‘টাকাটা খেলোয়াড়দের জন্যই খরচ হোক’
বড় একটা পৃষ্ঠপোষক পেয়ে গেল বাংলাদেশ কাবাডি ফেডারেশন। আগামী দুই বছর ১ কোটি ২০ লাখ টাকা তারা পাবে পৃষ্ঠপোষকের কাছ থেকে। পরশু চুক্তি হয়েছে। শুধু তা-ই নয়, ২০১৮ সাল পর্যন্ত ওই পৃষ্ঠপোষক কাবাডিকে দিতে পারে বড় অঙ্কের টাকা। জাতীয় মহিলা কাবাডি দলের অধিনায়ক শাহনাজ পারভীনের (মালেকা) দাবি, এই টাকা খেলোয়াড়দের জন্যই যেন ব্যয় হয়— কাবাডিতে বড় পৃষ্ঠপোষক এসেছে। আপনি নিশ্চয়ই খুব খুশি?শাহনাজ পারভীন: ভীষণ খুশি। ভাষায় প্রকাশ করতে পারব না। পৃষ্ঠপোষকের সঙ্গে পরশু হওয়া ওই চুক্তির সময় আপনি ছিলেন। এত বড় চুক্তি কখনো ভাবতে পেরেছিলেন?শাহনাজ: কখনোই ভাবিনি। অবহেলিত কাবাডি খেলাকে কে এত টাকা দেবে! তাই প্রথম শুনে বিশ্বাসই করতে পারিনি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গিয়েই আসলে বিশ্বাস হয়েছে। এই চুক্তি কাবাডির জন্য কতটা ফল আনবে মনে করেন আপনি?শাহনাজ: খুব ভালো ফল আনবে আশা করি। দুর্দশা থেকে এখন বেরিয়ে আসার একটা পথ পাবে আমাদের জাতীয় খেলা। কারণ এই খেলায় টাকা নেই। খেলোয়াড় আসতে চায় না। নিয়মিত খেলা হলে এখন মনে হয়, আগ্রহটা একটু বাড়বে। আপনার সতীর্থরা কী বলেন, তাঁরাও খুশি?শাহনাজ: হ্যাঁ, সবাই ভীষণ উৎফুল্ল। ভবিষ্যতে ভালো কিছু দেখার আশা করছে সবাই। ভালো কিছু মানে কী চাইছেন?শাহনাজ: খেলাটা যেন নিয়মিত হয়, ভালোভাবে অনুশীলন শিবির হয়। খেলোয়াড় তুলে আনার জন্য গ্রামগঞ্জে বিশেষ কর্মসূচি চাই। আপনার কি মনে হয়, এতে খেলোয়াড় উঠে আসবে?শাহনাজ: আমি মনে করি, গ্রামে অনেক মেয়ে আছে যারা এখন উৎসাহী হবে কাবাডির প্রতি। যদি দেখে কাবাডি খেললে আর্থিক নিশ্চয়তা আছে, তাহলে খেলোয়াড়ের অভাব হবে না। আমি তো মনে করি, একটা সময় আমরা দক্ষিণ এশীয় গেমসে সোনা জিততে পারি। আপনার কোনো প্রত্যাশা আছে?শাহনাজ: প্রত্যাশা তো আছেই। প্রথমে চাইব, টাকাটা খেলোয়াড়দের জন্যই খরচ হোক। আমরা যেন মাসিক ভাতা পাই। এখন ক্রিকেটের মেয়েরা মাসিক ভাতা পায়, আমরাও পেলে খেলাটার উন্নতির জন্য তা ভালো হবে। আর কী পেলে আপনাদের মুখে হাসি দেখব আমরা?শাহনাজ: এখন খেলোয়াড়েরা ইনজুরিতে পড়লে ভীষণ কষ্ট করতে হয়। ঠিকমতো চিকিৎসা করাতে পারে না। কাবাডি ফেডারেশন গরিব তো...। তেমন কিছু দিতে পারে না খেলোয়াড়দের। এই স্পনসর আসায় আমি চাইব, কেউ ইনজুরির কবলে পড়লে ফেডারেশন যেন আর্থিক সহযোগিতা করে। দুস্থ খেলোয়াড়দের পাশে দাঁড়ায়। এখন কি দাঁড়াচ্ছে না?শাহনাজ: টাকার অভাবে ফেডারেশন চাইলেও অনেক কিছু করতে পারে না। ইনজুরিতে পড়ে বিপদে আছেন জিয়া (জিয়াউর রহমান) ভাই। এখন তাঁকে ভাতা দেওয়া উচিত ফেডারেশনের।