বিপিএলে ‘ভালো’র অভাব দেখছেন না তিনি। হতাশ হন শুধু গ্যালারির দিকে তাকিয়ে। ফাঁকা গ্যালারি দেখে চিটাগং কিংসের পাকিস্তানি ওপেনার নাসির জামশেদেরও মনে হচ্ছে, টিকিটের দামটা একটু বেশিই হয়ে গেছে এই টুর্নামেন্টে বিপিএলে খেলতে কেমন লাগছে?নাসির জামশেদ: খুবই ভালো লাগছে। আর বাংলাদেশে এবারই প্রথম আসা নয় আমার। চার বছর ধরে আসছি। এখানে খেলাটা আমার জন্য তাই কঠিন নয়। তার পরও কোচ খালেদ মাহমুদ ও মাইকেল বেভান আমাকে স্বাভাবিক খেলা খেলতে বলেছেন। বলেছেন, আমি ফিফটি করলে স্কোরবোর্ডে ভালো একটা রান আনা সম্ভব। আমিও সেটাই খেলার চেষ্টা করেছি। ঢাকা প্রিমিয়ার লিগে খালেদ মাহমুদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিশ্চয়ই কাজে লাগছে এখানে...নাসির: এক বছর বিমানে খেলার পর তিন বছর ধরেই মাহমুদের সঙ্গে আছি। হ্যাঁ, এতে আমার জন্য সুবিধাই হচ্ছে। এখানে এসে অনেক বিদেশি খেলোয়াড়ের সঙ্গে মিশছেন, খেলছেন। এই অভিজ্ঞতাটা কেমন?নাসির: খুবই ভালো অভিজ্ঞতা হচ্ছে বলতে হবে। ক্রিস গেইল, মুত্তিয়া মুরালিধরনের মতো অনেক খেলোয়াড় খেলছে বিপিএলে। তাদের সঙ্গে খেলে অনেক কিছু শিখছি, জানছি। খেলোয়াড় হিসেবে এই অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে আমাকে। বিপিএলের পারফরম্যান্স ভবিষ্যতে কীভাবে কাজে দেবে বলে মনে করেন?নাসির: আমি মনে করি, বিপিএল পাকিস্তানের খেলোয়াড়দের জন্য ভালো একটা সুযোগ, আসলে সব খেলোয়াড়ের জন্যই এটা সুযোগ। পাকিস্তানে আমাদের নির্বাচকেরা বিপিএলের খেলা দেখছেন। আমরা ভালো খেললে সেটা তারা নিশ্চয়ই মনে রাখবে। টি-টোয়েন্টি ক্রিকেট এমনিতে জনপ্রিয় হলেও বিপিএল দর্শক টানতে পারছে না। এতে কি হতাশ?নাসির: আমার মতে, টিকিটের দামটা অনেক বেশি হয়ে গেছে। সবার তো এত টাকা দিয়ে টিকিট কেনার সামর্থ্য নেই! দুই শ টাকা অনেকের জন্যই অনেক টাকা বাংলাদেশে। টিকিটের ন্যূনতম দাম এক শ হলেই ভালো হতো। আগে মানুষের মধ্যে মাঠে আসার অভ্যাস তৈরি করতে হবে। এরপরই মাঠে আসার সংস্কৃতিটা তৈরি হবে। টিকিটের দাম এত বেশি হলে মানুষের উৎসাহ নষ্ট হয়ে যেতে পারে। মাঠে যারা আসছে তাদের কেমন মনে হচ্ছে? সমর্থন পাচ্ছেন দর্শকদের কাছ থেকে?নাসির: অসাধারণ! অসাধারণ! খুবই ভালো। আমার মতে, বিপিএল প্রতিবছর হওয়া উচিত। কারণ এটা পাকিস্তান এবং অন্যান্য দেশের ক্রিকেটারদের জন্য ভালো। সবচেয়ে ভালো বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। সাকিব, মাহমুদউল্লাহ, রাজ্জাকরা এখানে আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে খেলছে। হার্শেল গিবস, মুরালিধরনদের সঙ্গে একই ড্রেসিংরুমে থাকার অভিজ্ঞতা অর্জন করছে। ফ্র্যাঞ্চাইজি হিসেবে চিটাগং কিংসের ব্যবস্থাপনা কেমন?নাসির: খুবই ভালো। ডিন জোন্স, মাইকেল বেভান, খালেদ মাহমুদসহ আরও যারা আছে, খুব ভালো কাজ করছে সবাই। আমি নিজেও এখান থেকে অনেক কিছু শিখছি। আপনার খেলা অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টের সঙ্গে বিপিএলকে কীভাবে তুলনা করবেন?নাসির: এটাকেই সেরা ঘরোয়া টুর্নামেন্ট মনে হচ্ছে আমার। এখানে ৫০ ওভারের ক্রিকেটও ভালো হয়। কিন্তু এখন বিপিএলকেই বেশি ভালো মনে হচ্ছে। অনেক খেলোয়াড়কেই এটা খেলার সুযোগ করে দিয়েছে। এই টুর্নামেন্ট থেকে হয়তো বাংলাদেশ এমন দু-তিনজন খেলোয়াড় পেয়ে যাবে যারা আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা চিন্তা করেও এ রকম টুর্নামেন্ট হওয়া উচিত। চিটাগং কিংসের চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে কতটা আশাবাদী আপনি?নাসির: ইনশাআল্লাহ, সেটাই আশা করছি। দল হিসেবে আমরা খুবই ভালো। দলে অনেক তারকা ক্রিকেটার আছে। প্রথম দুই ম্যাচেই জেতায় আমাদের শুরুটা ভালো হলো। এখন শুধু এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।