নিজের সময়ে ছিলেন সেরাদের একজন। ব্রাজিল দলে তো বটেই, রিয়াল মাদ্রিদেও ছিলেন গ্যালাকটিকোদের একজন। রবার্তো কার্লোস এখন রাশিয়ান ক্লাব আনঝি মাখাচকালার স্পোর্টিং ডিরেক্টর। ফিফা ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এই লেফট ব্যাক কথা বলেছেন ২০১৪ বিশ্বকাপে ব্রাজিল দলের সম্ভাবনা, নিজের খেলোয়াড়ি জীবন এবং আরও অনেক প্রসঙ্গে। আভাস দিয়েছেন, কোচিংকেই বেছে নেবেন ক্যারিয়ার হিসেবে...
‘টাচলাইনের পাশেই আমার আসল কাজ’
রবার্তো, ২০১৮ বিশ্বকাপে রাশিয়ার কাছে আমরা কী আশা করতে পারি?রবার্তো কার্লোস: মাঠের খেলার কথা যদি ধরেন, লিগে (রাশিয়ান) বেশ কয়েকজন ভালো মানের বিদেশি খেলোয়াড় এসেছে। তার ওপর ফ্যাবিও ক্যাপেলো এখন রাশিয়ার কোচ। দেশের অর্থনীতিও এখন বেশ ভালো অবস্থায়। মস্কো আর সেন্ট পিটার্সবার্গ তো সবাই চেনে, রাশিয়ায় আরও অনেক বড় বড় শহরও আছে। অবকাঠামো, রেল যোগাযোগ এসবেও কোনো সমস্যা নেই। আমি মনে করি, সাংগঠনিকভাবে এটা হবে সবচেয়ে সেরা বিশ্বকাপগুলোর একটা। স্পোর্টিং ডিরেক্টর হিসেবে আপনার কাজের কথা বলুন। আপনি কি দীর্ঘ মেয়াদে এখানে থাকতে চাচ্ছেন?কার্লোস: দল যেখানে যাচ্ছে, আমিও সেখানেই যাচ্ছি, কোচদের সঙ্গে কাজ করছি, এর সঙ্গে দলের অনুশীলনেও অংশ নিচ্ছি। এটা নতুন এক জীবন, যেটা আমি দারুণ উপভোগ করছি। এখন কোচিং লাইসেন্সটা আমার দরকার। ডিরেক্টর হওয়াটা দারুণ ব্যাপার, কিন্তু আমার আসল কাজ টাচলাইনের পাশেই। আমি সেটাই চাই। মানো মেনেজেস ফিফা ডট কমকে বলেছিলেন, করিন্থিয়ানসে রোনালদিনহো ও আপনার মতো খেলোয়াড়দের সঙ্গে কাজ করাটা তাঁকে ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর অনেক সাহায্য করেছে। সেখানে তাঁর সঙ্গে কাজ করার আসল মাহাত্ম্যটা কী?কার্লোস: সেটা ছিল দুর্দান্ত একটা অভিজ্ঞতা। কীভাবে খেলোয়াড়দের সামলাতে হয়, তারকাদের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, এসব ব্যাপারে তিনি আমাকে অনেক শিখিয়েছেন। তিনি অনেকটা বন্ধুর মতোই আচরণ করতেন, তবে দায়িত্বও ভুলে যেতেন না। জাতীয় দলে আপনাকে অনেক চড়াই-উৎরাই পেরোতে হয়েছে। যেমন, ২০০২ বিশ্বকাপ জয়ের পর সেটির সঙ্গী হয়ে আসা চাপ ও পরাজয়...আপনি কি মনে করেন, বিশ্বকাপই একজন খেলোয়াড়ের ক্যারিয়ারের গতিপথ ঠিক করে দেয়?কার্লোস: বড় টুর্নামেন্টে যখনই ব্রাজিল খেলে, বিশেষ করে বিশ্বকাপে, সেখানে তারা কী করে, সেটা দিয়েই দলের মূল্যায়ন করা হয়। সেলেসাওদের হয়ে খেলতে পারাটা অবশ্যই গর্ব করার মতো, কিন্তু এটাও মনে রাখতে হবে, এখানে ভুল করার সুযোগ নেই বললেই চলে। আমি প্রায় এক যুগ ধরে জাতীয় দলে খেলেছি, কিন্তু অনেক মানুষই আমাকে মনে রাখে একটি গোল খাওয়ার জন্য, যে গোলটা নাকি আমার ভুলে (জার্মানি ২০০৬ বিশ্বকাপে ফ্রান্সের জয়সূচক গোল)। মেনেজেসের দল যে একটা পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে, সেটাকে আপনি কীভাবে দেখেন? আপনি কি মনে করেন, নেইমারের ওপর দায়িত্বটা একটু বেশিই হয়ে যাচ্ছে?কার্লোস: প্রতিটি দলেরই নেতা দরকার, সেটি শুধু একজন কি দুজন নয়। বেশ কয়েকজন, ২০০২ সালে যেমন আমাদের ছিল। মানো সেটা জানেন এবং জানেন বলেই সব দায়িত্ব শুধু নেইমারের ওপর চাপিয়ে দেবেন না। থিয়াগো সিলভা ও কাকার মতো খেলোয়াড়দের তা করতে হবে। নেইমারের যা করতে হবে, তা হলো নেতা হওয়ার ব্যাপারটি না ভেবে শুধু ফুটবলটা ঠিকভাবে খেলা। আপনি যখন তাঁর (নেইমার) বিপক্ষে খেলেছেন, তখন তিনি সবে ক্যারিয়ার শুরু করেছেন। আপনি কি তাঁর এভাবে তারকাখ্যাতির শীর্ষে উঠতে দেখে বিস্মিত?কার্লোস: আমি যখন ওর সঙ্গে প্রথম কথা বলি, তখন তার বয়স ১৪ বছর। তখন সে রিয়াল মাদ্রিদ দেখতে স্পেনে এসেছিল। ওই সময়ই ওর ভিডিও দেখে আপনি বলে দিতে পারতেন, ছেলেটা খেলতে জানে। আমার মনে হয়, ও যে তাকে ঘিরে উন্মাদনাটা সামলে এত দূর আসতে পেরেছে, সেই কৃতিত্বটা তার পরিবারের। আসলে সব সময় শুধু প্রতিভা দিয়েই হয় না, যদি আপনি মাথা ঠিক রাখতে পারেন ও বিশ্বাস করতে পারেন এমন লোকদের পাশে পান। যেমন আমি পেয়েছিলাম, রোনালদো বা কাকা পেয়েছিল। ব্রাজিল দলে যখন ছিলেন, তখন অনেক প্রতিদ্বন্দ্বিতা জয় করে লেফট ব্যাক পজিশনটা নিজের করে নিয়েছিলেন। আপনার বিদায়ের পর একটু শূন্যতাই সৃষ্টি হয়েছে, এটাকে কীভাবে দেখেন?কার্লোস: আমার পুরো ক্যারিয়ারেই এই পজিশনে অনেক বিকল্প ছিল। জে রবার্তো, সার্জিনহো, জুনিয়র, আথিরসন, ফেলিপের মতো আক্রমণাত্মক খেলোয়াড়েরাও ছিল। আমার মনে হয়, কম বয়সে ইন্টার মিলানে যোগ দেওয়াটা আমাকে সাহায্য করেছে। সেখানে আমি ডিফেন্সে অনেক খেলেছি, যা আমাকে পরিপূর্ণ খেলোয়াড় হতে সাহায্য করেছে। তবে আমি সত্যি বিশ্বাস করি, এটা একটা কাকতালীয় ব্যাপারই যে, শুরুতে সমস্যায় পড়ার পর দীর্ঘ মেয়াদের জন্য একজনকে আমরা পেয়েছিলাম। এমন তো হয়ই, কখনো অনেক বিকল্প থাকবে, কখনো থাকবে না। আমরা এখন মার্সেলোকে পেয়েছি। খেলোয়াড় হিসেবে সে দারুণ। আমি আশা করি, আগামী ১০ বছর সে জায়গাটা ধরে রাখবে। আপনার সবচেয়ে শক্তিশালী দিকগুলোর একটা ছিল শ্যুটিং। কখন বুঝতে পারলেন যে, আপনি এমন জোরে বলে লাথি মারতে পারেন, ক্যারিয়ারজুড়ে অনুসরণ করেছেন এমন কোনো উপদেশ কি ছিল?কার্লোস: ছোট থেকেই বাঁ পা দিয়ে এমন জোরেই আমি মারতে পারতাম। তবে এটাকে কীভাবে কাজে লাগানো যায়, ওতাসিলিও (গনসালভেজ), লুক্সেমবার্গো (ভ্যান্ডারলি), পাহেইরার (কার্লোস আলবার্তো) মতো অনেকেই এ ব্যাপারে আমাকে অনেক কিছু শিখিয়েছে। তবে সবচেয়ে বেশি শিখিয়েছে লুক্সেমবার্গো। সে নাকি ফুলব্যাকেই খেলত, আমাকে তেমনটাই বলেছে। যদিও তার কথা বিশ্বাস করা যায় কি না, সেটা নিশ্চিতভাবে বলতে পারছি না (হাসি)। ভ্যান্ডারলি আমাকে শিখিয়েছে কীভাবে পজিশন নিতে হয়, বক্সে কী হচ্ছে সেটা কীভাবে বুঝতে হয়, কখন বল ক্রস করতে হয় ও ঠিক সময়ে সামনে যেতে হয়। সর্বকালের অন্যতম সেরা লেফট ব্যাক হিসেবে ইতিহাসে আপনার নাম লেখা হয়ে গেছে, এ ব্যাপারে আপনি কি সচেতন?কার্লোস: এটা বলতে পারছি না। নিলটন সান্তোস, জুনিয়র, ব্রাঙ্কোরা আছেন। আমার জন্য তাঁরা সবাই ছিলেন দারুণ শিক্ষক এবং অনুপ্রেরণাও। এমনটা শুনলে আমি একটু শ্লাঘাই বোধ করি, আমার ক্যারিয়ার নিয়ে আমি সন্তুষ্টই, তবে আমি তাঁদের আলাদা জাতেরই মনে করি।ভাষান্তর: মোসতাকিম হোসেন