‘টুর্নামেন্টটাই খারাপ কেটেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 গতবার কোয়ার্টার ফাইনালে ফরাশগঞ্জের কাছে হার। এবার স্বাধীনতা কাপে শেখ রাসেলের কাছে হেরে গ্রুপ পর্বেই বিদায় নিল আবাহনী। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে হতাশ আবাহনীর অধিনায়ক ওয়ালি ফয়সালের ময়নাতদন্তে বেরিয়ে এল অনেক কিছুই  বারবারই স্বাধীনতা কাপে ব্যর্থ হচ্ছে আবাহনী। কেন এভাবে হোঁচট খেতে হচ্ছে আপনাদের?ওয়ালি ফয়সাল: আগের কথা বলব না। তবে এবারের টুর্নামেন্টটা আবাহনীর পক্ষে গেল না। আমরা প্রথমার্ধে খুবই ভালো খেলেছি। তবে দ্বিতীয়ার্ধে ভালো খেলতে পারিনি।  এই হারটাকে কি দুর্ভাগ্যজনক বলবেন?ওয়ালি: না, এই হারকে আমি দুর্ভাগ্যজনক বলব না। সত্যি বলতে কি আমরা যেভাবে গোল খেলাম, সেটা ভেবে আমি নিজেও অবাক। এটা ঠিক যে আমাদের খেলোয়াড়রাও অনেক সুযোগ নষ্ট করেছে। আমরাও ভুল করেছি। কাজেই আমি এটাকে ‘ব্যাড লাক’ বলব না।  লাকি পল-শাখাওয়াত রনিরাও তো সেভাবে জ্বলে উঠতে পারেননি।ওয়ালি: ওরা আসলে নিজেদের সেরাটা আজ (কাল) খেলতে পারেনি।  কোচের পরিকল্পনা অনুসারে কি খেলতে পেরেছেন আপনারা?ওয়ালি: না। কোচের পরিকল্পনা অনুসারে আমরা একদমই খেলতে পারিনি। প্রথমার্ধে চেষ্টা করেছি। কিন্ত দ্বিতীয়ার্ধে মোটেই পারিনি। আমরা অ্যাটাকিং ফুটবল খেলতে চেয়েছিলাম। কাউন্টার অ্যাটাকেও গোল পাওয়া উচিত ছিল। কিন্তু আজকের ম্যাচে কেউই সেটা করতে পারেনি। আমি বলব, আজ (কাল) একটা বাজে দিন গেছে আমাদের। মোটের ওপর টুর্নামেন্টটাই আমাদের খারাপ কেটেছে। এই হার কি লিগে প্রভাব ফেলতে পারে?ওয়ালি: মোটেও প্রভাব ফেলবে না। এটা এখন আমাদের কাছে অতীত। আমরা এখন আবারও লিগের জন্য প্রস্তুত হচ্ছি। আমার মনে হয়, লিগে আমরা চ্যাম্পিয়ন হতে পারব। আবাহনীর মূল সমস্যা কোথায় ছিল?ওয়ালি: আসলে আমাদের বেশির ভাগ খেলোয়াড় চোটে। দলটা দাঁড় করাতেই হাঁসফাঁস করতে হয়েছে কোচকে। ম্যাচের আগেও অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলেন কোচ। আমি আশা করি, খুব তাড়াতাড়ি চোটে থাকা খেলোয়াড়েরা সেরে উঠবে। এবং আমরা সবাই আবারও ভালো খেলব। আগামী মে মাসে তো প্রেসিডেন্টস কাপে খেলবে আবাহনী। এটা নিয়ে কি আলাদা কিছু ভাবছেন?ওয়ালি: অবশ্যই ভাবছি। এই ভুল থেকে আমাদের যথেষ্ট শিক্ষা হয়েছে। আশা করি, আমরা এই ভুল আর করব না। আমার মনে হয়, কোচের পরিকল্পনা অনুযায়ী যদি পরের ম্যাচগুলো খেলি, তাহলে আর কোনো সমস্যা হবে না।  শেখ রাসেল এবার ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন। লিগেও শিরোপা দৌড়ে রয়েছে। তো এই ম্যাচে খেলার আগে কি চাপে ছিলেন আপনারা?ওয়ালি: এটাকে আর আট-দশটা ম্যাচের মতোই দেখেছি। এসব সমীকরণ মিলিয়ে ওদের কখনোই এগিয়ে রাখতে চাই না। ওদের সব খেলোয়াড়ই আমাদের সমান। তবে অবশ্যই শেখ রাসেল ভালো দল বলব। মারুফ ভাইয়ের অধীনে খুবই ভালো করছে।  এই টুর্নামেন্টে আপনারা ছিটকে গেলেন। এখন কাদের ফেবারিট বলবেন?ওয়ালি: আমার মনে হয়, শেখ রাসেলই এই টুর্নামেন্টে ভালো করবে।  সমর্থকেরা তো হতাশ হয়েই ফিরল...ওয়ালি: সমর্থকদের হতাশ হওয়ার কিছু নেই। এখনো আমাদের হাতে বাংলাদেশ লিগ আছে। আমরা আপনাদের বাংলাদেশ লিগ উপহার দেব ইনশা আল্লাহ। আর সবাইকে মাঠে আসতে অনুরোধ করব। আমরা সব সময় ভালো খেলতে চাই। এ জন্য আমাদের উত্সাহিত করেন। আমরা আপনাদের লিগ উপহার দিতে চাই। এবং প্রেসিডেন্টস কাপেও ভালো খেলতে চাই।