-সিগারেটের দোকান করতেন। এক বিঘা জমি আর হালের বলদ ছিল তাঁর। জুয়ার নেশায় পড়ে তাঁর স্বামীও একে একে বিক্রি করে দেন সবকিছু। হামিদা খাতুন এখন পোদ্দার পাড়া গ্রামের সাইফুলের চালের কলে ধান সেদ্ধ করে সংসার চালান।শুধু জোবেদা আর হামিদা নন, স্বামী নিয়ে এমন বিপাকে পড়েছেন উপজেলার পাঁচটি ইউনিয়নের অগনিত গৃহবধূ। ছুট ইকরচালী গ্রামের আয়না খাতুন (২৯) বলেন, ‘জুয়া মোর সংসার নরবরা করি দিছে। কাম কাজ না করি মোর স্বামী দিন-রাইত খালি জুয়া খেলায়। এই জন্যে মোক মাইনসের বাড়িত কাম করি খাবার নাগেছে।’ফকিরপাড়া গ্রামের মোসলেমা খাতুন (৩৩) বলেন, ‘হিরোইনের চেয়ে বড় খারাপ নেশা জুয়া (তাসের খেলা)। হিরোইন খেলে ধীরে ধীরে টাকা নষ্ট হয়। জুয়া এক রাতেই সব শেষ করি দেয়।’ডাঙ্গাপাড়া গ্রামের ভোদা মিয়া (৩৮) জানান, জুয়ার নেশা মরণ নেশা। এ নেশার পথে আসলে ফকির না হওয়া পর্যন্ত ফেরা কঠিন। একই গ্রামের কুদু মোজা (৩৮) জানান, জুয়া খেলার জন্য টাকার কোনো অভাব হয় না। খেলার সময় টাকা শেষ হলে মুঠোফোন সেট, হাত ঘড়ি, জিম্মি রেখে টাকা নেওয়া যায়। জগদীশপুর গ্রামের সেকেন্দার হোসেন (৪২) বলেন, ‘জুয়া খেলবার যায়া মুই ধ্বংস হনু। ৩০ শতক জমি আর হালের গরু ব্যাচে ফেলানু।’ উত্তর পাড়া গ্রামের ময়না খাতুন (২৭) বলেন, ‘জুয়ার নেশায় পড়ে মোর স্বামী সংসারের সউক শেষ করি দিছে।’খোঁজ নিয়ে জানা গেছে, বুড়িরহাট বাজারের পেছনে, ওকড়াবাড়ী পাইকারি কৃষিবাজার, চান্দেরপুকুর হাট, শুকান দিঘীর পাড়, বিড়াবাড়ির হাট, শাহ্পাড়ার দোলা, বাড়াতির বাজার, বামন দিঘী, ইকরচালী কবরস্থান, মাটিয়ালের ভিটা, আসামগঞ্জ, হাতিবান্ধার বাজার, চিকলীর বাজারসহ উপজেলার বেশ কয়েকটি স্থানে তিন তাসের জুয়া খেলা চলছে। খেলায় আসা লোকজন মধ্য ও নিম্নবিত্ত পরিবারের। প্রতিদিন তাঁরা উপার্জনের অর্থ জুয়ার পেছনে শেষ করেন। অনেকেই সংসারের জিনিসপত্র বন্ধক রেখেও জুয়া খেলেন। ইকরচালী ইউপির সদস্য বাবলু মিয়া ও হাড়িয়ারকুঠি ইউপির সদস্য মোস্তফা জানান, দুই ইউনিয়নের শতাধিক মানুষ জুয়ার নেশায় পড়ে নিঃস্ব হয়েছে। সয়ার ইউপির সদস্য আবদুল হামিদ বলেন, ‘জুয়ারুদের বাধা করলে তারা শোনে না। উল্টো আমাদের গালিগালাজ করে।’ হাড়িয়ারকুঠি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেকেন্দার আলী বলেন, ‘ছয় মাস আগে চান্দেরপুকুর বাজারে জুয়া খেলা বন্ধ করতে গিয়ে আমার ইউনিয়নের তিনজন গ্রাম্য পুলিশ জুয়ারুদের হাতে লাঞ্ছিত হয়েছে। বিষয়টি পুলিশকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে গ্রাম্য পুলিশরা এখন জুয়া বন্ধে নিরুৎসাহিত হয়ে পড়েছে।’তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাছিউল আলম বলেন, ‘আমি নতুন এসেছি। দু-এক দিনের মধ্যে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’