‘জেগে থাকা’র প্রত্যয়ে বন্ধুসভার জাতীয় সমাবেশ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই হাজার নবীন মুখ। জড়ো হয়েছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে, শালবনঘেরা স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে। সবাই প্রথম আলো বন্ধুসভার সদস্য। ঝরা পাতার বনে ফাল্গুনের এই সময়ে হাজারো নবীনের সম্মিলন, প্রায় ন্যাড়া হয়ে যাওয়া গাছগাছালিতে যেন যোগ করেছে নতুন পল্লবের। এনেছে সজীবতা। এসব সজীব প্রাণের অনবদ্য ঘোষণা ‘আমরা জেগে আছি’ প্রতিপাদ্য নিয়ে দুই দিনব্যাপী বন্ধুসভার জাতীয় বন্ধু সমাবেশ গতকাল শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে। সমাবেশ উপলক্ষে গত বৃহস্পতিবার থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৭০টি বন্ধুসভার সদস্যরা আসতে শুরু করেন। গতকাল সকালেও অনেকে আসেন।সকাল ১০টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দুই দিনের আয়োজন। উদ্বোধন করেন হাবিবুল আলম বীর প্রতীক। তিনি বললেন, যেটা ন্যায়, সেটার সঙ্গে থাকবেন, অন্যায়ের বিরোধিতা করবেন। একাত্তরের রণাঙ্গনের এই সাহসী যোদ্ধা সমাবেশে আসা নবীন প্রজন্মের উদ্দেশে আরও বলেন, ‘যুদ্ধ করে আমার দেশটা স্বাধীন করেছি। দেশকে এবার এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমাদের।’ এই এগিয়ে নিয়ে যাওয়ার সংগ্রামে যেকোনো আপসকামিতার বিরোধিতার পরামর্শ দিলেন তিনি।স্বাগত বক্তব্য দিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। তিনি বলেন, বাংলাদেশের মানুষের মতো এত সৃজনশীল মানুষ কোথাও নেই। গত ৪০ বছরে এ দেশের মানুষ অসাধ্য সাধন করেছে। দারিদ্র্য জয় করতে শিখেছে। আগামী ৫০ বছরে বাংলাদেশ হবে পৃথিবীর বিস্ময়।নতুন প্রজন্মের মানুষই এই বিস্ময়কর বাংলাদেশের নির্মাতা, এমন মন্তব্য করে আনিসুল হক বলেন, বাংলাদেশকে গড়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে।গতকাল দুপুরের আগে আগামী দুই বছরের জন্য বন্ধুসভার জাতীয় কমিটির ঘোষণা দেন আনিসুল হক। ৫২ সদস্যের এই কমিটির সভাপতি হলেন আগের কমিটির সভাপতি আব্দুন নূর তুষার, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। আগের কমিটির সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন হলেন নতুন কমিটির নির্বাহী সভাপতি।আব্দুন নূর তুষার বাহ্যিক চাকচিক্য পরিহার করে সমাজবদলের সংগ্রামে ব্রতী হওয়ার আহ্বান জানান। সাইদুজ্জামান রওশন বলেন, ‘দেশ গড়ার কাজটাই বন্ধুসভার প্রধান কাজ।’উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডা. মোহিত কামাল, এনার্জিপ্যাকের পরিচালক রেজওয়ানুল কবীর, গোল্ডেন হারভেস্টের পরিচালক মোহিতউস সামাদ চৌধুরী, ওয়ালটনের নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর প্রমুখ।শালবনের ফাঁকে ফাঁকে ছাই রঙা দুই শতাধিক তাঁবুতে বন্ধুসভার বন্ধুদের দুই দিনের নতুন আবাস। তবে সেই তাঁবুতে থাকার অবসর কমই পাচ্ছেন বন্ধুরা। অনুষ্ঠানের মূল মঞ্চেই গতকালের বেশির ভাগ সময়টা কেটেছে। সমাবেশ উপলক্ষে বানানো টি-শার্ট গায়ে জুড়ে প্রাণোচ্ছল নবীনেরা মেতে উঠেছেন উৎসবের আমেজে। পুরোনো বন্ধুদের আবার ফিরে পাওয়ার আনন্দে মশগুল অনেকে।শালগাছের গায়ে সাদা রঙের বড় কাপড়ে বন্ধুসভাকে ভালো লাগার নানা অনুভূতির কথা লিখেছেন অনেকে। ‘এসো, সবাই হাত মিলিয়ে এগিয়ে যাই’ ঠাকুরগাঁও বন্ধুসভার এই আহ্বানে পুরো সমাবেশস্থলের প্রত্যয় লেখা হয়েছে।গতকাল দুপুরের বিরতির পর মূল মঞ্চে শুরু হয় অঞ্চলভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান। চলে সন্ধ্যা পর্যন্ত।জাতীয় বন্ধু সমাবেশে সহযোগিতা করছে সামিট, গোল্ডেন হারভেস্ট, ওয়ালটন ও এনার্জিপ্যাক।