‘টাইম’ সাময়িকীর আন্তর্জাতিক সম্পাদক হলেন ববি ঘোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিখ্যাত ‘টাইম’ সাময়িকীর আন্তর্জাতিক সম্পাদক হিসেবে ভারতের খ্যাতিমান সাংবাদিক ববি ঘোষের নাম ঘোষণা করা হয়েছে। আজ শনিবার বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ‘টাইম’ সাময়িকীর প্রধান সম্পাদক মারথা নেলসন ও ব্যবস্থাপনা সম্পাদক রিক স্টেনগেল গতকাল শুক্রবার প্রতিষ্ঠানটির কর্মীদের কাছে পাঠানো এক যৌথ ই-মেইলে এ ঘোষণা দিয়েছেন।নেলসন ও স্টেনগেলের ই-মেইলে বলা হয়েছে, ‘আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ববি ঘোষ আমাদের নতুন আন্তর্জাতিক সম্পাদক। এক কথায় তিনি একজন অসাধারণ সাংবাদিক। তাঁর কাজে সাংবাদিকতা পেশার যে-কেউ অনুপ্রাণিত হতে পারেন।’ ‘টাইম’ সাময়িকীর জন্য ববি ভারতের ক্রিকেটার শচীন টেন্ডুলকার, অভিনেতা আমির খান ও বিশ্ব দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথ আনন্দকে নিয়ে প্রোফাইল লিখেছেন। জিম ফ্রেডারিকের স্থলাভিষিক্ত হবেন ববি। আর জিম কাজ করবেন প্রদায়ক সম্পাদক হিসেবে। ভারতে ১০ বছর সাংবাদিকতা করার পর ১৯৯৮ সালে ‘টাইম’ সাময়িকীতে যোগ দেন ববি। তিনি হংকংভিত্তিক ‘ফার ইস্টার্ন রিভিউ’-এ কাজ করেছেন। ‘টাইম’ সাময়িকীর ইতিহাসে আমেরিকার বাইরে ববিই প্রথম পত্রিকাটির আন্তর্জাতিক সম্পাদক হলেন। ‘টাইম’ সাময়িকীর হয়ে ইরাকের রাজধানী বাগদাদ ব্যুরোতেও পাঁচ বছর দায়িত্ব পালন করেন ববি। এ সময় তিনি ‘নরকের জীবন’ এবং ‘সুন্নি বনাম শিয়া’ শিরোনামে সাড়া জাগানো দুটি প্রচ্ছদ প্রতিবেদন লেখেন। এ ছাড়াও তিনি আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি ও মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে নিয়েও গুরুত্বপূর্ণ নিবন্ধ লিখেছেন।