‘টাউট উচ্ছেদ কমিটি’ নামেমাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আদালতপাড়ায় দালাল চক্র নিয়ে পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য। আর এই দালালদের দৌরাত্ম্যের বিষয়ে ওয়াকিবহাল ঢাকা আইনজীবী সমিতি। সমিতির উদ্যোগে বহু বছর আগেই গঠন করা হয় ‘টাউট উচ্ছেদ কমিটি’। কিন্তু এই কমিটির নিষ্পত্তি করা অভিযোগের সংখ্যা হাতে গোনা। জানা গেছে, সমিতির নতুন কমিটি গঠনের পর মাত্র ছয়টি অভিযোগের বিষয়ে নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ভুয়া আইনজীবী ও অন্যবারের শিক্ষানবিশি পার করা আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এর মধ্যে একজনের বিরুদ্ধে বার কাউন্সিল ট্রাইব্যুনালে অভিযোগ পাঠানো হবে বলেও জানা যায়। অনুসন্ধানে দেখা গেছে, দালাল চক্রের সঙ্গে যোগাযোগ রয়েছে কয়েকজন আইনজীবী সহকারীর। আবার এমন কয়েকজন মুহরিও রয়েছেন, যাঁদের মুহরি বা আইনজীবীর সহকারী হিসেবে নিবন্ধন নেই। ফরিদপুর বারের একজন ইন্টিমেশন নেওয়া (শিক্ষানবিশ) উকিলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ঢাকা বারে এসে ভুয়া সনদ দেখিয়ে আইন পেশা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে আইনজীবী সমিতির কাছে সংশ্লিষ্ট বিচারপ্রার্থী অভিযোগ উত্থাপন করলে বিষয়টির সত্যতা মেলে। বিভিন্ন থানার সঙ্গে অনেক দালালের যোগসূত্র গড়ে ওঠে অনেক সময়। এরা থানার কোনো মামলা এলেই আইনজীবী ধরিয়ে দেওয়ার নাম করে তাঁদের চক্রের কাছে নিয়ে আসে। এখানে গুটিকয়েক আইনজীবীর এজেন্ট হিসেবেও এই দালালেরা কাজ করে। অনুসন্ধানে দেখা গেছে, অনেক দালাল ভুয়া ওকালতনামা বানিয়ে তাতে জামিনের জন্য অভিযুক্তের ও বন্দীর স্বাক্ষর নিচ্ছে এবং প্রচুর টাকা-পয়সা নিয়ে লাপাত্তা হয়ে যাচ্ছে। ঢাকা আইনজীবী সমিতির উচ্ছেদ কমিটির কাছে এমন অভিযোগ এসেছে বলেও জানা গেছে। কিন্তু এই কমিটি অনেকটাই কাগুজে কমিটি হয়ে আছে। মাঝে মধ্যে পরিদর্শন এবং হাতে গোনা কয়েকটা অভিযোগ নিষ্পত্তি করে দায়িত্ব শেষ করে। ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নজিবুল্লাহ হিরু বলেন, ‘টাউট উচ্ছেদ কমিটি’কে সক্রিয় করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, কোনো বিচারপ্রার্থী দালালদের দ্বারা প্রতারিত হলে সমিতিতে এসে লিখিত বা মৌখিক অভিযোগ করতে পারেন। এ বিষয়ে নিষ্পত্তির জন্য ঢাকা বারে দুটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ট্রাইব্যুনাল-সংশ্লিষ্ট আইনজীবী ও দালালদের বিরুদ্ধে অভিযোগের নিষ্পত্তি করা হয়। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সমিতি নিজে বাদী হয়ে মামলা করে কিংবা পুলিশের কাছে সোপর্দ করে। কোনো আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ সত্য হলে বার কাউন্সিলে পাঠানো হয়। কিন্তু বাস্তবে এর প্রয়োগ নামমাত্রই বলা চলে।