অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প থেকে বহিষ্কার হয়েছিলেন। পোখারায় অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে সুযোগ পেয়েও কোনো ম্যাচ খেলতে পারেননি। তবে এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বে আলাদাভাবে নজর কেড়েছেন তকলিচ আহমেদ। নেপালের বিপক্ষে জয়ে ছিল বড় অবদান। নর্দার্ন মারিয়ানার বিপক্ষে করেন জোড়া গোল। জাতীয় দলে স্মরণীয় শুরুর পর এখন স্থায়ীভাবে দলে থাকতে চান সিলেটের ১৮ বছরের তরুণ প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেলেন। সফরটা কেমন কাটল?তকলিচ আহমেদ: এটা আমার জন্য স্মরণীয় এক সফর। প্রথমবার দলে ডাক পেয়েই সেরা একাদশে খেলার সুযোগ পেলাম। যদিও প্রথম ম্যাচে বদলি হিসেবে নেমেছিলাম। কিন্তু পরের দুই ম্যাচে ছিলাম একাদশে। দলের সবচেয়ে জুনিয়র আপনি। অন্যদের কাছ থেকে কেমন সহযোগিতা পেয়েছেন? তকলিচ: সবাই আমাকে অনেক সাহায্য করেছে। বিশেষ করে সিনিয়র ভাইয়েরা আমাকে বলেছেন—এটা করো, ওটা করো না। আপনি তো এর আগে অনূর্ধ্ব-১৯ দলেও খেলেননি। এভাবে দলে সুযোগ পাবেন। এতটা কি আশা করেছিলেন?তকলিচ: সত্যি কথা বলতে আমি আশাই করিনি যে এত তাড়াতাড়ি জাতীয় দলে সুযোগ পাব। কোচ আমাকে অনেক ঝুঁকি নিয়েই খেলিয়েছেন। আমি কোচের মান রাখতে পেরেছি বলে ভালো লাগছে। আমি খুব খুশি। আপনার কোন জিনিসটা দেখে কোচ পছন্দ করেছেন?তকলিচ: অনুশীলনে কোচ দেখেছেন যে আমি রানিংয়ে-শ্যুটিংয়ে খুব ভালো। আমার মনে হয়, এটা দেখেই কোচের মনে হয়েছে আমি পারব। আপনার তো অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে একটা তিক্ত অভিজ্ঞতা ছিল বিকেএসপিতে। আপনাকে বহিষ্কার করা হয়েছিল। মনে পড়ে ঘটনাটা?তকলিচ: মনে পড়বে না কেন? তখন আমাদের কোচ ছিলেন নিকোলা ইলিয়েভস্কি। আমি যেদিন ক্যাম্প ছেড়ে এলাম সেদিন থেকেই মনের মধ্যে জেদ ছিল একদিন জাতীয় দলে খেলব। যেদিন বিকেএসপি থেকে বেরিয়ে আসতে হলো সেদিন কী যে কষ্ট পেয়েছিলাম! আমি সারা রাত ঘুমাতে পারিনি। বারবার মনে হচ্ছিল কখনো সুযোগ এলে আমি দেখিয়ে দেব। নিজেকে প্রমাণ করব। আমার ভেতরের জেদটাই আমাকে এখানে এনেছে। নর্দার্ন মারিয়ানার বিপক্ষে ২ গোলের মধ্যে কোনটাকে আলাদা বলবেন?তকলিচ: ৪০ সেকেন্ডে যে গোলটা করি সেটা আমার সবচেয়ে স্মরণীয় গোল। এটা আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের একটা রেকর্ড। জানতেন?তকলিচ: আমি জানতাম না। খেলা শেষে সবাই বলছিল এটা। অবশ্য এএফসিতে গোলটা দুই মিনিটের সময় হয়েছে বলে শুনেছি। প্রথম দলে সুযোগ পেলেন। নিশ্চয়ই বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনরা খুব রোমাঞ্চিত ছিল?তকলিচ: আমি নিজেই রোমাঞ্চিত ছিলাম বেশি। নেপালে গিয়ে প্রথম রাতে ঘুমই আসছিল না। পরে বাড়িতে ফোন করেছিলাম। সবাই বলল খেলা দেখেছে। অনেকে আমাকে শুভেচ্ছাও জানিয়েছে। ম্যাচের দিন আমার মা নামাজে বসে কান্নাকাটি করত, দোয়া করত আমার জন্য। আমার বোন তো পুরো ম্যাচ দেখত না। কোরআন শরিফ পড়তে শুরু করত খেলা শুরু হলে। পর্যটন নগর কাঠমান্ডুর কোথায় ঘুরলেন?তকলিচ: আসলে আমরা কোথাও বেড়ানোর সুযোগ পাইনি। হোটেল আর প্র্যাকটিস—এর মধ্যেই ছিলাম। নতুন কোচকে কেমন মনে হলো?তকলিচ: কোচ অনেক ভালো। কড়া হেডমাস্টারের মতো না। আমাদের সঙ্গে সহজেই মিশে যেতে পারেন। এটা তার বড় একটা গুণ। কার অনুপ্রেরণায় ফুটবলে এসেছেন?তকলিচ: আমার সিলেটের কোচ মাসুক ভাই, সোহেল ভাই, রাহেল ভাই এদের কথা খুব মনে পড়ছে। ওনারা আমাকে অনেক সাহায্য করেছেনে। আরেকটা কথা বলতে চাই, আমার বাবা বেঁচে নেই। আজ সবচেয়ে বেশি খুশি হতেন বাবাই। সবে ক্যারিয়ার শুরু করলেন। এখন নিজেকে কোথায় দেখতে চান?তকলিচ: অনেক দিন যেন জাতীয় দলে খেলতে পারি সেটাই চাই।