‘টিভিতেও অনুষ্ঠান দেখব না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই ১৯৭৮ সালে প্রথম বাংলাদেশ গেমসে খেলেছেন। খেলেছেন পরের আরও দুটি গেমসে। ১৯৮৭ সালে অবসরে যাওয়ার পর সুফিয়া খাতুনের হাত ধরে উঠে এসেছে অনেক দ্রুততম মানব-মানবী। আজ আবারও আরেকটি বাংলাদেশ গেমস শুরুর আগে পুরোনো দিনের স্মৃতিচারণা করলেন সাবেক অ্যাথলেট আপনি তো প্রথম তিনটি বাংলাদেশ গেমসে খেলেছেন। আগের গেমসের সঙ্গে এখন কীভাবে তুলনা করবেন? সুফিয়া খাতুন: আগের গেমসগুলোর মতো তেমন জৌলুশ নেই গেমসে। গেমস এলে আমাদের ঈদের চেয়েও বেশি আনন্দ হতো। অনেক আগে থেকে ক্যাম্প শুরু হতো। এখন এসবের কিছুই হয় না। তখন সবাই জানত। আগে থেকে প্রচার-প্রচারণা হতো বাংলাদেশ গেমস নিয়ে।  আপনারা কেমন প্রস্তুতি নিতেন?সুফিয়া: আমরা অনেক আনন্দ করতাম। সবার মধ্যে একটাই চিন্তা থাকত কে প্রথম হবে, কে দ্বিতীয় হবে। কে রেকর্ড করবে। উৎসবমুখর থাকত সব সময় পরিবেশ। হিটেই দেখা যেত অনেক রেকর্ড হচ্ছে। সেমিফাইনালেও রেকর্ড হতো। আর এখন তো হাতে গোনা খেলোয়াড়। রেকর্ড দূরের কথা, অ্যাথলেটই খুঁজে পাওয়া যায় না। তখন গেমস করে কতটুকু উপকার হতো?সুফিয়া: অবশ্যই উপকৃত হতো অ্যাথলেটরা। গেমসের জন্য সারা বছর আমরা প্রস্তুতি নিতাম। বলতাম, রেকর্ড করতে হবে। একে অপরের সঙ্গে পাল্লা দিতে হবে। আমি গেমসে অংশ নেব বলে কোথাও দাওয়াত খেতে যেতাম না। সিনেমা দেখতে যেতাম না। কোনা আত্মীয়স্বজনের বাড়িও যেতাম না। মাথায় শুধু একটাই চিন্তা, আমাকে ভালো করতে হবে।  গেমস নিয়ে কোনো মজার স্মৃতি আছে আপনার? সুুফিয়া: ১৯৭৭ সালে আমরা একবার ময়মনসিংহে গেলাম জাতীয় প্রতিযোগিতায় খেলতে। ঢাকার বাইরে খেলা। অনেক দর্শক। এদিকে ভোররাতে বৃষ্টি হলো। রাত পোহালেই খেলা। আমরা তো ভেবেছি খেলা হবে না। কিন্তু সকাল ১০টায় শুনলাম খেলা ঠিকই হবে। ঘাস চেছে ফেলা হলো। এরপর বালু আর স মিল থেকে কাঠের গুঁড়া-তুষ এনে মাঠে দেওয়া হলো। এরপর পেট্রল ঢেলে পুরো মাঠ আগুন জ্বালিয়ে শক্ত করা হলো। এরপর ১০০ মিটার দৌড়ে প্রথম হই। কিন্তু আমাকে সেকেন্ড বানিয়ে দেওয়া হয়। এটা দেখে দর্শকেরা সবাই প্রতিবাদ করে। আমি কিছু বললাম না। শুধু বললাম, পরের বছর বাংলাদেশ গেমস হবে সেখানে আমি দেখিয়ে দিব।  পরের বছর বাংলাদেশ গেমসে সোনা জিতেছিলেন? সুফিয়া: হ্যাঁ, আমি ঠিকই দেখিয়ে দিয়েছিলাম। আমি চেয়েছিলাম কোনো দ্বিধায় থাকব না। আমি সবার আগে থাকব দৌড়ে। ময়মনসিংহে যে প্রথম হয়েছিল সে আমার অনেক পেছনে থাকল। এর পর থেকে টানা ৮৩ সাল পর্যন্ত ১০০ ও ২০০ মিটারে সোনা জিতি। আমার জেদই আমাকে এতটা ভালো করতে সাহায্য করেছিল।  আপনি নাকি এবারের উদ্বোধনী অনুষ্ঠানে আসবেন না? সুফিয়া: ক্রীড়া পরিষদ থেকে আমাকে একটা দাওয়াত কার্ড পাঠাতে চেয়েছিল। সেটা এখনো হাতে পাইনি। আমার নাকি ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্রীড়া পরিষদে আমার ঠিকানা আছে। আসলে আমাদের মতো অ্যাথলেটদের কোনো মূল্যায়ন নেই এ দেশে। আমরা পেটের দায়ে চাকরি করি। আমাদের কোনো ভাতা নেই। তাহলে টিভিতে অনুষ্ঠান দেখবেন?সুফিয়া: আমি টিভিতেও অনুষ্ঠান দেখব না। আমি এখনো দৌড়াই। আমি একসময়ের দ্রুততম মানবী। আমার ৩০ বছরের রেকর্ড চুমকি আর বিউটি এসে সেদিন ভেঙেছে। কিন্তু আমি এভাবে উপেক্ষিত হব, সেটা ভাবতেই পারিনি। আমাকে মশাল জ্বালোনোর ওই তালিকাতেও রাখা হয়নি। শুনলাম ইচ্ছা করে এটা করা হয়েছে। শুনে খুব খারাপ লেগেছে। এসব কারণে গেমসের ওপর থেকে মনটা সরে গেছে।