‘টাইগার টাইগার’ তথ্যচিত্র, টোপ বিতর্ক ও বাংলাদেশ
একাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী বিশ্বখ্যাত চলচ্চিত্রনির্মাতা জর্জ বাটলারের তথ্যচিত্র টাইগার টাইগার টোপ বিতর্কে পড়েছে। বাঘের (বেঙ্গল টাইগার) জীবনাচরণ, শক্তি-সৌন্দর্য এবং এর সংরক্ষণ বিষয়ে তথ্যচিত্রটি নির্মাণ করা হচ্ছে। এর চিত্রধারণ (শুটিং) হচ্ছে সুন্দরবনে। কিন্তু বনের ভারতীয় অংশে চিত্রধারণের সময় বাঘ আটকানোর জন্য অন্য প্রাণীকে টোপ হিসেবে ব্যবহার করার অনুমতি দেয়নি ভারত সরকার। কারণ, টোপ হিসেবে যেসব প্রাণী ব্যবহার করা হবে, তা থেকে ক্ষতিকারক কোনো জীবাণু বাঘসহ বনের অন্য প্রাণীদের জন্য ক্ষতির কারণ হতে পারে।এ অবস্থায় জর্জ বাটলার সুন্দরবনের বাংলাদেশ অংশে চিত্রধারণের সময় এই টোপ পর্বটি সারতে চান। কিন্তু বাংলাদেশ বন্য প্রাণী সংরক্ষণ আইন, ২০১২ অনুযায়ী, বনের মধ্যে গৃহপালিত প্রাণী প্রবেশ করানো এবং তাকে টোপ হিসেবে ব্যবহার করা নিষিদ্ধ। তাই বাটলার এখনো টোপ ব্যবহারের অনুমতি পাননি বাংলাদেশ সরকারের কাছ থেকেও।ঢাকার মার্কিন দূতাবাস এই চলচ্চিত্রের চিত্রায়ণে সহযোগিতা করার জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয়কে দুই দফা চিঠি দিয়েছে। চিঠিতে সুন্দরবন রক্ষায় এই চলচ্চিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করা হয়। হোয়াইট মাউন্টেনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, টাইগার টাইগার চলচ্চিত্রের পরিচালক জর্জ বাটলার যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম কেরির দীর্ঘদিনের বন্ধু।আইনে নিষিদ্ধ থাকলেও সরকার বন্য প্রাণীবিষয়ক বৈজ্ঞানিক কমিটিকে অনুমতির বিষয়টি খতিয়ে দেখার জন্য বলেছে। ৮ মার্চ অনুষ্ঠিত কমিটির অধিকাংশ সদস্য এই অনুমতি দেওয়ার বিপক্ষে মত দিয়েছেন। এখন বিষয়টি বন্য প্রাণীবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটিতে তোলা হচ্ছে বলে পরিবেশ ও বন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।প্রসঙ্গত, বিশ্বের প্রায় সব দেশে টোপ ব্যবহার নিষিদ্ধ। বিশেষ করে ভারতে বন্য প্রাণী রক্ষা আন্দোলন বিশ্বজুড়ে প্রশংসিত। বলিউডের জনপ্রিয় নায়ক সালমান খান হরিণ শিকার করে কারাভোগও করেছেন। আবার অমিতাভ বচ্চন ও আমির খানের মতো নন্দিত তারকারা বাঘ রক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত। বাঘ বাংলাদেশের জাতীয় প্রাণী। বেঙ্গল টাইগারের মুখ বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রতীক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। বাঘ বা টাইগার জাতীয় বীরত্বেরও প্রতীক। বাটলারের অভিযান: ২৬ জনের দল নিয়ে জর্জ বাটলারের আগামীকাল সুন্দরবনে যাওয়ার কথা রয়েছে। পরিকল্পনা ছিল, সেখানে ১০০ দিন থেকে চিত্রধারণ করবেন তিনি। কিন্তু টোপ ব্যবহারের অনুমতি পাননি তিনি। ফলে আপাতত ১২ দিন থেকেই তিনি নিজ দেশ যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন বলে সূত্র জানায়।হোয়াইট মাউন্টেন প্রতিষ্ঠানের ব্যানারে ব্যয়বহুল ওই চলচ্চিত্রের জন্য খুব সামনে থেকে বাঘের আচরণ ও প্রাণী শিকারের দৃশ্য ধারণের পরিকল্পনা ছিল বাটলারের। তাই বাঘের বিচরণ এলাকা সুন্দরবনের কটকা অংশে এই তথ্যচিত্রের শুটিং হওয়ার কথা রয়েছে। চিত্রধারণ এলাকার তালিকায় আছে সাতক্ষীরার বুড়িগোয়ালিনী ও দুবলার চর। তথ্যচিত্রটি সঞ্চালনা করবেন বিশ্বখ্যাত বন্য প্রাণী বিশেষজ্ঞ এলেন রবিনসন। টোপ ব্যবহারের অনুমতি কেন বিপজ্জনক: দুবাই পরিবেশ বিভাগের সাবেক প্রকৃতিবিদ ও বন্য প্রাণী বিশেষজ্ঞ আনিসুজ্জামান খান প্রথম আলোকে বলেন, বাঘজাতীয় প্রাণী আছে পৃথিবীর এমন দেশগুলোতে তিনটি কারণে টোপ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। প্রথমত গরু-ছাগল বা অন্য পোষা প্রাণীর দেহে যক্ষ্মা, ডায়রিয়া বা চর্মরোগের জীবাণু থাকলে তা সে প্রাণীর মাংসের সঙ্গে বাঘের শরীরে প্রবেশ করতে পারে। পরে বাঘের মলমূত্রের মাধ্যমে তা বনের অন্য প্রাণীর মধ্যেও ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। দ্বিতীয়ত, কোনো বাঘ যদি টোপ হিসেবে গরু একবার খায়, তাহলে পরবর্তীকালে ওই এলাকায় একই খাবারের খোঁজে সে আবার আসতে পারে। একে চোরা শিকারিদের বাঘ ধরা বা হত্যার সুযোগ হিসেবে ব্যবহার করার আশঙ্কা থাকে। তৃতীয়ত, কোনো একটি বন্য প্রাণী সংরক্ষিত বনের মধ্যে ঢোকানোর ফলে তার শরীরের ক্ষতিকর জীবাণু বনের পানি ও বায়ুর মাধ্যমে অন্য প্রাণীর দেহেও ছড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই কারণে ১৯৪৭ সালের দিকে ইউরোপে ও আশির দশকে আফ্রিকার দেশগুলোতে টোপ দিয়ে বন্য প্রাণী ধরা নিষিদ্ধ করা হয়। ইউরোপে টোপ ব্যবহারের বিরুদ্ধে ব্যাপক আন্দোলনও হয়েছে। জাতিসংঘের বন্য প্রাণীবিষয়ক সংস্থা সাইটস, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব কনজারভেশন অব নেচার (আইইউসিএন) ও বিশ্ব বন্য প্রাণী তহবিল (ডব্লিউডব্লিউএফ) টোপ ব্যবহারের বিরুদ্ধে ভারত, নেপালসহ বিশ্বের বেশির ভাগ দেশে আন্দোলন করছে।বন্য প্রাণীবিষয়ক বৈজ্ঞানিক কমিটির এ-বিষয়ক বৈঠকে বিশেষজ্ঞরাও এসব যুক্তি উপস্থাপন করে টাইগার টাইগার তথ্যচিত্রের জন্য টোপ ব্যবহারের অনুমতি দেওয়ার বিরোধিতা করেন। তাঁরা টোপ ব্যবহার নিষিদ্ধ করে গত বছর করা আইনটির কথাও স্মরণ করিয়ে দেন। বন বিভাগের বৈজ্ঞানিক কমিটির সভাপতি ও ওয়াইল্ড ওয়াচের প্রধান নির্বাহী আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, বেশির ভাগ বিশেষজ্ঞ টোপ ব্যবহারের বিরোধিতা করেছেন। তবে এখনো এ ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া যায়নি। ফলে এটি এখন বন্য প্রাণীবিষয়ক জাতীয় উপদেষ্টা পরিষদে উত্থাপন করা হতে পারে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) বাংলাদেশের পরিচালক ইশতিয়াক উদ্দিন আহমেদ বলেন, কোনো যুক্তিতেই এ ধরনের অনুমতি দেওয়া যাবে না। কারণ, ইতিমধ্যে সংখ্যায় কমতে থাকা বাঘের জীবনের জন্য বিষয়টি হুমকি তৈরি করতে পারে।