নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অসহনীয় পর্যায়ে। বাজার থেকে মানুষ ঘরে ফিরছে রাজ্যের হতাশা নিয়ে। এ অবস্থায়ই আরেক দফা বেড়েছে জ্বালানি তেল ও সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম। এর সঙ্গে বাড়ানো হয়েছে বাস ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া। এভাবে দাম বাড়ায় নগরজীবনে আয়-ব্যয়ের তাল সামলাতে হিমশিম খেতে হচ্ছে নগরবাসীকে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মন্তব্য নিয়ে আয়োজন। লিখেছেন আল-আমিন হক‘সাধারণ মানুষের কথা না ভেবে এভাবে বারবার তেল-গ্যাসের দাম বাড়ানো মোটেই ঠিক নয়। বিশ্ববাজারে আলু-পটোলের দাম কত আর আমাদের দেশে কত? নিয়ন্ত্রণ করতে হলে সবকিছুর দাম নিয়ন্ত্রণ করতে হবে।’ তেল-গ্যাসের দাম বাড়ায় অনেকটাই ক্ষুব্ধ গ্রিন রোডের বাসিন্দা অরুণান্দ সরকার। তাঁর মতে, সাধারণ মানুষের কথা সরকারের ভাবা উচিত।তেজগাঁও কলেজের সামনে পেঁয়াজু, চপ বিক্রি করেন নিয়ামুল হক। প্রতিদিন তাঁর ১০ থেকে ১২ লিটার কেরোসিন লাগে। এখন লিটারে পাঁচ টাকা করে বেশি লাগায় তাঁর মাসিক ব্যয় বেড়ে যাবে এক হাজার ৫০০ থেকে এক হাজার ৮০০ টাকা। তাঁর মতে, ‘এভাবে তো দেশে বাঁচা যাবে না, সবকিছুরই দাম তো বাড়তাছে, সরকার কী করতেছে? সরকার যদি আমাদের মতো সাধারণ মানুষের কথা না ভাবে, তাহলে আমরা যামু কোথায়?’মহাখালীতে বিআরটিসি বাসের ভেতর কথা হয় জনতা ব্যাংকের কর্মকর্তা আবির আহমেদের সঙ্গে। জ্বালানির দাম বাড়ানোকে তিনি অহেতুক মনে করেন। তাঁর মন্তব্য, ‘দাম বাড়ানোয় সরকারের চার হাজার কোটি টাকা আয় হবে। কিন্তু দেশে তো হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হচ্ছে, আগে সেটা বন্ধ করুক সরকার।’ তাঁর কথায় সায় দিয়ে কলেজছাত্র রিপন আহমেদ বললেন, ‘সরকারের ওপর জনগণ দিন দিন আস্থা হারাচ্ছে, তাই সরকার দাম বাড়ানোর যে অজুহাত দিচ্ছে, তা সাধারণ মানুষ বিশ্বাস করতে চায় না।’ বারবার এমনভাবে সবকিছুর দাম বাড়ায় বিপদে আছে সোহরাওয়ার্দী উদ্যানের চানাচুরবিক্রেতা কাজল মিয়ার মতো নিম্ন আয়ের মানুষেরা। তিনি বলেন, ‘আমার তো প্রতিদিন এক পোয়া কেরোসিন লাগে, দাম বাড়ায় তো মাসে ৫০-৬০ টাকা বেশি লাগব, বাসাতেও কারেন না থাকলে কেরাসিন তেলের কুপি জ্বালাই, এখন তো সেটাতেও ব্যয় বাড়ব।’ মোটরবাইকের পেছনে পছন্দের মানুষকে চড়িয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আড্ডা দিতে এসেছিলেন তোফায়েল সাদিক, বাইকে উঠতে উঠতে তিনি বলেন, ‘পেট্রলের দাম বাড়লে তো আর বাইকে ঘোরা বন্ধ থাকবে না, তবে আব্বু এখন হয়তো বলবে, তেলের দাম বাড়ছে, তবুও এত ঘোরাঘুরি কেন?’নীলক্ষেতের পেট্রল পাম্পের কর্মী উজ্জ্বল বললেন, ‘বেচা-বিক্রি আগের মতোই হচ্ছে, তবে ক্রেতারা একটু বেজার।’ জ্বালানিতে ভর্তুকি কমানো নয় বরং তা আরও বাড়ানোর দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাইয়ূম আজাদ বলেন, ‘সরকারের উচিত ভর্তুকি বাড়ানো। ভর্তুকির টাকা চুরি হয়ে যাচ্ছে, সরকারের সেদিকে নজর দেওয়া উচিত। আমাদের পাশের দেশ ভারতেও তো তেলের জন্য অনেক ভর্তুকি দেয়, তবে আমাদের সরকার সেটা কেন জনগণের ঘাড়ে চাপিয়ে দেবে।’ কিছুদিনের মধ্যে পরিবহনের ভাড়া বাড়ানোয় পরিবহন-মালিকেরা আরও একবার সাধারণ যাত্রীদের পকেট কাটার সুযোগ পেলেন বলে মনে করেন মিলন মাহমুদ।বাসের ভাড়া কিলোমিটারপ্রতি পাঁচ পয়সা বাড়ানো হলেও ভাড়া তার চেয়ে কয়েক গুণ বেশি নেওয়া হচ্ছে। আর সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনায় মানা হচ্ছে না কোনো নিয়ম। লেগুনায় জিগাতলা থেকে আসাদগেট আড়ংয়ের ভাড়া দুই টাকা বাড়ানো হয়েছে। এর আগেও এই পথের ভাড়া দুই টাকা বাড়ানো হয়েছিল। অনেকেই মনে করেন, সরকার দাম বাড়িয়েই তার দায়িত্ব শেষ করছে, এতে যে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, তা দমনে সরকার বরাবরই ব্যর্থ। জ্বালানির দাম বাড়ায় ভালো নেই ব্যবসায়ীরাও—এমনটি মনে করেন গুলিস্তানের ব্যবসায়ী লতিফ সর্দার। তিনি বলেন, ‘দাম বাড়ানোর আগে নিয়ন্ত্রণ কী জিনিস, সরকারের আগে সেইটা শেখা দরকার।’