‘জেনেশুনেই স্ট্রাইকার হয়েছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। এই উচ্চতা নিয়ে স্ট্রাইকার হওয়া কঠিন। তার পরও মিঠুন চৌধুরী দেশের উদীয়মান স্ট্রাইকারদের মধ্যে নজর কাড়ছেন। কাল বদলি হিসেবে নেমে ২ গোল করে বাংলাদেশ লিগে মুক্তিযোদ্ধাকে এনে দিয়েছেন শুভসূচনা। ম্যাচের পর বললেন নিজের ভবিষ্যৎ এবং প্রাসঙ্গিক অনেক বিষয় নিয়ে  বদলি হিসেবে দুই গোল করে দলকে জিতিয়েছেন। নিশ্চয়ই খুব খুশি?মিঠুন চৌধুরী: আমি খুবই খুশি। দলকে জেতানোর অনুভূতিই আলাদা। আপনি তো উচ্চতায় খাটো। এই উচ্চতা নিয়ে স্ট্রাইকার হিসেবে খেলা তো কঠিন?মিঠুন: আমাকে স্ট্রাইকার বানিয়েছেন আমার ওস্তাদ দোলন ভাই। নারায়ণগঞ্জ ফুটবল একাডেমিতে আমি তাঁর কাছেই বেড়ে উঠেছি। দোলন ভাই মনে করেছেন, আমি যেহেতু ফুটবলটা ভালো খেলি, স্ট্রাইকার হলে সমস্যা নেই। আমি পারব। কিন্তু এখন কি মনে হয় না, এই উচ্চতা নিয়ে স্ট্রাইকার হওয়া বিরাট এক চ্যালেঞ্জ?মিঠুন: চ্যালেঞ্জ তো অবশ্যই। জেনেশুনেই স্টাইকার হয়েছি। জানতাম, আমাকে গোল পেতে হলে অনেক ফাইট করতে হবে। লম্বা ডিফেন্ডারদের সঙ্গে অনেক সময় বাতাসে পেরে ওটা সম্ভব হয় না। কিন্তু আমি হাল ছাড়ি না। আল্লাহর রহমতে গোল তো পাচ্ছি।  গত দুই মৌসুমে তো গোটা কুড়ি গোল পেয়েছেন। এতেই কি আপনি সন্তুষ্ট?মিঠুন: আমি সন্তুষ্ট নই। তবে গত দুই মৌসুমে চট্টগ্রাম আবাহনীর হয়ে ১৯ গোল করাও কম নয়।  চট্টগ্রাম আবাহনীতে তো বাইন্ডিংস হিসেবে একটা ঝামেলায় পড়েছিলেন...মিঠুন: আসলে ওদের সঙ্গে আমার এক বছরের চুক্তি ছিল। কিন্তু ওরা চুক্তির কপি জাল করে দুই বছর বানিয়ে ফেলে। এ কারণে বাধ্য হয়ে গত বছর চট্টগ্রাম আবাহনীতেই খেলতে হয়েছে। একটা উঠতি প্লেয়ারের সঙ্গে ওদের এই আচরণ ঠিক হয়নি। ফুটবল ফেডারেশনের কাছে প্রতিকার চেয়েও ফল পাইনি।  এবার মুক্তিযোদ্ধায় এলেন। বড় দলে খেলার সুবিধা কী?মিঠুন: অনেক সুবিধা। যেমন ধরুন, আমাদের কোচ মারুফ ভাইয়ের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আপনি আমার উচ্চতার কথা বলছিলেন, খাটো হলে কিছু টেকনিক প্রয়োগ করতে হয় মাঠে। মারুফ ভাই সেগুলো আমাকে দেখিয়ে দিয়েছেন। আপনি সব বয়সভিত্তিক দল পেরিয়ে জাতীয় দলেও ঢুকেছেন। সামনে লক্ষ্য কী?মিঠুন: লক্ষ্য জাতীয় দলে জায়গা স্থায়ী করা। এটাই এখন আমার একমাত্র স্বপ্নও বলতে পারেন। দলে এখন অনেক প্রতিদ্বন্দ্বিতা। তার পরও নিজের সামর্থ্যে আমার আস্থা আছে। শুনেছি, আপনি কষ্ট করে বেড়ে উঠেছেন। কতটা কষ্ট করতে হয়েছে?মিঠুন: কষ্ট বলতে আমার মা-বাবা নেই। পাঁচ বোনের এক ভাই আমি। তা-ও সবার ছোট। বুঝতেই পারছেন সে অর্থে আমার কোনো অভিভাবক নেই। তাহলে কীভাবে এতটা পথ এসেছেন?মিঠুন: আমার বোনেরা অনেক সহযোগিতা করেছে এবং এখনো করছে। নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামের পাশে আমাদের বাসা। সেই বাসায় আমার দুই বোনও থাকে। যদিও সবারই বিয়ে হয়ে গেছে। ওরাই আমার অভিভাবক।