চীনের হাইনানে আগামী ২৪ নভেম্বর শুরু হচ্ছে গলফের ৫৬তম বিশ্বকাপ। ২৮ দলের ওই টুর্নামেন্টে সরাসরি খেলছে ১৯টি দল। বাকি ৯টি দল আসবে বাছাইপর্ব পেরিয়ে। এশিয়া থেকে সুযোগ পাবে ৩টি দেশ। মালয়েশিয়ায় আগামী ৩-৬ আগস্ট হবে এশিয়া অঞ্চলের বাছাই। সতীর্থ শাখাওয়াত হোসেন সোহেলকে নিয়ে সেখানে যাচ্ছেন বিশ্বের ১৩৩তম ও এশিয়ার নবম সেরা গলফার সিদ্দিকুর। দেশকে বিশ্বকাপে নিয়ে যাওয়াটাই এখন তাঁর লক্ষ্য মালয়েশিয়া যাচ্ছেন কবে?সিদ্দিকুর: আজই রওনা হচ্ছি। বাছাইপর্বে এবারই কি প্রথম অংশ নিচ্ছেন?সিদ্দিকুর: না, এর আগেও দুবার খেলেছি। একবার নবম ও গতবার সপ্তম হয়েছিলাম। এবার কোয়ালিফাই করে বিশ্বকাপে যেতে পারবেন?সিদ্দিকুর: ইনশাআল্লাহ। আশা করছি, এবার হয়ে যাবে। বাছাইপর্বে আর আটকে থাকব না। জয়ের লক্ষ্যেই যাচ্ছি মালয়েশিয়ায়। বিশ্বকাপে যেতে পারলে সেটা তো দারুণ হবে। ক্রিকেটের পর আরেকটি খেলার বিশ্বকাপ... সিদ্দিকুর: হ্যাঁ, ব্যাপারটা দারুণ হবে। সারা বিশ্বে দেশের নাম ছড়িয়ে দিতে পারলে অবশ্যই ভালো লাগবে। সঙ্গী শাখাওয়াত হোসেন সোহেলকে নিয়ে আপনি কতটা আশাবাদী?সিদ্দিকুর: সোহেলও বেশ ভালো খেলোয়াড়। সে অবশ্যই ভালো করবে। আন্তর্জাতিক পর্যায়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েই সে এ পর্যন্ত এসেছে। আর যেহেতু এটা দলীয় খেলা, তাই দুজনকে অবশ্যই ভালো করতে হবে। আশা করছি, জুটিটা ভালোই জমবে। মালয়েশিয়ায় তো আপনি আগেও খেলেছেন এবং বেশ ভালোই করেছেন। নেগেরি সেমবিলান মাস্টার্সে চ্যাম্পিয়ন হয়েছেন... সিদ্দিকুর: হ্যাঁ, গত সপ্তাহেই মালয়েশিয়া থেকে আসলাম। সেলাঙ্গর মাস্টার্সে যৌথভাবে পঞ্চম হয়েছি। এ মাসের শুরুতে সেরেমবানে তো চ্যাম্পিয়নই হলাম। বিশ্বকাপের বাছাইপর্বটা ওখানে হওয়ায় ভালোই হয়েছে। ওখানে খেলার অভিজ্ঞতাটা কাজে লাগবে। আপনি তো মালয়েশিয়ায় বেশ জনপ্রিয়। ওখানে গলফ-ভক্তরা আপনাকে চেনে। বিষয়টা কেমন উপভোগ করেন?সিদ্দিকুর: মালয়েশিয়ায় গলফ বেশ জনপ্রিয়। মিডিয়ায় বেশ প্রচার পায়। আর আমি সেখানে অনেকবারই গেছি। জনপ্রিয়তা সব সময়ই উপভোগ্য, আমারও ভালো লাগে। বাংলাদেশে গলফ খেলাটা জনপ্রিয়তার মানদণ্ডে এখনো নিচে। আপনার সাফল্যের পরেই খেলাটাকে ঘিরে মানুষের আগ্রহের সৃষ্টি হয়েছে। দেশে নিজের এই জনপ্রিয়তা কেমন লাগে? সিদ্দিকুর: ভালো তো অবশ্যই লাগে। বেশির ভাগ মানুষ আমাকে চেনে এটা ভাবতেই ভালো লাগে। অবশ্য এর পেছনে মিডিয়ার ভূমিকাই বেশি। মিডিয়া আমার খবর প্রকাশ করে, ছবি ছেপেই তো আমাকে পরিচিত করেছে। আপনারা আমার খবর প্রকাশ না করলে লোকজন আমাকে চিনত না। এ জন্য আমি মিডিয়ার কাছে কৃতজ্ঞ। বিশ্বের অনেক বড় বড় গলফারের সঙ্গে খেলেছেন। এপ্রিলে পেয়েছিলেন ইন্দোনেশিয়ান মাস্টার্সে বিশ্বের সাবেক এক নম্বর (এখন ২) লি ওয়েস্টউডকে। তাঁর সঙ্গে কি কথাবার্তা হয়েছে? অভিজ্ঞতাটা কেমন ছিল?সিদ্দিকুর: বেশ ভালো অভিজ্ঞতা। কথাবার্তাও হয়েছে। খেলা ছাড়াও নানা বিষয়ে আলাপ হয়েছে। বাংলাদেশে গলফকে কীভাবে জনপ্রিয় করা যায়? তেমনভাবে তো লোকজন এই খেলায় আসছে না?সিদ্দিকুর: কুর্মিটোলা গলফ ক্লাব চেষ্টা করে যাচ্ছে। অনেক পদক্ষেপই নেওয়া হচ্ছে। তবে শুধু একটি সংগঠন তো খেলাটিকে জনপ্রিয় করতে পারবে না। দেশে গলফের অন্যান্য সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। সবাই মিলে চেষ্টা করলেই গলফটা আরও এগোতে পারবে। আপনি কখনো অ্যালবাট্রোস করেছেন (পারের থেকে তিন শট কম)?সিদ্দিকুর: না, সর্বোচ্চ ইগল করেছি (পারের থেকে ২ শট কম)। বিশ্বকাপের জন্য শুভকামনা রইল।সিদ্দিকুর: অনেক ধন্যবাদ।