জাতীয় দলের অধিনায়ক ছিলেন, পরে হয়েছেন নির্বাচক। এখন আছেন বিসিবির অস্থায়ী কমিটিতে। টুর্নামেন্ট কমিটির দায়িত্ব নিয়ে বোনাস পয়েন্টসংক্রান্ত বিতর্কে শুরুতেই পড়েছেন বিব্রতকর অবস্থায়। তবে নাঈমুর রহমান বলছেন সাময়িক এ সমস্যাটা ছাড়া বিসিএলের সবই সন্তোষজনক বিসিএলের বোনাস পয়েন্ট নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। ফ্র্যাঞ্চাইজিদের পয়েন্ট এখন কীভাবে হিসাব করা হবে?নাঈমুর রহমান: এটা ভুলবশত হয়েছে। বিস্ময়করভাবে পয়েন্ট পদ্ধতিতে বাড়তি কিছু জিনিস ঢুকে পড়েছে, যা আসলে বাইলজে থাকার কথা নয়। কীভাবে সেসব ঢুকল, সেটার তদন্ত চলছে। আমরা দ্রুতই সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বসে সমস্যার সমাধান করে নেব। টুর্নামেন্ট কমিটির দায়িত্ব নিয়েই এ রকম একটা পরিস্থিতিতে পড়ে গেলেন। একটু কি বিব্রত?নাঈমুর: খারাপ তো লাগছেই। কিন্তু এটা তো কেউ ইচ্ছা করে করেনি...আমার অন্তত তাই বিশ্বাস। হয়তো কারও ভুলে হয়েছে। বোনাস পয়েন্টের ঝামেলাটুকু বাদ দিলে কেমন হচ্ছে বিপিএল?নাঈমুর: আসলে খেলার মানটাই হলো মূল ব্যাপার। বিসিএলে সেটা খুবই ভালো হচ্ছে। জাতীয় লিগের চেয়ে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আমাদের মূল উদ্দেশ্য ছিল আরেকটা প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট মাঠে গড়াক। ছেলেরা আরও বেশি দীর্ঘ পরিসরের ম্যাচ খেলুক। আমি মনে করি, সেই জায়গায় বিসিএল সন্তোষজনকভাবে হচ্ছে। প্রথম শ্রেণীর ক্রিকেটের মর্যাদা পেতে কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে মনে হয়?নাঈমুর: হ্যাঁ, বিষয়টা আইসিসিকে জানাতে হবে। তবে অনুমোদন আয়োজক বোর্ডই দিতে পারে। কোনো একটা বোর্ড সভায় আমরা এটা করে নেব। ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ কেমন দেখছেন?নাঈমুর: তারা তো খুবই আগ্রহ নিয়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ইসলামী ব্যাংক ক্রিকেটে নতুন এসেছে, তাদের এক্সাইটমেন্টটাই বেশি। এ ছাড়া আগে থেকেই ক্রিকেটের সঙ্গে থাকা ওয়ালটন আর প্রাইম ব্যাংকও খুব ইতিবাচক। খেলোয়াড়দের সুযোগ-সুবিধাকে সবাই প্রাধান্য দিচ্ছে। খেলোয়াড়েরা তাহলে খুশি। এ নিয়ে কথা হয়েছে তাঁদের সঙ্গে?নাঈমুর: বিসিএল নিয়ে সবচেয়ে বেশি রোমাঞ্চিত মনে হয় তারাই। এই সময়ে এই খেলাটা না হলে সবাই বসেই থাকত। আর কোনো খেলা ছিল না। আর আবহাওয়াও এখন ক্রিকেটের জন্য দারুণ। উইকেট ভালো। টাকাপয়সাও ভালো পাচ্ছে। এই খেলোয়াড়েরাই জাতীয় লিগে খেলেন, এসব মাঠেই খেলেন এবং এই বিসিবি সেটাও আয়োজন করে। তাহলে জাতীয় লিগ নিয়ে একই রকম আগ্রহ থাকে না কেন?নাঈমুর: বাস্তবতা হচ্ছে জাতীয় লিগে খেলোয়াড়ের সংখ্যা অনেক বেশি। বিসিএলে সেই সংখ্যাটা সংকুচিত হয়ে আসছে। এখানে সব বিভাগের ভালো খেলোয়াড়দের নিয়ে দল গঠিত হচ্ছে। সঙ্গে টাকাপয়সাও একটা ব্যাপার। খেলোয়াড়দের ক্যারিয়ার তো বেশি দিনের নয়। সবাই চায় এই সময়টায় যা করার করে রাখতে। তবে আমার বিশ্বাস, বিসিএল শুরু হওয়ায় এখন ছেলেরা জাতীয় লিগের প্রতিও সিরিয়াস হবে। কারণ, জাতীয় লিগের ভালো পারফরমারদের নিয়েই বিসিএলের দল গড়া হবে। বিসিএল হবে জাতীয় লিগের পরের ধাপ। জাতীয় দলের অধিনায়ক ছিলেন। নির্বাচক ছিলেন। এখন বোর্ড কর্মকর্তা। নতুন ভূমিকা কেমন লাগছে?নাঈমুর: এটা সাময়িক একটা ব্যাপার। অ্যাডহক কমিটি যত দিন থাকবে, তত দিনই আমি বোর্ডে থাকব। তবে যত দিনই থাকি, সামর্থ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করব। এরপর যদি আবার সুযোগ পাই, ইচ্ছা আছে বোর্ডের সঙ্গে থাকার। ক্রিকেটের জন্য কিছু করার।