‘জ্বর হলে মুরগ দিয়ে পূজা দিতে হয়’
‘জ্বর হইলে উজা (কবিরাজ) বলে তোমার উপর উপরি নজর পড়ছে। এ জন্য তোমাকে মুরগ দিয়ে পূজা দিতে হবে। সর্দি ও কাশি হলে বলে তোমাকে ভূতে ধরছে, এ জন্য মুরগ দিয়ে পূজা আর ঝাড়-ফুঁক ও তেল পড়া নিতে হবে।’ কথাগুলো বলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের এশিয়া মহাদেশের বৃহত্তর সুরমা চা-বাগানের ১০ নম্বর সেকশনের বাসিন্দা চা-শ্রমিক শংকর কৈরি।তিনি প্রথম আলোকে বলেন, চা-বাগানগুলোতে হাসপাতাল রয়েছে, কিন্তু চিকিৎসক নেই। শ্রমিকেরা অসুখ হলে প্রথমে বাগান হাসপাতালে আসেন। এখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। জটিল কোনো রোগ হলে তাঁকে ১৫ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু গাড়ি ভাড়া ও বিভিন্ন ঝামেলা এড়াতে সাধারণত শ্রমিকেরা বাধ্য হয়ে ওঝার বাড়িতে যেতে হয়। এ সুযোগে ওঝা হাতিয়ে নেন অনেক টাকা।হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ব্যক্তিমালিকানাধীন তিনটিসহ পাঁচটি চা-বাগান রয়েছে। নয়াপাড়া চা-বাগান ব্যতীত চারটি বাগানে চিকিৎসক নেই। ফার্মাসিস্ট দিয়ে চলছে এ বাগানগুলোর বিশাল জনগোষ্ঠীর চিকিৎসাসেবা কার্যক্রম। বাগানগুলো হলো নয়াপাড়া চা-বাগান, সুরমা চা-বাগান, জগদীশপুর চা-বাগান, তেলিয়াপাড়া চা-বাগান ও বৈকণ্ঠপুর চা-বাগান।সরজমিনে গত ২১ আগস্ট সুরমা চা-বাগানের ১০ নম্বর সেকশনে গিয়ে দেখা যায়, মাটির দেয়ালে তৈরি এক শয্যাবিশিষ্ট হাসপাতালের এক কক্ষে বসে আছেন ফার্মাসিস্ট জগদীশ গোয়ালা। তাঁর পাশে বসে আছেন হাসপাতালে কর্মরত ডেসার অজয় দেব আর বাশু দেব কৈরি। পাশের কক্ষে রয়েছে রোগীদের জন্য বরাদ্দ একটি বেড। আর এ বেডের নাম অনুযায়ী শ্রমিকেরা হাসপাতালের নাম দিয়েছেন এক শয্যা হাসপাতাল।ফার্মাসিস্ট জগদীশ গোয়ালা প্রথম আলোকে বলেন, সুরমা চা-বাগানে আতিয়ার রহমান নামের একজন চিকিৎসক ছিলেন। তিনি গত বছর চাকরি ছেড়ে চলে গেছেন। এর পর থেকে তিনিই এ হাসপাতালে রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন। তেলিয়াপাড়া চা-বাগানের ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার রায় প্রথম আলোকে বলেন, বাগানে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা যোগদান করে কিছু দির পর চাকরি ছেড়ে চলে যান। বর্তমানে ফার্মাসিস্ট দিয়ে চিকিৎসাসেবা চালিয়ে যাওয়া হচ্ছে। শ্রমিকেরা জটিল কোনো রোগে আক্রান্ত হলে বাগানের বাইরে পাঠানো হয়।জগদীশপুর চা-বাগানের ব্যবস্থাপক সৈয়দ মাহমুদ হাসান বলেন, শ্রমিকদের দুর্ব্যবহারের কারণে বাগানগুলোতে চিকিৎসক বেশি দিন থাকতে চান না।মাধবপুর উপজেলার ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাস গুপ্ত বলেন, বাগানগুলোতে চিকিৎসক নেই, এটি খুবই দুঃখজনক। চা-শ্রমিকেরা স্বল্প বেতনে চাকরি করেন। বাগানের বাইরে গিয়ে চিকিৎসা নেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। বিষয়টি গুরুত্ব সহকারে বাগান কর্তৃপক্ষের দেখা দরকার।