তাঁর বিরুদ্ধে অভিযোগ, ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে জানেন না। জিম্বাবুয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে সে অভিযোগ কিছুটা হলেও খণ্ডাতে পেরেছেন। তবে নিজের আয়নায় নিজের ব্যাটিংটা দেখে স্ট্রাইক রেটের জন্য আফসোস হচ্ছে। মোহাম্মদ আশরাফুল এবার কাটিয়ে উঠতে চান সেই দুর্বলতা সব মিলিয়ে কেমন হলো জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজ?মোহাম্মদ আশরাফুল: যেহেতু ম্যাচগুলো আন্তর্জাতিক ছিল না, সিরিজ ভালোই হয়েছে বলব। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খারাপ হয়নি। তবে আরও ভালো হতে পারত। প্রথম ম্যাচে ভালো অবস্থায় থেকেও হেরে গেছি। বোনাস পয়েন্ট নিয়ে জেতা উচিত ছিল। কেন হলো না সেটা?আশরাফুল: আমাদের অনেকেই অনেক দিন পর ক্রিকেট খেলেছে। এশিয়া কাপের পর দুই মাসের মতো বিরতি ছিল। আর টি-টোয়েন্টি ক্রিকেট এখনো আমরা অতটা ভালো খেলি না। অভিজ্ঞতা নেই বলেই হয়তো এটা হয়েছে। আপনার জন্য কেমন হলো সফরটা?আশরাফুল: রান যা করেছি, ঠিকই আছে হয়তো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওপেনার হিসেবে টিম রুলস মেনে খেলতে পেরেছি। ওপেনিংয়ে ভালো জুটি চেয়েছিল দল। প্রথম ছয় ওভারের মধ্যে সর্বোচ্চ ১/২ উইকেট হারিয়ে ৪০ থেকে ৬০-এর মতো রান তুলতে বলা হয়েছিল। চার ম্যাচেই সেটা হয়েছে। কিন্তু আপনার ব্যাটিংটা বোধহয় ঠিক টি-টোয়েন্টিসুলভ ছিল না...আশরাফুল: এটা আমারও মনে হয়েছে। স্ট্রাইক রেট বাড়ানো দরকার ছিল। বিশ্বকাপের আগের ম্যাচগুলোতে এটাই লক্ষ্য থাকবে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আমার স্ট্রাইক রেট এখন ১৪০, কিন্তু গড় মাত্র ১৮। স্ট্রাইক রেট আরও ভালো করার পাশাপাশি এটাকে ২৫-৩০ করতে চাই। আয়ারল্যান্ড সিরিজের ম্যাচগুলো আন্তর্জাতিক। সেখানেই চেষ্টাটা করতে হবে। ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলছিলেন জিম্বাবুয়ে সফরের আগে। আবার কি যাওয়ার ইচ্ছা আছে?আশরাফুল: ব্ল্যাকহিথ ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে কালই (আজ) আবার ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল। টিকিটও কাটা ছিল। কিন্তু জাতীয় দলের অনুশীলন শুরু হচ্ছে বলে কোচ ছুটি দিলেন না। দেখি...আয়ারল্যান্ড সফরের পর যদি ক্লাবের অবস্থা ভালো থাকে, আমাকে আবারও ডাকতে পারে তারা। তখন হয়তো আয়ারল্যান্ড থেকেই চলে যাব ব্ল্যাকহিথে খেলতে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এবার অনেক ম্যাচ খেলছে বাংলাদেশ। এটা কীভাবে দেখছেন?আশরাফুল: এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা এত ম্যাচ খেলেছি। এত ভালো প্রস্তুতি নিয়ে কখনোই বিশ্বকাপে যাইনি। যারা সব সিরিজে খেলবে তারা ১০-১২টা ম্যাচ খেলার সুযোগ পাবে। বিশ্বকাপে এই অভিজ্ঞতা ইতিবাচক হবে আশা করি। নতুন কোচ রিচার্ড পাইবাসকে কেমন দেখছেন?আশরাফুল: পাইবাস ইংল্যান্ডের মানুষ হলেও দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকায় আছেন। দক্ষিণ আফ্রিকায় কাজ করা কোচদের থিওরি সব সময়ই আলাদা। এডি বারলোর ক্ষেত্রে তাই দেখেছি। পাইবাসের চিন্তাধারাও অনেক ব্যতিক্রম। আমার জন্য ভালোই হবে আশা করি। আপনার ব্যাটিং নিয়ে বিশেষ কিছু কি বলেছেন কোচ?আশরাফুল: উনি সবার সঙ্গেই আলাদা আলাদা কথা বলেন। আমার সঙ্গেও বলেছেন। আগে থেকেই জানেন আমার খেলা সম্পর্কে। কোচ হওয়ার পর আমার ব্যাটিংয়ের সব দিক বিশ্লেষণ করে দেখেছেন। আমাকে বললেন, শতকরা ৭০ ভাগ ক্ষেত্রেই আমি আউট হই মারতে গিয়ে...ক্যাচ তুলে। টি-টোয়েন্টির ব্যাটিং নিয়েও কথা বলেছেন। টি-টোয়েন্টিতে ওপেনার হিসেবে খেলছেন। অন্য ক্রিকেটেও কি ব্যাটিং অর্ডার পরিবর্তনের ইচ্ছা আছে?আশরাফুল: ঢাকা লিগে এমনকি জাতীয় লিগেও এবার ওপেনার হিসেবে খেলে রান পেয়েছি। আন্তর্জাতিক ক্রিকেটে এখনই সেটা ভাবছি না। তবে টি-টোয়েন্টিতে ওপেনই করব। আপাতত যেহেতু আমাদের সব ম্যাচই টি-টোয়েন্টি, ওটা নিয়েই চিন্তা করছি।