‘ঝলক দিখলা যা ৫’-এর বিচারক মাধুরী
নাচ-বিষয়ক টেলিভিশন রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’-এর পঞ্চম মৌসুমের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন একসময়ের পর্দা কাঁপানো বলিউডের অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ইতিমধ্যেই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে অনুষ্ঠানটিতে নিজের অন্তর্ভুক্তি নিশ্চিত করেছেন নাচে পারদর্শী এ তারকা। অনুষ্ঠানটির আগের মৌসুমেও বিচারকের দায়িত্ব পালন করেছিলেন মাধুরী। কাজটি করে যথেষ্ট প্রশংসিতও হয়েছিলেন তিনি। অনুষ্ঠানটির সাফল্য দেখে তখনই সেটার পরবর্তী মৌসুমের বিচারক হিসেবে দায়িত্ব পালনের প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে। গত মৌসুমের অনুষ্ঠানটিতে মাধুরীর সঙ্গে বিচারক হিসেবে আরও ছিলেন মালাইকা অরোরা খান এবং রেমো ডি’সুজা। তাঁদেরকেও ‘ঝলক দিখলা যা ৫’-এর বিচারক হিসেবে দায়িত্ব পালনের প্রস্তাব দেওয়া হয়েছিল।সে সময় মাধুরী জানিয়েছিলেন, ঝলক দিখলা যা ৫-এর বিচারক হতে পারলে খুবই ভালো লাগবে তাঁর। কারণ, নাচের জন্য বরাবরই অন্য রকম একটি দুর্বলতা কাজ করে তাঁর ভেতরে। কাজটি করার জন্য সবুজ সংকেত দিলেও, তখনো বিষয়টি চূড়ান্ত হয়েছিল না। কারণ, সে সময় তিনি স্বামী-সন্তানসহ যুক্তরাষ্ট্র প্রবাসী ছিলেন। পরবর্তী সময় ২০১১ সালের অক্টোবরে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে সপরিবারে ভারতে ফিরে আসেন মাধুরী। মূলত এরপর থেকেই ঝলক দিখলা যা ৫ অনুষ্ঠানে তাঁর অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে পুরোদমে আলোচনা শুরু করেন নির্মাতারা। শেষ পর্যন্ত সেই আলোচনা সফল হয়েছে। অনুষ্ঠানটিতে বিচারক হিসেবে দায়িত্ব পালনের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন মাধুরী। অবশ্য এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে আর কে কে বিচারকের আসনে বসবেন, তা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি।