সর্বশেষ প্রিমিয়ার হকি লিগ মাঠে গড়িয়েছিল ২০১০ সালের জুলাইয়ে। হচ্ছে না প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ লিগও। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের অ্যাস্ট্রোটার্ফে শ্যাওলা জমেছে। হকির ভবিষ্যৎ নিয়েই শঙ্কিত জাতীয় দলের স্ট্রাইকার রাসেল মাহমুদ (জিমি) খেলাধুলা নেই। সময় কাটছে কীভাবে?রাসেল মাহমুদ (জিমি): অফ সিজনে কী আর করব? আপাতত ব্যবসা করছি। গাউছিয়া মার্কেটে প্রসাধনসামগ্রীর দোকান ছিল, সেটা নিয়েই আছেন নাকি?রাসেল: না। ওটা ছেড়ে দিয়েছি। এখন আমি আর চন্দন (ডিফেন্ডার আসাদুজ্জামান চন্দন) মিলে গার্মেন্টসের ব্যবসা করছি। এভাবে খেলা ছাড়া থাকতে নিশ্চয়ই খারাপ লাগছে?রাসেল: অসম্ভব খারাপ লাগছে। আমরা যে হকি খেলোয়াড়, এটা ভাবতেই খারাপ লাগে। খেলা না থাকলে আমাদের কোনো দাম থাকে না। আমরা তো অন্য কোনো কিছু শিখিনি, যে সেটা করব। চিন্তা করতেও খারাপ লাগে। এত সুন্দর মাঠ, এত ভালো খেলা, সেটা দিন-দিন শেষ হয়ে যাচ্ছে। মাঠেরও তো এখন যাচ্ছেতাই অবস্থা। শ্যাওলা পড়ে আছে অ্যাস্ট্রোটার্ফে...রাসেল: টার্ফের যে অবস্থা, হকিরও তাই। টার্ফে যেমন শ্যাওলা পড়েছে, হকিতেও তাই। দুটিই পরিষ্কার করতে হবে। খেলার জন্য কি আন্দোলনে যাওয়ার চিন্তাভাবনা আছে?রাসেল: দেখুন, সবচেয়ে বড় সমস্যা হলো, যখন মাঠে খেলাধুলা থাকে তখন খেলোয়াড়েরাও থাকে। তখনই সতীর্থ খেলোয়াড়দের সঙ্গে দেখা হয়। কথাবার্তা হয়। আন্দোলনটা কী? নিজেদের কোনো জিনিস পাওয়ার জন্য যে কথা বলা...। আমাদের এখানে একটা ট্র্যাডিশন হয়ে গেছে, আমরা কথা বলতে গেলেই সবাই বলে ওরা আন্দোলন করছে। এখানে আন্দোলনের তো কিছু নেই। তা ছাড়া আমরা যে একটা বিষয় নিয়ে কারও কাছে দাবি করব, সেটা কার কাছে করব? ফেডারেশনের অভিভাবক কারা, সেটাই তো আমরা খুঁজে পাই না। বারবার আন্দোলন করলে আপনাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে, সেই ভয়টা কি কাজ করে?রাসেল: না। এখানে ভয়ের কিছু নেই। আগেই বললাম, এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে। আমাদের সবাই একটা পরিবারের মতো। যখন আমি দলে প্রথম ঢুকি তখন সিনিয়র খেলোয়াড় ছিল বলে কোনো কথা বলতাম না। এখন তো আমার চেয়ে সিনিয়র কেউ নেই। আমার সঙ্গে জাহিদ, চন্দন, বিপ্লব, চয়ন—সবাই আছে। যদি কোনো কিছু বলতে যাই তাহলে আমাদেরই বলতে হবে। বিপ্লব, মিমো, পিন্টু ওদের সঙ্গে কি যোগাযোগ আছে?রাসেল: ফোনে যোগাযোগ হয় সবার সঙ্গে। বিপ্লব হয়তো কয়েক দিনের মধ্যে মালয়েশিয়া লিগ খেলতে যাবে। আর বাকিরা মানে মিমো, পিন্টু, রানা—এরা সবাই যাচ্ছে জার্মানিতে লিগ খেলতে। আপনিও নাকি জার্মানি যাচ্ছেন?রাসেল: না না, আমি যাব না। আমার সঙ্গে কোচের (পিটার গেরহার্ড) বোঝাপড়াটা ভালো না, সেটা তো জানেনই। তাই আমি চাইলেও যেতে পারব না। ফেডারেশন তো বলছে, রোজার জন্য খেলাধুলা বন্ধ...রাসেল: এটা একটা অজুহাত। রোজার সময় অন্য কোনো কিছু কি বন্ধ আছে? রোজায় কি ফুটবল বন্ধ আছে, ক্রিকেট বন্ধ আছে? শুধু হকিই বন্ধ। হকি বন্ধ আছে রোজার কারণে না, শুধু তাদের নিজেদের কারণে, নিজেদের দোষে। রোজার অজুহাত দিয়ে লাভ নেই। আজ থেকে তিন বছর আগের কথা মনে করুন, তখন প্রিমিয়ার লিগ খেলেছি রোজার মধ্যেই। সেবারই আমি প্রথম আবাহনীতে যোগ দিই। রোজার জন্য আট-দশ দিন হয়তো খেলা বন্ধ থাকতে পারে। কিন্তু আজ চার মাস মাঠে কোনো খেলা নেই।