৬৪টি জেলায় শেষ হয়েছে এয়ারটেল-রাইজিং স্টারস খুদে ফুটবলার বাছাইপর্ব। পুরো প্রক্রিয়ার সঙ্গে কোচ হিসেবে আছেন সাবেক ফুটবলার আবদুর রাজ্জাক। অনেক অভিজ্ঞতা হয়েছে তাঁর। সেসব নিয়েই কথা বললেন সারা দেশে শেষ হলো এয়ারটেল-রাইজিং স্টারসের জেলা পর্যায়ের ফুটবলার বাছাই। উদ্যোগটা কীভাবে দেখছেন?আবদুর রাজ্জাক: উদ্যোগটা অসাধারণ। এটা সত্যিই প্রশংসনীয়। এই বাছাই-প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকে আমি বাংলাদেশের অনেক জেলায় ঘুরেছি। বাংলাদেশে ফুটবল হারিয়ে যায়নি, সেটার একটা দৃষ্টান্ত দেখলাম। পাশাপাশি কিছু ভয়াবহ চিত্রও দেখেছি। সেটা কেমন?রাজ্জাক: ভয়াবহ এই অর্থে, আমাদের জেলা পর্যায়ের বেশির ভাগ সংগঠকেরই কার্যক্রম খুব নিচু মানের। সাংগঠনিক দক্ষতা নেই। রেফারির মান খারাপ। ডিএফএ (জেলা ফুটবল অ্যাসোসিয়েশন) একেবারেই সক্রিয় নয়। কর্মকর্তারাও সক্রিয় নন। প্রশাসনিক কোনো দক্ষতা নেই। এমন বড় মাপের কার্যক্রম চালানোর ক্ষমতাও তাঁদের নেই। ঢাকার বাইরের জেলাগুলোতে কেমন সাড়া পেয়েছেন?রাজ্জাক: জেলায় জেলায় অভাবনীয় সাড়া মিলেছে। যেখানেই গিয়েছি, সেখানেই দেখেছি নাম নিবন্ধন শেষ হওয়ার পরও অনেকে এসে অনুরোধ করেছেন, তাঁদের ছেলেকে সুযোগ দিতে। কোন জেলার খেলোয়াড়দের বেশি পছন্দ হয়েছে?রাজ্জাক: মফস্বল শহর হিসেবে বেশি পছন্দ হয়েছে সাতক্ষীরার খেলোয়াড়দের। তাদের দেখেই সহজাত খেলোয়াড় মনে হয়েছে। আমাদের সীমাবদ্ধতা ছিল, সারা দিনে ১৬ জনের বেশি বাছাই করা যাবে না। এদের আমরা স্টার কার্ড দিয়েছিলাম। ২০-৩০ জন নেওয়ার সুযোগ থাকলে তাদেরও নিতাম। উদ্যোগটা কী ধরনের?রাজ্জাক: সেখানে বাছাই করা ১৬ জনের বাইরে আরও ২৫ জন ফুটবলার বাছাই করেছি। এদের ১৫-২০ দিনের জন্য হলেও যেন অনুশীলন করায় স্থানীয় ডিএফএ। ছেলেদের বাছাই করতে গিয়ে বেশ হিমশিম খেতে হচ্ছিল। কেন হিমশিম খেতে হচ্ছিল? রাজ্জাক: একটা ছেলে ইয়েস কার্ড পায়নি বলে সে কী কান্না! বারবার বলছিল, ‘স্যার আমাকে শুধু ইয়েস কার্ড দেন, তাহলেই খুব খুশি হব। পরে আমাকে বাদ দিলেও সমস্যা নেই।’ বয়স বাছাইয়ের ক্ষেত্রে কতটুকু স্বচ্ছ ছিলেন আপনারা?রাজ্জাক: বয়স বাছাইয়ের যে ডাক্তারি নিয়ম থাকে, সেগুলো মেনেই খেলোয়াড় বাছাই করা হয়েছে। অন্যরা কী করেছে জানি না। তবে আমি শতভাগ স্বচ্ছ ছিলাম। আপনার কি মনে হয়, সঠিক খেলোয়াড়কেই বেছে নেওয়া সম্ভব হয়েছে?রাজ্জাক: আমার জানামতে, স্বজনপ্রীতি হয়নি। কারণ, এখানে জেলা পর্যায়ে খেলা হয়েছে ঠিকই, তবে জেলার কেউ যুক্ত ছিল না বাছাই-প্রক্রিয়ায়। আমার পরিচিত অনেকেই খেলানোর অনুরোধ নিয়ে এসেছিল। তবে আমি তাদের বুঝিয়েসুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। কীভাবে এই বাছাইটা হয়েছে?রাজ্জাক: এক দিনে প্রায় আড়াই হাজার ছেলে নাম নিবন্ধন করেছে। একদলে ১০ জন করে ১৫ মিনিটের ম্যাচ। ইয়েস কার্ড পাওয়া খেলোয়াড়দের থেকে দিন শেষে ১৬ জন পেয়েছে স্টার কার্ড। বাছাই করা খেলোয়াড়দের তো ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়ে যাওয়া হবে...রাজ্জাক: হ্যাঁ, মূল আকর্ষণ তো এটাই। তার আগে ২৯ আগস্ট বিভাগীয় পর্যায়ের প্রতিভাবানদের বাছাই শুরু। সব বিভাগ থেকে বাছাই করা ২৫ জন নিয়ে বিকেএসপিতে অনুশীলন ক্যাম্প হবে। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড থেকে কর্মকর্তারা আসবেন। তাঁরা চূড়ান্ত বাছাই করে ১২ জনকে লন্ডনে নিয়ে যাবেন। লন্ডন থেকে ঘুরে আসার পর এই খেলোয়াড়েরা হারিয়ে যাবে না তো?রাজ্জাক: আমার ব্যক্তিগত মতামত হলো, এই তরুণদের বাফুফের হাতে তুলে দেওয়া হোক। অথবা বিকেএসপিতে পাঠিয়ে দেওয়া হোক।