১৭৬ রান নিয়ে দিন শুরু করেছিলেন, আউট হয়ে গেলেন ডাবল সেঞ্চুরি থেকে ৮ রান দূরে। তার পরও তৃপ্ত তিনি। সেই তৃপ্তির কারণ, অধিনায়কত্বের রোমাঞ্চ, নিজের ক্যারিয়ার, সামনের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আর নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলা—সবকিছু নিয়েই কথা বললেন তামিম ইকবাল ১৯২ রানের তৃপ্তি, না ৮ রানের আক্ষেপ—কোনটা বড়?তামিম ইকবাল: তৃপ্তিটাই বড়, তবে রানসংখ্যার নয়, সময়ের। অনেকেই এখন হয়তো বিশ্বাস করতে চাইবে না, কিন্তু সত্যি বলতে, জাতীয় লিগে এবার আমার মূল লক্ষ্য ছিল অন্তত একটা ইনিংসে সারা দিন ব্যাটিং করা। ডাবল সেঞ্চুরির আফসোস নেই বললে মিথ্যা বলা হবে। কখনো কোনো পর্যায়ের ক্রিকেটেই ডাবল সেঞ্চুরি করতে পারিনি। তবে সারা দিন ব্যাট করতে পারার লক্ষ্য পূরণ হওয়াতেই আমি খুশি। ১৭৬ রানে দিন শুরু করেছিলেন কাল, ভাবনাটা কী ছিল?তামিম: খুব ফুরফুরে ছিলাম আমি, কালকেও যেমন, আজকেও তা-ই। নির্দিষ্ট কোনো লক্ষ্য ছিল না, চেয়েছিলাম নিজের মতো করেই ব্যাটিং করে যেতে। সত্যি বলতে কালকের চেয়েও ভালো খেলছিলাম। আউট হওয়ার আগের বলেই পুল করে একটা চার মারলাম। পুল করতে গিয়েই আউট হলাম। বলটি একটু নিচু হয়ে গিয়েছিল, ক্যাচ উঠে গেল মিড অনে। দেশের ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে কত দিন পর খেলছেন, জানেন?তামিম: হুমম...৫ বছর। বগুড়ায় আসার সময় গাড়িতে হিসাব করছিলাম। এত সময় বিরতি পড়েছে দেখে নিজেই অবাক। নানা কারণেই খেলা হয়ে ওঠেনি। এবার সুযোগ মিলেছে। সামনেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, খুব করে চাইছিলাম সিরিজ শুরুর আগে জাতীয় লিগের ম্যাচ দুটিতে রান করতে। ভালো ফর্মে থেকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যেতে পারলে আত্মবিশ্বাস অনেক বেশি থাকবে। জাতীয় লিগে ফিরলেন নিজের বিভাগের অধিনায়ক হয়ে, কতটা রোমাঞ্চিত?তামিম: আগে অধিনায়ককে ঘুষ দিতাম যাতে আমাকে সিলিতে (ব্যাটসম্যানের নাকের ডগায়) দাঁড় না করায়, এখন আর সেটা করতে হচ্ছে না (হা হা হা)! সত্যি বলতে, আমি অনেক রোমাঞ্চিত। সেই চট্টগ্রাম সানশাইন গ্রামার স্কুলে থাকতে অধিনায়কত্ব করেছিলাম, এরপর কোনো পর্যায়ের ক্রিকেটেই নেতৃত্ব দেওয়া হয়ে ওঠেনি। খুব ভালো লাগছে। অনেক বড় সম্মান। প্রথম টিম মিটিংয়ে কী বললেন সতীর্থদের?তামিম: অনেক লজ্জা লাগছিল...অনেক সিনিয়র আছেন, আমার ডেব্যুর সময় যাঁরা ছিলেন। তবে এই সবকিছুই তো শেখার ব্যাপার। অধিনায়কত্ব একটা বড় অভিজ্ঞতা। আগে শুধু নিজেকে নিয়ে ভাবতাম। এখন দলের সবার কথা ভাবতে হয়, মাঠে-মাঠের বাইরে। আমার ধারণা, অধিনায়কত্ব নিজের খেলাতেও ইতিবাচক প্রভাব ফেলে। যেমন দায়িত্ব ও মনঃসংযোগ বাড়ে। সেঞ্চুরিও কিন্তু করলেন অনেক দিন পর...২০১০ সালে ইংল্যান্ডে সেই টানা দুই সেঞ্চুরির পর আর সেঞ্চুরি নেই....তামিম: ইংল্যান্ডের পর টেস্ট খেললাম জিম্বাবুয়েতে, এক বছরের বিরতির পর সম্ভবত। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে ফিফটি ছিল একটা (৫২), ঢাকায় ৮০ (৮৩)। পাকিস্তান সিরিজটা ধরছি না, ওই সময় পারিপার্শ্বিকতা মিলিয়ে সম্ভবত ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় ছিল। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সেঞ্চুরি করা উচিত ছিল। ওয়ানডেতেও কিন্তু সেঞ্চুরি নেই ২০১০ সালের ফেব্রুয়ারির পর, টানা ৩৯ ইনিংস। ইংল্যান্ডের ওই দুই সেঞ্চুরির পর সবার প্রত্যাশা ছিল আপনি পরবর্তী ধাপটায় পৌঁছাবেন। সেটা তো হলো না এখনো...তামিম: দেখা যাক...সামনে সময় আছে। এই লিগ থেকেই আশা করি নতুন শুরু হবে। এ জন্যই আমি সারা দিন ব্যাটিং করতে চাইছিলাম। তাতে অনেকগুলো পর্যায়ের ভেতর দিয়ে যেতে হয়...কখনো হয়তো বোলিং খুব ভালো হয়, কখনো টাইমিং ভালো হয়, কখনো ব্যাটে-বলে হয় না ঠিকমতো। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলবেন ওয়েলিংটনের হয়ে। টি-টোয়েন্টিই বেশি খেলা হবে ওখানে, এর চেয়ে দেশে জাতীয় লিগ খেললে কি বেশি ভালো হতো?তামিম: টি-টোয়েন্টি হতে পারে, কিন্তু নিউজিল্যন্ডের কন্ডিশন আর সিমিং উইকেটে খেলাই বড় অভিজ্ঞতা। নিউজিল্যান্ডের সময়টুকু ব্যাটসম্যান হিসেবে আমাকে সমৃদ্ধ করবে বলেই বিশ্বাস আমার। ওয়েলিংটনের কোচ জেমি সিডন্স এটাও কি একটা কারণ ওখানে যাওয়ার?তামিম: বলতে পারেন, সবচেয়ে বড় কারণ। প্রস্তাবটা আসার পর টাকা বা অন্য কিছু নিয়ে ভাবিইনি। জেমি আমাকে খুব ভালো বোঝে, আমারও ওর প্রতি অনেক বিশ্বাস। আমি জানি, ওর সঙ্গে একটা মাসও কাটাতে পারলে আমার ব্যাটিংয়ে অনেক উন্নতি হবে।