‘টিকিট নাই নামি যাই!’
বিকেল সাড়ে চারটা। ট্রেনটি স্টেশনে পৌঁছাতে দূরত্ব আধা কিলোমিটারের কম হবে। একটি সেতু। নিচ দিয়ে রেললাইন। সিলেট নগরের উপকণ্ঠ দক্ষিণ সুরমার হুমায়ূন রশিদ চত্বর অতিক্রম করার আগে পড়েছে সেতু। নিচ দিয়ে যেতে গেলে স্বাভাবিকভাবে গতি কমে আসে ট্রেনের। আর তাতেই লেগে যায় ‘নামি যাই...’ বলে কিছু যাত্রীদের হুড়োহুড়ি। কাঁধে-কাখে মালপত্র আর লম্ফজম্ফ করে ‘নামি যাই’পর্ব। ট্রেন চলছে। চলন্ত ট্রেন থেকে এভাবে পড়িমরি করে যাত্রীদের নেমে যাওয়া প্রত্যক্ষ করলে যে কারঢ মনে প্রশ্ন জাগে—তাহলে ট্রেন কর্তৃপক্ষ কোথায় কিংবা এই যাত্রীদের কি স্টেশনে গিয়ে ঝুঁকিমুক্তভাবে নামার তর সইছে না? প্রশ্নটা সরল হলেও উত্তরটা জটিল। স্টেশনের কাছাকাছি গিয়ে আবার চলন্ত ট্রেন থেকে নেমে যাওয়া এই যাত্রীরা হচ্ছেন ‘ফাউ’ যাত্রী। তাঁদের কাছে টিকিট থাকে না! ট্রেনের মধ্যে এ-বগি, ও-বগি করে টিটির চোখ ফাঁকি দিলেও স্টেশনে গিয়ে টিকিট তল্লাশির বেষ্টনী থেকে মুক্ত হওয়া দায় বলেই এভাবে ঝুঁকি নিয়ে ‘নামি যাই!’গত ১৩ অক্টোবর বিকেলে সুরমা মেইল থেকে এভাবে নেমে যাওয়া যাত্রীদের কয়েকজনের একজন নূর হোসেন। কুলাউড়া থেকে সিলেট আসছিলেন। এভাবে ‘নামি যাই’ কেন? জানতে চাইলে কাঁধের বস্তা কাঁধ বদল করতে করতে বলেন, ‘টিকিট না থাকলে ইমনেই নামি যাই!’ টিকিট নাই কেন—প্রশ্নের উত্তরে, ‘আমি তো আর একলা না...!’ বলে সরে পড়েন।রেল জংশন কুলাউড়া। বড় একটি স্টেশন। কত না যাত্রী সেখানে। তো টিকিট না করাটা কি রেওয়াজে পরিণত হয়েছে? এমন কথামালা শুনে সহাস্যে ফিরে তাকালেন মবিন ও মজিদ। মধ্য বয়সী দুজনের হাতে ও কাঁধে পেন্ডোরার বাক্সের মতো দুটি বস্তু। বিজ্ঞের মতো করে জানালেন, তাঁরা শ্রমজীবী মানুষ। সব সময় হাতে টাকা-পয়সা থাকে না। এ জন্য মাঝপথে নেমে পড়ার মানসিকতা নিয়েই ট্রেনে ভ্রমণ। মবিন জানান, দিনের লোকাল ট্রেনে এমন যাত্রী হাতে গোনা নয়, সংখ্যায় বেশ ভালোই থাকে। এদের মধ্যে এমন যাত্রীদের থাকে অন্য রকম ‘ধান্দা’! কী সেই ধান্দা? রেললাইন থেকে নিরাপদে দাঁড়িয়ে মবি জানালেন মাদক ব্যবসায়ীদের তৎপরতার কথা। তাঁর ভাষ্য, লোকাল ট্রেন মানেই তো মাদকের চালান আদান-প্রদান। মবিন বলেন, ‘আমরা তো টিকেট নাই বইলা নামি যাই! তারা তো টিকেট করিও নামি যায়...!’তাঁরা দুজন তরুণ বয়সী। দুই বন্ধু। স্টেশনের আগে এভাবে নেমে পড়ার কারণ জানতে চাইলে সময় বাঁচানোর অজুহাত দেখালেন। বললেন, ‘আরও এক কিলোমিটার ঘুরে ই-বাইদি আইতে অনব। এরচে নামি গেলাম!’ ‘টিকেট না থাকলে এভাবে নেমে যাওয়া ঠিক না’—একজন প্রত্যক্ষদর্শীর এমন কথা শুনে দুই তরুণের অভিন্ন সুরে বিস্ময়সূচক জবাব, ‘লোকাল ট্রেনে টিকেট লাগে বুঝি... কায়দা জানলেই অয়!’সেতুর ওপর থেকে ওই দিনের লোকাল ট্রেনের যাত্রী কয়েকজনের ‘নামি যাই’ প্রত্যক্ষ করছিলেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। কিছু একটা দেখে ফেলার ভাব নিয়ে তাঁদের একজন বর্ণনা করলেন, ট্রেনের সর্বশেষ বগির জানালা দিয়ে কয়েকটি বক্স ফেলছিল কয়েকজন, আর বাইরে থেকে সেগুলো দৌড়ে দৌড়ে সংগ্রহ করছিল চার-পাঁচজনের কয়েকজন কিশোর বয়সী ছেলে।প্রত্যক্ষদর্শীদের ধারণা, এগুলো মাদকদ্রব্য হবে। এর জন্য ট্রেনের চালক বা টিটিদের সঙ্গে একটা যোগসাজশ থাকে বলে অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শীদের এ কথার সূত্র ধরে স্টেশনে গিয়ে সুরমা মেইলের ৩৬৭২ নম্বর বগিতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। স্টেশনের এক কিশোর শ্রমিক জানাল, ওই বগির ‘মাল’ ও ‘মানুষ’ ট্রেন স্টেশনে পৌঁছার আগেই লাপাত্তা।প্রতিদিনের এই দৃশ্যপটে ট্রেন স্টেশনে পৌঁছার আগেই আসলে কী হয়—বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের মুখোমুখি হলে সিলেট রেলওয়ে স্টেশনের মাস্টার মো. মুহিবুর রহমান বলেন, ‘আমাদের দায়িত্ব কেবল স্টেশন। ট্রেনের ভেতর কী হয়, আর স্টেশনের বাইরে ট্রেন গতি কমাবে না বাড়াবে, সেগুলো দেখভাল করে টিটিরা।’ টিকিটবিহীন যাত্রীসংখ্যার কোনো পরিসংখ্যান আছে কি না জানতে চাইলে স্টেশনমাস্টার বলেন, ‘কোনো সংখ্যা নাই। এটা স্টেশন ম্যানেজার বলতে পারবেন।’যোগাযোগ করলে সিলেট রেলস্টেশনের ম্যানেজার আবুল কাশেম বলেন, ‘ট্রেন চলাকালীন টিকেটবিহীন যাত্রীদের আটক করে তাৎক্ষণিক রসিদের মাধ্যমে টিকেটের মূল্য আদায় করা হয়। এর কোনো আলাদা পরিসংখ্যান নেই। তবে রসিদের মাধ্যমে ওই টাকা আদায় করে রেলের কল্যাণ তহবিলে জমা রাখা হয়। একইভাবে ট্রেন চলাকালীন টিটিরা ওইভাবে টাকা আদায় করেন।’স্টেশনের কাছাকাছি এসে ট্রেনের গতি কমিয়ে ফেলা আর চলন্ত ট্রেন থেকে যাত্রীদের নেমে পড়া প্রসঙ্গে স্টেশন ম্যানেজার বলেন, ‘এটা তো মানতেই হবে। ওভারব্রিজ পার হওয়ার সময় একটা নির্দিষ্ট গতিতে চলতে হয় ট্রেন। তখন যদি কেউ ঝুঁকি নিয়ে নেমে যায়, তার দায়দায়িত্ব কর্তৃপক্ষের না।’ তিনি অবশ্য জানান, এ বিষয়টিও নজরদারির মধ্যে রাখা হয় এবং অবৈধ কিছু হলে রেলওয়ে পুলিশ নিরাপত্তামূলক ব্যবস্থা নেবে।