‘জয়ের ব্যাপারে আশাবাদী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই ১৯৯৮ সাল থেকে অনিয়মিত দাবায়। খেলোয়াড় থেকে সংগঠক খন্দকার কায়েস হাসান দাবা ফেডারেশনের নির্বাচনে দাবাড়ুদের সমর্থিত পরিষদের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। স্থবির দাবায় গতি ফিরিয়ে আনতে নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দিলেন তিনি  হঠাৎ করে নির্বাচনে আগ্রহী হলেন কেন?খন্দকার কায়েস হাসান: গত আড়াই বছর দাবাঙ্গনে একরকম অস্থিরতা চলছিল। স্থবির হয়ে পড়েছিল দাবা। অব্যবস্থাপনার অভিযোগে স্পনসর প্রতিষ্ঠানগুলো মুখ ফিরিয়ে নিচ্ছিল। এ ছাড়া দেশের তিনজন গ্র্যান্ডমাস্টার খেলা থেকে দূরে ছিল। রিফাত যাও-বা খেলেছে, রাজীব-রাকিব একদমই খেলেনি। এসব কারণেই আমরা চেয়েছিলাম দাবাড়ুদের পক্ষে কাজ করবে, ফেডারেশনে এমন কেউ আসুক। এই চিন্তা থেকেই নির্বাচনে আগ্রহী হই। আমি যেহেতু এখন খেলি না, তাই আমাকেই ওরা পছন্দ করল।  আপনি আগের কমিটিতে ছিলেন। সেখানে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল?কায়েস: আমি আসলে ওই কমিটি হওয়ার আগ পর্যন্ত খেলোয়াড় ছিলাম। ওই অ্যাডহক কমিটিতে আমাদের কয়েকজনের নাম দেওয়া হয়েছিল আমাদের কাছে জিজ্ঞাসা না করেই। কমিটি হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০০৯। আর আমরা ১৪ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে চারজন পদত্যাগ করি। পদত্যাগ করেছিলেন কেন?কায়েস: সত্যি বলতে কি, মোকাদ্দেসকে আমরা সেক্রেটারি হিসেবে চাইনি। হঠাৎ করে তিনি হয়ে গিয়েছিলেন। এই কারণে আমরা চারজন একসঙ্গে পদত্যাগ করি। দাবাড়ুদের কাজ খেলার বোর্ডে থাকা। তাঁরা নির্বাচনে ব্যস্ত—এটা কীভাবে দেখছেন?কায়েস: দাবা একটা ক্ষুদ্র পরিসরের খেলা। এখানে ফুটবল, ক্রিকেটের মতো একটা বড় সাংগঠনিক শক্তি নেই। নিবেদিতপ্রাণ সংগঠকও নেই। এখন সংগঠক বলতে যাঁদের চিনি, সবাই কিন্তু একসময় খেলোয়াড় ছিলেন। এঁরা এসেও দাবাড়ুদের নিয়ে ভাববেন, দাবার উন্নতি করবেন।  নির্বাচনে জিতলে আপনাদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে?কায়েস: নিয়াজ ভাইয়ের কিছু পরিকল্পনা আছে। সেটা বাস্তবায়ন করতে হবে। আমরা চাইব, ট্রেনিংটা যেন নিয়মিত হয়। স্কুল থেকে শুরু করে জুনিয়র লেভেলে এবং বয়সভিত্তিক টুর্নামেন্ট থেকে প্রতিভা খুঁজে বের করতে হবে। উদীয়মান দাবাড়ুরা যেন দেশের ভেতরে ও বাইরে নিয়মিত খেলতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। এ ছাড়া বছরে অন্তত তিন-চারটা জিএম টুর্নামেন্ট করতে চাই।  ভোটারদের কী বার্তা দিচ্ছেন, কেন তাঁরা আপনাদের ভোট দেবেন?কায়েস: আমরা কী করতে চাই, সেটা কিন্তু সুস্পষ্ট। আমি নিজে দাবা খেলেছি, তাই আমি জানি, কী করা উচিত। যেমন ভারতে, চীনে দাবার জন্য কী করা হচ্ছে, এগুলো আমরা যতটা জানি, সেটা তো ওরা জানে না। দাবার জন্য যা ভালো হবে, সেটাই আমরা করব। আপনারা জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী?কায়েস: আমার মনে হয়, আমরা সবাইকে বোঝাতে সক্ষম হব। এখনো কয়েক দিন সময় আছে। তাই জয়ের ব্যাপারে আশাবাদী। নিয়াজ মোরশেদের শুরু থেকেই সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার কথা ছিল। কিন্তু তিনি সহসভাপতি পদে নির্বাচন করছেন। এটা কীভাবে হলো?কায়েস: সব গ্র্যান্ডমাস্টার একসঙ্গে বসেই আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। উনিও অন্যদের মতামতের গুরুত্ব দিয়েছেন।