‘টি-টোয়েন্টি শুধুই বাণিজ্য’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের ক্রিকেট উন্নয়নে পাকিস্তানের দূত হয়ে কাজ করছেন বেশ কিছুদিন ধরে। গুয়াংজু এশিয়ান গেমসের ক্রিকেট ভেন্যুতে তাঁর উপস্থিতি তাই প্রত্যাশিতই। কাল বাংলাদেশ-মালয়েশিয়া কোয়ার্টার ফাইনাল শেষে চীনের ক্রিকেট তো থাকলই, আরও অনেক প্রসঙ্গেই কথা বললেন পাকিস্তান ক্রিকেটের ‘বড়ে মিয়াঁ’ জাভেদ মিয়াঁদাদ আপনার মতো একজন গ্রেট ক্রিকেটারের উপস্থিতি এই গুয়াংজু স্টেডিয়ামের আলো বাড়িয়ে দিয়েছে অনেক। কেমন লাগে এখানে এলে?জাভেদ মিয়াঁদাদ: অসাধারণ। চীন বলতে এই সেদিনও আমরা বুঝতাম এরা ক্রিকেটের ‘সি’-ও বুঝে না। আর এখন এখানে ক্রিকেট চর্চা শুরু হয়ে গিয়েছে। ক্রিকেটের মানুষ হিসেবে এটা আমার কাছে খুবই আনন্দের।  চীনের অগ্রগতি কেমন দেখছেন? শুনেছি, চীনের কিছু ছেলেমেয়েকে আপনি পাকিস্তান নিয়ে যাচ্ছেন...মিয়াঁদাদ: চীনা ছেলেমেয়েরা খুব দ্রুত শিখতে পারে। তাই এখন পর্যন্ত ভালোই অগ্রগতি। এই একমাত্র স্টেডিয়াম ওয়ানডে ভেন্যু হিসেবে স্বীকৃতি পেয়ে যাচ্ছে শিগগিরই। তবে পর্যাপ্ত সুযোগ-সুবিধা গড়ে ওঠেনি এখনো। তাই কিছু চীনা ছেলেমেয়েকে পাকিস্তান নিয়ে গিয়ে গড়ে তোলার ইচ্ছা আছে আমার। এত চেষ্টার ফল কতটা আসবে মনে করেন?মিয়াঁদাদ: ধাপে ধাপে এগোতে হবে। চীনারা খুব একটা খারাপ করছে না। এদের ক্রিকেটে আনার পেছনে বড় কৃতিত্ব পাওয়া উচিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি)। বিশেষ করে মিস্টার আশরাফুল হকের (এসিসির সিইও সৈয়দ আশরাফুল হক)। বাংলাদেশের খেলা কেমন দেখলেন?মিয়াঁদাদ: বাংলাদেশ ভালোই খেলেছে। তবে টি-টোয়েন্টি ক্রিকেট দেখে একটা দল সম্পর্কে মন্তব্য করা কঠিন। কয়েকটা ভালো শটই পুরো খেলা বদলে দিতে পারে। এখানে সত্যিকারের সামর্থ্যটা ফুটে ওঠে না। সাম্প্রতিক ম্যাচ পাতানো কেলেঙ্কারিসহ আর অনেক বিতর্কে জর্জরিত পাকিস্তান ক্রিকেট। আপনি নিশ্চয়ই খুব ব্যথিত?মিয়াঁদাদ: এ ব্যাপারে কিছু বলব না। আমি এখন পিসিবির ডিরেক্টর জেনারেল। তা ছাড়া সবকিছু তদন্তাধীন। ঢাকায় আপনি অনেকবারই গেছেন। বিশেষ কোনো স্মৃতি মনে পড়ে?মিয়াঁদাদ: অনেক বন্ধু আছে, তাদের কথা স্মরণ করি মাঝেমধ্যে। অনেক জায়গায় গেছি, ভালো লেগেছে সবই। আর ঢাকার মানুষের আপ্যায়নের কথা তো ভোলাই যায় না।  মোহামেডান একটা একাডেমি করবে বলেছিল কয়েক বছর আগে। মোহামেডান ক্লাবে সংবাদ সম্মেলনে আপনিও ছিলেন। আর তো অগ্রগতি দেখা গেল না...মিয়াঁদাদ: হ্যাঁ, ওরা একটা একাডেমি করবে বলেছিল। আমার ধারণা, জমি না পাওয়ায় ওটা হয়নি। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটটাই বেশ অগ্রাধিকার পাচ্ছে। আপনি কি এটা সমর্থন করেন?মিয়াঁদাদ: একদমই না। টি-টোয়েন্টি আসল ক্রিকেট নয়। এটা শুধুই বাণিজ্য। তাই টেস্ট ক্রিকেট ও ৫০ ওভারের ক্রিকেটের সঙ্গে এটিকে আমি এক করে দেখি না। টেস্ট ক্রিকেটই একজন ক্রিকেটারের আসল পরীক্ষা। স্কিলের প্রয়োগটা বেশি হয় সেখানেই। টি-টোয়েন্টি চার-ছয়ের খেলা। ৫০ ওভারের ম্যাচে বোলার ওভারে ৬ রান দিলে বলা হয় বোলিং ইজ ব্যাড আর টি-টোয়েন্টিতে, ওকে! এশিয়ান গেমস কেমন লাগছে? গেমসে ক্রিকেট রাখার বিরুদ্ধে মত আছে অনেক। আপনি কতটা সমর্থন করেন? মিয়াঁদাদ: দারুণ একটা গেমস হচ্ছে। আর এই গেমসে ক্রিকেট অবশ্যই থাকা উচিত। ক্রিকেটের বিশ্বায়নের জন্য তা খুব ভালো।