‘জেগে থাকা’র প্রত্যয়ে বন্ধুসভার জাতীয় সমাবেশ শুরু (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই হাজার নবীন মুখ জড়ো হয়েছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে শালবন ঘেরা স্কাউট প্রশিক্ষণকেন্দ্রে। সবাই ‘প্রথম আলো’র বন্ধুসভার সদস্য। ঝরাপাতার বনে ফাল্গুনের এই সময়ে হাজারো নবীনের সম্মিলন, প্রায় ন্যাড়া হয়ে যাওয়া গাছ-গাছালিতে যেন যোগ করেছে নতুন পল্লবের। ‘আমরা জেগে আছি’—এই প্রতিপাদ্য নিয়ে দুই দিনব্যাপী বন্ধুসভার জাতীয় বন্ধু সমাবেশ আজ শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে। সমাবেশ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৭০টি বন্ধুসভার সদস্যরা আসতে শুরু করেন। আজও আসেন অনেকে।সকাল ১০টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দুই দিনের এই আয়োজন। উদ্বোধন করেন হাবিবুল আলম বীর প্রতীক। তিনি এ সময় আগত বন্ধুদের উদ্দেশে বলেন, ‘যেটা ন্যায়, সেটার সঙ্গে থাকবে, সব সময় অন্যায়ের বিরোধিতা করবে। যুদ্ধ করে আমরা দেশটা স্বাধীন করেছি। দেশকে এবার এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমাদের।’নবীনদের এই সমাবেশে তরুণ প্রজন্মের সাহসিকতার সাম্প্রতিক উজ্জ্বল উদাহরণ শাহবাগের প্রসঙ্গ যে আসবে, সেটাই স্বাভাবিক। সমাবেশে আসা অতিথিদের সবাই এবং সেই সঙ্গে নবীনরা শাহবাগে উচ্চারিত মুহুর্মুহু স্লোগানে স্কাউট ভবনের চারপাশ ভরিয়ে তোলেন। এ ছাড়া যুদ্ধাপরাধীদের বিচারের দাবিও ওঠে এ সমাবেশে। এসব স্লোগান চলার সময় স্বাগত বক্তব্য দেন ‘প্রথম আলো’র সহযোগী সম্পাদক আনিসুল হক। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের মতো এত সৃজনশীল মানুষ কোথাও নেই। গত ৪০ বছরে এ দেশের মানুষ অসাধ্য সাধন করেছে। আগামী ৫০ বছরে বাংলাদেশ হবে পৃথিবীর বিস্ময়। নতুন প্রজন্মের তরুণেরাই হবে এই বিস্ময়কর বাংলাদেশের নির্মাতা।’আজ দুপুরের আগে আগামী দুই বছরের জন্য বন্ধুসভার জাতীয় কমিটির ঘোষণা দেন আনিসুল হক। ৫২ সদস্যের এ কমিটির সভাপতি হলেন আগের কমিটির সভাপতি আব্দুন নূর তুষার, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। আগের কমিটির সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন হলেন নতুন কমিটির নির্বাহী সভাপতি।নতুন নির্বাচিত সভাপতি আব্দুন নূর তুষার এ সময় বলেন, মানুষের পরিচয় হয় তার সৃজনশীলতায়, আত্মত্যাগে। বাহ্যিক চাকচিক্য পরিহার করে সমাজ বদলের সংগ্রামে সবাইকে ব্রতী হওয়ার আহ্বান জানান তিনি।বন্ধুসভার প্রাণ হিসেবে পরিচিত জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন বলেন, ‘সমাবেশ থেকে গিয়ে দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা একদিন থাকব না। কিন্তু যারা এই দেশে জন্মাবে, তাদের জন্য নিরাপদ গণতন্ত্র ও উদার দেশ উপহার দিয়ে যাব। দেশ গড়ার কাজটাই বন্ধুসভার প্রধান কাজ।’কমিটি ঘোষণার পর বন্ধুসভার ঢাকা মিরপুরের সদস্যরা ‘জেগে ওঠো বাংলাদেশ, লাল-সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও’ গানের সঙ্গে নাচ পরিবেশন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডা. মোহিত কামাল, এনার্জিপ্যাকের পরিচালক রেজওয়ানুল কবীর, গোল্ডেন হারভেস্টের পরিচালক মোহিত উস সামাদ চৌধুরী, ওয়ালটনের নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর প্রমুখ। শালবনের ফাঁকে ফাঁকে ছাই রঙা ২০০-এর বেশি তাঁবুতে বন্ধুসভার বন্ধুদের দুই দিনের নতুন আবাস। তবে সেই তাঁবুতে থাকার অবসর কমই পাচ্ছেন বন্ধুরা। অনুষ্ঠানের মূল মঞ্চেই আজ বেশির ভাগ সময়টা কেটেছে তাঁদের। সমাবেশ উপলক্ষে বানানো টি-শার্ট গায়ে প্রাণোচ্ছল নবীনরা মেতে উঠেছেন উত্সবের আমেজে। পুরোনো বন্ধুদের আবার ফিরে পাওয়ার আনন্দে মশগুল অনেকে। কিশোরগঞ্জের বন্ধুসভার সদস্য কামরুন্নাহার মনে করেন, এই সমাবেশে শুধু নতুন বন্ধু তৈরি হয় না, অন্য বন্ধুরা কী ভালো কাজ করছেন, তা জানারও সুযোগ করে দেয়। জাতীয় বন্ধু সমাবেশে সহযোগিতা করছে সামিট, গোল্ডেন হারভেস্ট, ওয়ালটন ও এনার্জিপ্যাক।