মাছরাঙা টিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক সন্তরণ। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন রুলিন রহমান। নাটকটিতে অভিনয় করছেন শশী। কথা হলো তাঁর সঙ্গে।‘সন্তরণ’ নাটকে আপনার চরিত্রটি একটু অন্য রকম মনে হচ্ছে।ঠিকই বলেছেন, চরিত্রটি পুরোপুরি নেতিবাচক। আমি তো অসংখ্য নাটকে কাজ করেছি, কিন্তু কখনো এ ধরনের চরিত্র পাইনি। নাটকে আমার চরিত্রের নাম বিলকিস বানু, ফুফুর বাসায় থাকে। বাসার সবাই তার ওপর বিরক্ত। বিলকিসের বাবা তাকে ফুফাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দিতে চায়। ব্যাপারটি বিলকিস টের পেয়ে যায়। বিলকিসকে এখন যতটা নেতিবাচকভাবে দেখানো হচ্ছে, আসলে সে এ রকম নয়। নাটকের শেষ দিকে সেটা দর্শক বুঝতে পারবেন।এখন আপনার কাজের ব্যস্ততা কেমন?আজ (গতকাল) কোনো শুটিং নেই। বাসায়ই আছি। পড়াশোনা করছি। আমি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে স্নাতক পড়ছি। নাটকের ব্যস্ততার কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। মাঝে অনেক দিন অসুস্থ ছিলাম। আজ বিশ্ববিদ্যালয়ে যাব। সামনে পরীক্ষা। সাধারণত শুটিং না থাকলে কী করেন?কয়েক বছর ধরে আমাদের বাসায় সপ্তাহে এক দিন ছবি দেখার একটা নিয়ম তৈরি হয়েছে। বাসার সবাই মিলে ছুটির দিনে কিংবা আমার শুটিং না থাকলে ছবি দেখি। দেশি-বিদেশি নানা ছবি দেখা হয়। কয়েক দিনের মধ্যে হলিউডের ২০১২ ছবিটি দেখেছি। হিন্দি ছবির মধ্যে সালমান ও কারিনার বডিগার্ড ভালো লেগেছে। আর বাংলা ছবির মধ্যে খিজির হায়াতের জাগো এবং আমার হাজার বছর ধরে দেখেছি। হাজার বছর ধরে ছবিতে আমি অভিনয় করেছি। ছবির ‘টুনি’ চরিত্রটি আমার অন্যতম সেরা কাজ।আপনি তো ‘শুয়াচান পাখি’ ছবির শুটিং করেছিলেন। সেটার খবর কী?ছবিটির শুটিং শুরু হয় ২০০৯ সালে। এরপর কয়েক দফা শুটিং স্থগিত রাখা হয়। বছর খানেক পর বুধবার থেকে আবারও শুয়াচান পাখি চলচ্চিত্রের শুটিং শুরু হচ্ছে। পুবাইলে কাজ হবে। শুনেছি, ফেব্রুয়ারির মধ্যে পুরো ছবির কাজ শেষ হবে।