পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কাল উদ্বোধন করা হলো বর্তমান সরকারের সময়ে গৃহীত ক্রীড়াপ্রতিভা অন্বেষণের দ্বিতীয় পর্ব। এই কর্মসূচিতে অ্যাথলেটিকসের বাছাইপ্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত সাবেক অ্যাথলেট রাজিয়া সুলতানা (অনু)। ১৯৭৩ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ৪০০ মিটারে টানা চ্যাম্পিয়ন এই অ্যাথলেট নতুন করে স্বপ্ন দেখছেন বাংলাদেশের অ্যাথলেটিকস নিয়ে আপনাকে খুবই ব্যস্ত দেখাচ্ছে...রাজিয়া সুলতানা (অনু): ব্যস্ত তো একটু হতেই হবে। দ্বিতীয় পর্যায়ের এই অ্যাথলেটদের নিয়ে নতুন করে কার্যক্রম শুরু করব বলে কথা। এ ধরনের প্রতিভা অন্বেষণ কর্মসূচি আগেও একবার শুরু হয়ে মাঝপথে থেমে গিয়েছিল...রাজিয়া: এর আগে ২০০০ সালে শুরু হওয়ার পর সেটা বন্ধ হয়ে গিয়েছিল। ওটা মাথায় রেখেই বলছি, ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ। বিউটি, চুমকিদের মতো অ্যাথলেট এই প্রতিভা অন্বেষণ থেকেই উঠে এসেছে। আমরা চাই, এখন যারা এখানে এসেছে তারাও যেন ভবিষ্যতে বড় অ্যাথলেট হতে পারে। এবার কেমন সাড়া পেয়েছেন? রাজিয়া: জেলাগুলোয় প্রতিভা অন্বেষণে গিয়ে ব্যাপক সাড়া পেয়েছি সাধারণ মানুষের কাছ থেকে। খেলোয়াড় বাছাইয়ের জন্য নির্দিষ্ট কিছু নিয়মকানুন ছিল, তাই চাইলেও বেশি নিতে পারিনি। যাকে বাদ দিয়েছি তারই মন খারাপ হয়েছে। বলে, ম্যাডাম আমি কী দোষ করলাম! বাছাইপ্রক্রিয়াটা যদি একটু খুলে বলেন...রাজিয়া: প্রথমে বিভিন্ন জেলায় মাইকিং করেছি। এ ছাড়া স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে, স্কুলগুলোয় চিঠি দিয়ে এবং বিভিন্ন স্থানে ব্যানার টাঙিয়ে সবাইকে জানিয়েছি। সেখান থেকে উন্মুক্ত ট্রায়ালে প্রথমে ওদের দমের পরীক্ষা নিয়েছি, রক্ত পরীক্ষা করিয়েছি। এরপর উচ্চতা ও শারীরিক গড়ন দেখার পর ২১ দিন প্র্যাকটিস করিয়েছি। বয়সের বাধ্যবাধকতা নিশ্চয়ই ছিল?রাজিয়া: তা তো ছিলই। মনে হচ্ছিল সবাই ভালো। তবে যাদের দেখে বয়স কম মনে হয়েছে তাদেরই চার বছর প্র্যাকটিস করালে কিছু পাব বলে আশা রাখি। ১৮-১৯ বছর বয়সী ভালো মানের অ্যাথলেটও পেয়েছি। কিন্তু ওদের তো বেশি দিন ধরে রাখতে পারব না। স্প্রিন্ট, দূরপাল্লার দৌড়, দীর্ঘ লাফ—এভাবে ইভেন্ট ধরে ধরে বাছাই করেছেন?রাজিয়া: না, সেভাবে নয়। বেশি জোর দিয়েছি স্প্রিন্টে। যেহেতু এর আগে আমাদের সাফের স্প্রিন্টে সোনার পদক আছে, তাই আমরা স্প্রিন্টের সঙ্গে জাম্প নিয়ে বেশি কাজ করতে চাই। অন্য কোনো ইভেন্ট নয় কেন?রাজিয়া: বাস্তবতা হলো, থ্রো ইভেন্টে আদৌ আন্তর্জাতিক পর্যায়ে যাব কি না বলা সম্ভব না। সাইদুর রব, এমরানদের মতো থ্রোয়ার এখন নেই। আমাদের দৈহিক গঠন পশ্চিমাদের মতো নয়। প্রথম সপ্তাহে কন্ডিশনিং ক্যাম্পের পর যাদের স্প্রিন্টে ভালো মনে হয়েছে, তাদের স্প্রিন্টে নিয়েছি। আবার যাদের মনে হয়েছে জাম্পে ভালো তাদের নিয়েছি জাম্পে। সম্ভাবনাময় কাউকে দেখেছেন? রাজিয়া: অবশ্যই। দু-একজনকে দারুণ সম্ভাবনাময় লাগছে। দেখুন, আমাদের সমস্যা হলো একটা ফুলগাছ দেখলেই আমরা ছিঁড়ে ফেলি। কিন্তু আমাদের উচিত সেটাকে পানি দিয়ে বাঁচিয়ে রাখা। এভাবেই অ্যাথলেট আসে। আমরা সবকিছু রেডিমেড পেয়ে যাব তা তো নয়। আমি যদি কাউকে ঘষামাজা করি তাহলেই ফল আসবে। এটির ধারাবাহিকতা নিয়ে কতটা আশাবাদী?রাজিয়া: আগেই বলেছি, ধারাবাহিকতা ধরে রাখতে হবে। এটা ভালো উদ্যোগ। স্বাধীনতার পর ক্লাবভিত্তিক যে ট্যালেন্ট হান্টিং হয় ঢাকা মহানগরে, সেখান থেকেই আমি উঠে এসেছি। ওই যে এলাম, আর ছেড়ে যাইনি।