‘জয়িতা’য় টিকতে পারছেন না নারী উদ্যোক্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের জন্য চালু করা বিপণিবিতান ‘জয়িতা’য় ক্ষুদ্র উদ্যোক্তাদের অনেকেই টিকতে পারছেন না। নানা সমস্যায় কেউ কেউ ব্যবসা গুটিয়ে ফেলতে বাধ্য হয়েছেন।নারী উদ্যোক্তারা দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের ‘নিষ্ক্রিয়তা ও অনিয়ম’কে এ পরিস্থিতির জন্য দায়ী করছেন। অন্যদিকে কর্মকর্তারা এসব অভিযোগ অস্বীকার করে বলছেন, ব্যবসা করতে না পারার কারণেই তাঁদের চলে যেতে হচ্ছে।মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারী উদ্যোক্তা উন্নয়ন প্রয়াস কর্মসূচির অধীনে পরিচালিত হয় ‘জয়িতা’। এর অবস্থান ধানমন্ডির রাপা প্লাজার চতুর্থ ও পঞ্চম তলায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ১৬ নভেম্বর এর উদ্বোধন করেন।জয়িতার বেশ কয়েকজন নারী উদ্যোক্তা অভিযোগ করেছেন, কর্তৃপক্ষ বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে তাঁদের চলে যেতে বাধ্য করছে। খালি স্টলগুলো বাড়তি টাকার বিনিময়ে অন্যদের কাছে বরাদ্দ দেওয়ার পাঁয়তারা চলছে। এ ছাড়া চুক্তিপত্রে উল্লেখ না থাকলেও প্রাথমিক ২৫ হাজার টাকা জমার পর আবারও ২৫ হাজার টাকা দিতে বলা হচ্ছে। এই টাকা দিতে না পারলে বরাদ্দ বাতিল করা হবে বলে জানানো হয়েছে। কয়েকজন উদ্যোক্তা বলেন, মহিলা অধিদপ্তর ও জয়িতার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে সমস্যার কথা বলতে গেলেই তাঁরা মুখের ওপর বলে দেন, ‘না পোষালে চলে যান।’ঢাকার বাইরের অনগ্রসর এলাকাসহ বিভিন্ন স্থান থেকে আসা জয়িতার নারী উদ্যোক্তাদের পণ্য তৈরি, বিপণনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার কথা রয়েছে। উদ্যোক্তারা বলছেন, এ ব্যাপারেও কর্তৃপক্ষের উদ্যোগ নেহাতই সীমিত। চুক্তিপত্র অনুযায়ী জয়িতার একটি কার্যকরী পরিষদ থাকবে। কিন্তু তা এখনো হয়নি। তৈরি হয়নি নীতিমালাও।অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেন এ বিষয়ে প্রথম আলোকে বলেন, বর্তমানে জয়িতায় ১০টির মতো স্টল খালি আছে। যাঁরা ব্যবসা করতে পারছেন না, তাঁরা স্টল ছেড়ে দিয়েছেন। সফলতা-ব্যর্থতার ভিত্তিতে ঈদের পর আরও কিছু স্টলের বরাদ্দ বাতিল করা হবে। তবে কোনোভাবেই কাউকে স্টল ছাড়তে বাধ্য করা হয়নি।রাজধানীর ভোক্তাদের এসব পণ্য পছন্দ না হলে নেতিবাচক প্রভাব পড়তে পারে—এ চিন্তা করে প্রাথমিক পর্যায়ে ইচ্ছা করেই জয়িতার প্রচার বাড়ানো হয়নি বলে স্বীকার করেন মহাপরিচালক। তিন বছর পর পরিষদ গঠন করা হবে বলে জানান তিনি।নতুন করে টাকা চাওয়ার কারণ ব্যাখ্যা করে আশরাফ হোসেন বলেন, ভাড়ার ৪০ শতাংশ সমিতির বহন করার কথা। সে কারণেই আবার ২৫ হাজার টাকা চাওয়া হয়েছে। তবে নারী উদ্যোক্তারা বলছেন, বিষয়টি তাঁদের আগে মৌখিকভাবে জানানো হলেও চিঠি দেওয়া হয় সামান্য সময়ের নোটিশে। ৭ আগস্টের মধ্যে টাকা দেওয়ার চিঠি তাঁরা পেয়েছেন ৬ আগস্ট।প্রশিক্ষণের বিষয়ে জয়িতার প্রধান নির্বাহী কর্মকর্তা জেড আই ফারুক বলেন, জয়িতার বাজার সম্প্রসারণ, প্রচার ও ব্র্যান্ড-ইমেজ গড়ে তোলা এবং এর উদ্যোক্তাদের আধুনিক ফ্যাশন ও ডিজাইন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার জন্য একজন করে কনসালট্যান্ট নিয়োগ দেওয়া হয়েছে। কার সঙ্গে চুক্তি হয়েছে, তা নিয়েও উদ্যোক্তাদের মধ্যে রয়েছে সংশয়। কর্তৃপক্ষ বলছে, সমিতির সঙ্গে চুক্তি হওয়ায় লাভ-লোকসান সবই হবে সমিতির। তবে জয়িতার বেশির ভাগ উদ্যোক্তা বলছেন, চুক্তিতে সমিতির নাম থাকলেও ব্যক্তি হিসেবেই জয়িতার সঙ্গে তাঁদের চুক্তি হয়েছে। ফলে লাভ-লোকসান ব্যক্তিকেই বহন করতে হচ্ছে।এই প্রতিবেদক খোঁজ নিয়ে দেখেছেন, অনেক উদ্যোক্তার কাছে চুক্তিপত্রের কপি থাকলেও তাতে সমিতি বা প্রতিনিধি ব্যক্তি—কারোরই সই নেই।প্রতিষ্ঠিতরাই লাভবান?: জয়িতায় স্টল পরিচালনাকারীদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে ব্যবসায়ী হিসেবে পরিচিত। বরাদ্দ পাওয়া সমিতিটি ঢাকার বাইরের হলেও অনেক ক্ষেত্রেই এর সভাপতি, সহসভাপতি বা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা উদ্যোক্তা থাকেন ঢাকায়। আবার সমিতির নামে বরাদ্দ পাওয়ার পর স্টল হাতবদলও হয়ে গেছে বলে অভিযোগ আছে।তান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তসলিমা আকতার, মিরপুরের মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের নকশী পল্লীর মৌসুমী জেসমিনসহ অনেক উদ্যোক্তাই জানালেন, তাঁরা ঢাকায় ব্যবসা করেন।মহাপরিচালক আশরাফ হোসেন স্বীকার করেছেন, প্রাথমিক পর্যায়ে শতভাগ সমিতি যাচাই-বাছাই করার সুযোগ ছিল না। অনেকে সমিতির নাম ব্যবহার করে নিজেরাই ব্যবসা করছেন।মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে এ বিষয়ে বলেন, ঢাকায় ব্যবসায়ী হিসেবে পরিচিত নারী উদ্যোক্তাদের এখানে স্টল বরাদ্দ পাওয়ার কথা নয়।কয়েকজন সমস্যাগ্রস্ত উদ্যোক্তা বলেন, অধিদপ্তরের কর্তাব্যক্তিরা জানিয়েছিলেন, তিন বছর পর দোকানটি নিজের হয়ে যাবে। কিন্তু সে স্বপ্ন ভেঙে যাচ্ছে। পরিবার-পরিজন নিয়ে পথে বসা ছাড়া উপায় নেই।এই প্রেক্ষাপটে প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সরকারের অনুদাননির্ভরতা কমিয়ে জয়িতাকে আর্থিকভাবে একটি স্বনির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চলছে। মধ্যবর্তী মূল্যায়নে যেসব সমিতি পিছিয়ে থাকবে, তাদের চলে যেতেই হবে।